দক্ষিণ কোরিয়ায় ‘সিউল বাংলা চলচ্চিত্র উৎসব’
দক্ষিণ কোরিয়ার সিউলে তিন দিনব্যাপী তৃতীয় সিউল বাংলা চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দেশটিতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় আরিরাং সিনে কমপ্লেক্সে শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসব চলে শনিবার পর্যন্ত।
উৎসবের উদ্বোধন করেন কোরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান ও ন্যাশনাল অ্যাসেম্বলি অব কোরিয়ার সদস্য (সাংসদ) কিম কি সুন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আবিদা ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন দেশটিতে নিযুক্ত শ্রীলঙ্কা, নাইজেরিয়া ও জাম্বিয়ার রাষ্ট্রদূতসহ রাশিয়া, ইতালি, রুয়ান্ডা দূতাবাসের কূটনৈতিক ও উৎসব সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
তিন দিনের এ উৎসবে বাংলাদেশের মোট চারটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয় তৌফিক আহমেদ পরিচালিত ও অষ্টম সার্ক অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছবি ‘হালদা’। এ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা ও মোশাররফ করিম।
দ্বিতীয় দিন প্রদর্শন করা হয় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এবং ইরফান খান, তিশা ও পর্নো মিত্র অভিনীত ছবি ‘ডুব’।
সমাপনী দিনে প্রদর্শিত হয় আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ ও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’। খাঁচা ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও আজাদ আবুল কালাম। স্বপ্নজাল ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, পরী মনি ও ইয়াশ রোহান।
প্রদর্শনীতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি কোরীয় ও অন্যান্য ভাষাভাষী দর্শকদের উপস্থিতি লক্ষ করা যায়। দর্শকদের কথা মাথায় রেখে চারটি ছবিতেই ইংরেজি ও কোরীয় সাব-টাইটেল সংযুক্ত করা হয়।
এ আয়োজনে সহযোগিতা করে এম অ্যান্ড এম ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন ইন কোরিয়া (বিসিএকে), কোরিয়া ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, হানা মাল্টি কালচারাল সেন্টার ও কালচারাল অ্যাসোসিয়েশন অব কোরিয়া।
প্রদর্শনী চলাকালে হলের বাইরে বাংলাদেশি ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
