ইতালির পাহাড়ে নিখোঁজ বাংলাদেশির কিশোরীর খোঁজ মেলেনি
ইতালিতে শিক্ষা সফরে যাওয়া এক বাংলাদেশি বংশোদ্ভুত কিশোরী পাহাড়ে হারিয়ে যাওয়ার পর ছয়দিনেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
বাংলাদেশি ওই কিশোরীর নাম গাজী জান্নাতুল ইউসরা। ১১ বছর বয়সী ইউসরা ইতালির ব্রেসিয়ায় ‘বৃহত্তর ঢাকা সমিতি’র সভাপতি গাজী লিটনের বড় মেয়ে।
তার বাবা গাজী লিটন জানান, গেল সপ্তাহের বৃহস্পতিবার স্কুল থেকে অটিস্টিক কিশোরী জান্নাতুলকে ইউসরাকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়েছিল ব্রেসিয়ার পাহাড়ি এলাকা ‘ডি কারিয়া দেগে’।
সেখানে পাহাড়ে বাকি শিক্ষার্থীদের সাথে ঘুরতে ঘুরতেই সকাল ১১ টার দিকে শিক্ষিকার হাত ছেড়ে দৌড়ে পাহাড়ের আঁকাবাঁকা পথে হারিয়ে যায় ইউসরা। তারপর থেকেই তার খোঁজে নামে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সোমবার পর্যন্ত তাঁকে খুঁজে পায়নি উদ্ধারকারী দল।
ইতালির পুলিশ, কারাবিনিয়ারী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পাহাড়ের গুহায় কাজ করা টেকনিশিয়ানসহ ৩০০ উদ্ধারকর্মী তাকে পাহাড়ের আঁকাবাঁকা পথ, জঙ্গল এবং গুহায় খুজে বেড়াচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি পত্রিকা।
উদ্ধার অভিযান আরো ২ দিনের জন্য বাড়ানো হয়েছে।
ইউসরার ছোট এক বোন এবং আরও দুই ভাই রয়েছে। ঢাকার কেরানীগঞ্জে তাদের বাড়ি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
