২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ার চিঠি: শুভ্রতায় মুগ্ধতা

দক্ষিণ এশিয়ায় বসবাস করার কারণে তুষার ব্যাপারটা ছোটবেলা থেকেই ফ্যান্টাসি ছিল। কেমন হবে, তুষারপাতের দিনটি কতো আনন্দের হবে- এসব ভাবনায় আসতো বই পড়ে, সিনেমা দেখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইবিন লিমা, দক্ষিণ কোরিয়ার সিউল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 10:52 AM

Updated : 11 Oct 2022, 12:04 PM

দক্ষিণ কোরিয়াতে আসার পর অনেকের কাছে গল্প শুনেছি শীতের তীব্রতা আর তুষার নিয়ে। আমরা যারা নাতিশীতোষ্ণ দেশের, তাদের কাছে এ তীব্র শীত একটা ধাক্কার মতো, টিকে থাকতে রীতিমতো যুদ্ধ করা লাগে।

দক্ষিণ কোরিয়া বিশ্বের তৃতীয় উন্নত প্রযুক্তির দেশ, এদের প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে। এরা তাই খুবই মিতব্যয়ী। প্রয়োজনের বেশি এক ফোঁটা পানিও এরা খরচ করে না। সবচেয়ে মজার ব্যাপার, এদের পানির বিলটিতে এত বেশি ডিটেইল থাকে যে মাসের কোনদিন কোন ওয়াশরুমে কতটুকু পানি গোসলের জন্য ব্যয় হয়েছে, সেটাও জানা যায়।

এখানে প্রত্যেক নাগরিক সরকারি ডাটাবেসের আওতায় থাকেন। সমস্ত তথ্য থাকে সরকারি ডাটাবেসে, এমনকি আপনি কখন কোথায় বসেছিলেন সেটাও বলে দেওয়া সম্ভব যদি আপনার হাতে একটা কোরিয়ান সিমযুক্ত মোবাইল থাকে।

একবার ক্লাসে সিউল মেট্রোপলিটনের একজন কর্মকর্তা গল্প করছিলেন। এক বাসায় একজন বৃদ্ধা থাকতেন। একবার পরপর তিনদিন তার বাসায় কোনো পানি খরচ হয়নি বলে তার কমিউনিটিতে জানানো হয়। তারা জানান, বৃদ্ধা বাসার বাইরে থাকবেন এরকম কোনো নোটিশ দিয়ে যাননি। তৃতীয় দিনেই তার বাসায় হাজির হয় পুলিশ, মারাত্মক অসুস্থ অবস্থায় সেই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এদেশে পুলিশ বিশ্বস্ত বন্ধুর চেয়েও বেশি কিছু, পুলিশের অনেক বড়সড় কর্মকর্তা অবলীলায় গণপরিবহনে যাতায়াত করেন এবং বিনা দ্বিধায় আপনার জন্য আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবেন। শিশু কোলে নিয়ে কোনো মায়ের যদি সমস্যা হয়, সেই কর্মকর্তা বিনা সংকোচে শিশুটিকে আগ বাড়িয়ে কোলে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকবেন।

আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম সেই দৃশ্য দেখে, কেনো যেন এক হাহাকার বুকের ভেতর মোচড় দিয়ে উঠে চোখ ভিজে গেল। হতাশা, আমাদের দেশে অনেকেই অভিযোগ করেন পুলিশের খপ্পরে পড়লে আর রক্ষা নেই!

বলছিলাম সিউলের শীতের কথা, সাদা শুভ্রতায় যখন ঢাকা পড়ে শহর সে এক অপার্থিব সৌন্দর্য। হান নদী, বন, পাহাড় সাদার মুগ্ধতা ছড়িয়ে মনকে প্রশান্ত করে দেয়। মাইনাস ১৩-১৪ তাপমাত্রার তীব্র শীতের কষ্ট আপনার কাছে সহজ হয়ে যাবে যখন লেকের পানিতে শুভ্র তুষারের আস্তরণের উপর রোদের খেলা দেখবেন। নিজের দেশ, আত্মীয় ও আত্মার বন্ধন ছেড়ে দূর পরবাসে প্রকৃতিকে আপন করে নিতে পারলে কষ্ট কিছুটা কমে, এ সাদা চাদরও আপনার জন্য সেরকম একটা সুযোগ।

কোরিয়াতে এবছর প্রথম তুষার পড়ে নভেম্বরের ২০ তারিখের দিকে। কোরিয়ানদের মতে এটা আগাম শীত। মূলত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তুষার পড়তে শুরু করে। এ বছর বিশ্বের অন্যান্য দেশের মতো সিউলেও শীতের তীব্রতা বেশি। জলবায়ু পরিবর্তনকে না মেনে আর উপায় নেই।

এখানে শীতের মূল সমস্যা জলীয় বাষ্প খুব কম থাকে, খুব শুষ্ক। তাই আমাদের মতো দেশের মানুষদের নানারকম সমস্যা দেখা দেয়। তবে শরীরকে একটু সময় দিলে আস্তে আস্তে সেও মানিয়ে নেবে। আর রাস্তাঘাটে জমা তুষার নিয়ে চিন্তা নেই, আপনি বুঝে উঠার আগেই তা সাফ হয়ে যাবে।

তবে নিজের বাসার চারপাশ পরিষ্কার করা আপনার দায়িত্ব। কোরিয়ানরা পরিশ্রমী জাতি, তাদের কর্মনিষ্ঠা আপনাকে অবাক করে দেবে। এত সুশৃঙ্খল জীবনে তাদের আনন্দ-উৎসবের কমতি নেই, জাতীয়ভাবে আয়োজিত হয় সব উৎসব। আনন্দকে আমরা বাড়ির ভেতর আটকে রাখার আইন করি, আর তারা মুক্ত করার স্বপ্ন দেখায়। 

কোরিয়ানরা ৯টা থেকে ৬টা, এই কর্মঘণ্টার পর অফিসিয়াল কোনো ইমেইলের জবাবও দেবে না। ছুটি মানে ছুটি, সেখানে কোন কর্তাবাবুর ফোন নেই, অযাচিত ফরমায়েশ নেই। কর্মঘণ্টার বাইরে পুরো সময়টাই আপনার।

আমাদের উচ্চপদস্থ অনেকেই এসব দেশে আসেন নানা রকমের প্রশিক্ষণ কর্মশালায়, ফিরে গিয়ে যেই লাউ সেই কদু। আমরা ছিছি করা জাতি, নিজেদের অব্যবস্থাপনা নিয়ে নিজেরাই তিরস্কার করি। প্রত্যেকের কাছেই কিছু না কিছু শেখার আছে, কোরিয়ানদের কাছে আমি এগুলো শিখেছি। প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি, শুধু তুষার না এখানকার জীবনযাপনই এক মুগ্ধতা।

লেখক: সরকারি কর্মকর্তা, বর্তমানে সিউলে প্রবাসী শিক্ষার্থী

এই লেখকের আরও লেখা

দুই কোরিয়ার কাহিনী

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!