২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোরিয়ার কাহিনী

আমি স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে সিউলে আসি গত অগাস্টে। বসন্ত শেষে তখন হেমন্তের রঙ ধরেছে, এখানে অটমন নামে পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইবিন লিমা, দক্ষিণ কোরিয়ার সিউল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 06:18 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

তবে দেশ ছেড়ে পরিবার পরিজন ছেড়ে আসার কষ্টে তখন সেই নানা রঙের পাতার সমারোহ আমার মন রঙ্গিন করতে পারেনি।

দেশ থেকে আসলে যা হয়। বাংলায় একটু কথা বলতে পারা, বাঙালি রান্না এসবের জন্য মন উতলা থাকে। সৌভাগ্যক্রমে একই বিশ্ববিদ্যালয়ে একজন দেশি পেয়ে গেছি। আর আমরা বাঙালিরা মিলেমিশে থাকতেই তো ভালোবাসি।

সিউলে প্রথম যে সমস্যায় পড়তে হয় সেটা ভাষা। এখানকার আমজনতা ইংরেজি জানে না বললেই চলে। তবে শারীরিক ভাষা দিয়ে আর গুগল ট্রান্সলেটর দিয়ে এখন এসব সমস্যা ভালই মোকাবেলা করা যায়। তবে এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। তা হলো বয়সে বড় কাউকে সম্মান দিতে হবে। তাই কোন কোরিয়ানের সঙ্গে দেখা হলে শুরুতে তিনি যদি বয়স জানতে চান তাহলে আমার মতো হাঁ করে তাকিয়ে থাকবেন না যেন!

এ বয়স জানা তার জন্য প্রয়োজনীয়, কারণ আপনার প্রতি তার ব্যবহার কেমন হবে সেটা তিনি বয়স জেনেই ঠিক করবেন। শুরুতে আমার এক কোরিয়ান মেয়ের সঙ্গে ডর্মেটরির রুম শেয়ার করতে হয়েছিল। সে যখন জানলো আমি তার বয়সে বড় এরপর সে রুমে আসতো বেড়ালের মতো। কোন শব্দ ছাড়া তার মতো ঘুমিয়ে পড়তো। বেচারি পারলে রুমের বাইরে ঘুমায় আর আমি নিজেকে উড়ে এসে জুড়ে বসা আপদ হিসেবে ভাবতে থাকি।

সিউলে ইথোয়ান নামক এক জায়গা আছে যা মূলত ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি আর কিছু মুসলিম রাষ্ট্রের লোকজনের আড্ডা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত। এখানে সহজেই দেশি স্বাদের খাবার পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি।

আমরা ভারতীয় উপমহাদেশের মানুষরা দেশ পাল্টে উন্নত দেশে আসলেও সবকিছুতে বেশি মুনাফা করার চিন্তা থেকে বের হতে পারি না। আর কোরিয়ানরা এর উল্টো, এরা ন্যায্য মূল্যের চেয়ে এক ওন (কোরিয়ান মুদ্রা) বেশিও আপনাকে ফেরত দেবে।

আর কোনভাবে যদি আপনি তাকে বুঝাতে পারেন আপনার সমস্যা সে আপনাকে আন্তরিকভাবে সাহায্য করবে। তবে এক্ষেত্রে বয়স্ক কোরিয়ানদের চেয়ে তরুণরা বেশি প্রাণবন্ত। দেশ আর দেশের মানুষের প্রতি আন্তরিক ব্যবহার এদের সঙ্গে থেকেও আমরা ঠিক শিখে উঠতে পারছি না বোধ করি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫০ এর দিকে দুই কোরিয়ার যুদ্ধ শুরু হয়। এতে যুক্তরাষ্ট্র ছিল দক্ষিণ কোরিয়ার পক্ষে, আর রাশিয়া ছিল উত্তরের পক্ষে। এক ভয়াবহ যুদ্ধের পর ১৯৫৩ সালে দুই কোরিয়া ভাগ হয়।

বলতে গেলে দক্ষিণ কোরিয়া প্রায় ধুলায় মিশে গিয়েছিল। সেখান থেকে সেই দক্ষিণ কোরিয়া ২০১৭ সালে বিশ্বের ১১তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। এদেশের মানুষের গড় আয় ঊনত্রিশ হাজার সাতশ ত্রিশ ডলার।

কোরিয়ার ইতিহাস জানার পর আমি তাদের এ যুগান্তকারী পরিবর্তনের কারণ বিশ্লেষণে বসি। তাদের সাবেক এক মন্ত্রীর ক্লাস থেকে জানতে পারি, যুদ্ধের পর প্রথম নয় বছর কোরিয়া তাদের দেশ গঠনে বাইরের যত সাহায্য সহযোগিতা পেয়েছে তার প্রায় পুরোটা খরচ করেছে শিক্ষা খাতে। নিজেদের ছাত্র-ছাত্রীদের দেশের বাইরে পাঠিয়েছে সরকারি খরচে। দেশের ভেতর গড়ে তুলেছে স্কুল, কলেজ আর ‌বিশ্ববিদ্যালয়। 

এরপর শুরু করেছে দেশ গঠনের কাজ। মূলত এরপরই শুরু হয় দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক বিপ্লব। হুন্দাই, স্যামসাং, এলজির মতো প্রতিষ্ঠানগুলোর মালিকানা কোরিয়ানদেরই। অসম্ভব পরিশ্রমী একটা জাতি এরা, তার উপর আছে প্রগাঢ় দেশপ্রেম আর সততা।

যে কারণে কোন রকম প্রাকৃতিক সম্পদ না থাকার পরও এরা আজ উন্নত। এমনকি এদের বনভূমিগুলোও মানুষসৃষ্ট। রাজধানী সিউলে পাওয়া যাবে ছোট বড় অসংখ্য বন, পাহাড়।

আমি অবাক হয়ে এদের যাতায়াত ব্যবস্থা, সুশৃঙ্খল জীবনযাপন, আনন্দ আয়োজন, পুলিশের বন্ধুত্বপরায়ন আচরণ, ক্ষমতাধর ব্যক্তিদের সাধারণ মানুষের জীবনযাপন, ক্ষমতার কোন অপব্যবহারের চেষ্টাহীন সাদামাটা জীবন সব দেখি আর হতাশ হই।

সভ্য জাতি হিসেবে গড়ে উঠার সবচেয়ে বড় হাতিয়ার হলো সভ্য মানসিকতা ও আচরণ। আমরা কবে সভ্য হবো?

লেখক: সরকারি কর্মকর্তা, বর্তমানে সিউলে প্রবাসী শিক্ষার্থী

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!