ওয়াশিংটনে বাংলা বইমেলা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.তে ‘বিশ্বজুড়ে বাংলা বই’ স্লোগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ডিসি বই মেলা ২০১৮’।
স্থানীয় সময় শনিবার সকালে ওয়াশিটন ডি.সি.র ভার্জিনিয়ার নোভা এনানডেল ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন ‘আমরা বাঙালি ফাউন্ডেশন’।
স্থানীয় প্রতিষ্ঠান ‘বর্ণমালা শিক্ষাঙ্গণ’ এর মঙ্গল শোভাযাত্রায় শুরু হওয়া এ মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
তিনি ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন এবং ‘জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির’ সভাপতি ও সময় প্রকাশনীর মালিক ফরিদ আহমেদ এবং নির্বাহী পরিচালক ও অনন্যা প্রকাশনীর মালিক মো. মনিরুল হককে সঙ্গে নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।
মেলা উপলক্ষে আলোচনা সভায় শামসুজ্জামান খানকে মানপত্র তুলে দেবার পাশাপাশি উত্তরীয় পড়িয়ে দেন সংগঠনটির সভাপতি জীবক বড়ুয়া।
বইমেলার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান ‘আমরা বাঙালি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর। সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বাণী পড়েন ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান আরশাদ আলী বিজয়।
বইমেলায় সারাদিনের আয়োজনে সকাল থেকে স্থানীয় কমিউনিটি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, কানাডা, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশ থেকে কবি, সাহিত্যিক ছড়াকার, শিল্পী, বাচিকশিল্পী ও নৃত্যশিল্পীরা অংশ নেন।
মেলার মূলমঞ্চে শিশু-কিশোরদের অনুষ্ঠানসহ ছিলো কবি-সাহিত্যিকদের পরিচিতি, নাচ, গান ও গল্প। মেলায় প্রকাশনীগুলোর মধ্যে অংশ নেয় প্রিয়মুখ প্রকাশনী, সূচীপত্র, আদর্শ, ভূত প্রকাশন, শব্দভূমি, ইতি প্রকাশন, জয়িতা ও পুঁথিনিলয়ের স্টল।
মেলায় ‘আমরা বাঙালি ফাউন্ডেশনের’ পরিচালক ফজলুর চৌধুরীর পরিচালনায় মোঘল আমল থেকে সমসাময়িক সময়ের কাগজের নোট ও মুদ্রা নিয়ে প্রদর্শনী করা হয়। প্রকাশ করা হয় ‘দীপালিকা’ নামের একটি স্মরণিকা।
অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন- আনোয়ার ইকবাল কচি, সামিনা আমীন ও আতিয়া মাহজাবীন নিতু। উপস্থাপনা করেন আতিয়া মাহজাবিন নিতু ও সামিনা আমীন। গান পরিবেশন করেন দিনার মনি, ডরথী বোস, সাইয়েদা সুলতানা রুনা ও নাহিদ নাজিয়া।
মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো ইসরাত সুলতানা মিতার পরিচালনায় ছোটদের অনুষ্ঠান ‘ছানাপোনার গল্প’, অদিতি সাদিয়া রহমানের পরিচালনায় ‘সুকুমার রায়ের হযবরল’ ও শিমুল মৌয়ের পরিচালনায় বাংলা স্কুলের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মেলায় সাহিত্যে অবদানের জন্য দুজনকে পুরস্কার দেওয়া হয় এবং আগামী বছর ২৯ জুন ‘ডিসি বই মেলা ২০১৯’ এর তারিখ ঘোষণা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
