২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ার বসন্ত ও ফুল উৎসব

কয়েকদিন আগে দুই কোরিয়ার ঐতিহাসিক সম্মেলনের জন্য এখানকার বসন্ত সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। কি যে এক উৎসব ছিল সেদিন, চোখেমুখে আনন্দ ফুটে উঠছিল এ দেশের মানুষগুলোর। সীমান্তের কাঁটাতারের কাছে হৃদয়ের আকুতি চুপসে থাকলেও তা আসলে হারিয়ে যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইবিন লিমা, দক্ষিণ কোরিয়ার সিউল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2018, 02:20 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

এ গল্প আরেকদিন বলবো, আজ বলবো এ দেশের বসন্তের কথা। আমার কাছে মুগ্ধতার মতো এ বসন্ত। এতো এতো ফুলের মিছিল চারপাশে বিষণ্ণ মনকে চাঙ্গা করে দিয়ে যায়। এখানে বসন্তের মূল আকর্ষণ চেরি ফুল। ‘চেরি ব্লসম’ এখানে রীতিমত উৎসব। পাতা ছাড়া গাছে ঝাঁকে ঝাঁকে ফুটে থাকা সাদা গোলাপি আভার ফুলগুলো মুগ্ধ হওয়ার মতো।

এখানে চেরি ব্লসমের সময় মার্চের মাঝামাঝি থেকে মে এর শুরুর দিক পর্যন্ত। খুবই অল্প সময়ের জন্য থাকে এ ফুল, আর এর মাঝে বৃষ্টি হলে আরও দ্রুত শেষ হয়ে যায়।

পূর্ব এশিয়ার ঐতিহ্য এ চেরি ব্লসম। খুব সম্ভবত কোরিয়া, জাপান আর চীন ছাড়া খুব একটা দেখা যায় না এ ফুলের সৌন্দর্য। আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম ‘গ্যাঙনিউগ’ নামক সিউলের অদূরে অবস্থিত এক শহরে চেরি ফুলের সৌন্দর্য দেখতে। ওই শহরেই হয়ে থাকে ‘গ্যাওংপো চেরি ব্লোজম ফেস্টিভাল’ যা এপ্রিলের ৬-৭ তারিখ থেকে শুরু হয়ে ১৫-১৬ তারিখ পর্যন্ত চলে।

মজার ব্যাপার হচ্ছে এ দেশের সব অঞ্চলে চেরি একসঙ্গে ফুটে না, ৫-৬ দিন আগে পরে হয়। তাই ফুল দেখতে যাওয়ার ইচ্ছে থাকলে আগেই খোঁজ নিয়ে যাওয়া উচিত। আমরা যে অঞ্চলে গিয়েছিলাম সেটা কোরিয়ার সেরা দশ চেরি ব্লসম ফেস্টিভালের একটা। রাস্তার দুইধারে অপার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি চেরি গাছ। একপাশে হ্রদ, পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাপ পরিবেশ, ভালো না লেগে উপায় নেই।

শুধু চেরি না এখানের বসন্ত নানা রঙ নিয়ে হাজির হয়, ফুলের এ বৈচিত্র্যময় রঙ আগে দেখা হয়নি আমার। খুব ভোরে ঘুম থেকে উঠেই জানালা দিয়ে দেখতে পাওয়া যায় শুভ্র ম্যাগনোলিয়া। আমার সৌভাগ্য আমার ক্যাম্পাসেই এতো এতো ফুল ছড়িয়ে থাকে, রোজ হাঁটতে বের হয়ে আমি রীতিমতো হিমশিম খেয়ে যাই কোন ফুলটার ছবি তুলবো ক্যামেরায়? গোল্ডেন বেল ট্রি, আজালিয়া, টিউলিপস, কতো শত রকমের গোলাপ আর নাম না জানা শত শত ফুল। রাস্তার ধারে ফুটে থাকা ছোট্ট হলদে ফুলটাও আপনাকে মুগ্ধ করবে।

কোরিয়ার বসন্ত শুরু মার্চে থাকে মে পর্যন্ত, যদিও আমাদের দেশ হলে আমরা এ বসন্তকে হয়তো শীতই বলে চালিয়ে দিতাম। ভালোই ঠাণ্ডা থাকে ওই সময়টাতে। আর মাঝে মাঝে তুষারও পড়ে। তাই যারা তীব্র শীতে অসুস্থ হয়ে পড়তে পারেন তাদের জন্য বসন্ত কোরিয়াতে ঘুরে বেড়ানোর আদর্শ সময়। মজার ব্যাপার হচ্ছে এখানে চারটা ঋতুর প্রভাব খুবই স্পষ্ট, এখন কোন ঋতু সেটা আপনি নিজেই বলে দিতে পারেন কোনো তথ্য ছাড়া।

কোরিয়ানরা তাদের এ বৈচিত্র্যময় ফুল, প্রকৃতি নিয়ে খুবি গর্বিত, অবশ্য গর্বের মতই বিষয়। এখানে রাস্তার ধারে ফুটে থাকা ফুল কেউ ছেঁড়ে না। ফুল নিজের মতো ঝরে পড়ে। আমি কাউকে দেখিনি গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিতে। গাছের নিচ থেকে কুড়িয়ে নিতে দেখেছি। এখানে প্রকৃতিকে ভালবাসা আর পরিচ্ছন্নতা প্রাইমারি স্কুলে শেখানো হয়। শিশুরা গাছ, ফুল, পশু, পাখি এসবকে ভালোবাসতে বাসতে বড় হয়।

কোরিয়ানদের নিয়ে কিছু মিথ চালু আছে, কিন্তু তা নিছকই মিথ। তারা সভ্য জাতি। মানুষ বলে পরিচয় দিতে হলে যে মানবিক হতে হয় আচরণে এবং চলাফেরায় তারা তা মেনে চলে। দেশকে ভালোবাসা মানে শুধু জাতীয় পতাকা হাতে স্টেডিয়ামে গিয়ে নোংরা করে চলে আসা নয়। দেশকে ভালোবাসা মানে দেশের প্রতিটি সম্পদের প্রতি যত্নশীল হওয়া।

কোরিয়ার বসন্ত আমাকে ছুঁয়ে গেছে, সেই সঙ্গে শিখিয়ে দিয়ে গেছে প্রকৃতিকে ভালোবাসলে বা অবহেলা করলে প্রকৃতিও শতগুণে তা ফিরিয়ে দেয়। প্রকৃতি কোনো ঋণ রাখে না।

লেখক: সরকারি কর্মকর্তা, বর্তমানে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনারত

এই লেখকের আরও লেখা

কোরিয়ার চিঠি: শুভ্রতায় মুগ্ধতা

দুই কোরিয়ার কাহিনী

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!