প্রবাস জীবনে ঈদের অনুভূতি
যখন দেশে ছিলাম, তখন বুঝতাম না প্রবাসে ঈদের অনুভূতি কেমন। এখন বুঝতে পারি।
দেশ থেকে এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ঈদ কেমন কাটালাম? তেমনি আমিও যখন দেশে ছিলাম, প্রবাসী আত্মীয়-স্বজনদের জিজ্ঞেস করতাম, ঈদ কেমন কাটল? তখন একেকজনের একেকরকম অনুভূতির কথা জানতাম।
তবে প্রবাস হলেও একেক দেশে একেক রকমের অনুভূতি হয়। যেমন যারা মধ্যপ্রাচ্যে থাকে, তাদের কাছে ঈদের অনুভূতি এক রকম। আবার যারা ইউরোপ-আমেরিকায় থাকে, তাদের অনুভূতি আরেক রকম। তবে সব মিলিয়ে, অনুভূতিগুলোতে থাকে একরাশ হতাশা আর গ্লানি। কেউ সহজে নিজের কষ্টের কথা প্রকাশ করে দেয়, আবার কেউ নিজের কষ্টটাকে আড়ালে রেখে দেয়।
আমি আমার কথা বলি। যখন সাইপ্রাস এলাম, তার চার মাস পরেই ঈদ। তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিলো। কোথায় আমার ঈদের কেনাকাটা, কোথায় আমার ঈদে বেড়াতে যাওয়া। ইউরোপের বেশিরভাগ দেশেই মুসলমানদের ধর্মীয় কোনো উপলক্ষে সরকারিভাবে বন্ধ নেই। সাইপ্রাসেও ঠিক তাই।
প্রথমবার ঈদের দিন ছিলো শুক্রবার। কাজের চাপ প্রচুর। কোনরকম নামাজটা পড়ে কাজে যোগ দিলাম। কিন্তু কাজে কিছুতেই মন বসছে না। বার বার দেশের কথা মনে পড়ছিল। মানুষের কতো আপ্যায়ন, কতো ভালোবাসা- সবকিছুই খুব মিস করছিলাম। তবুও কি করার, বাস্তবতাকে মেনে নিতে হবে।
নিজের কষ্ট আর হতাশার কথা কাউকে বুঝতে দিইনি। বুকের ভেতর যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। সেইবার কোনোমতে নিজেকে মানিয়ে নিলাম। ঠিক একইভাবে পরের বছর আবারও নিজের কষ্টটা অনুভূত হওয়া শুরু হলো। কাউকে কিছু বলার বা দেখানোর ছিল না। কারণ, প্রবাস মানেই টাকা। আর টাকার জন্য সব সুখ-আনন্দ বিসর্জন দেওয়ার নামই প্রবাস। তাই সেইবারও নিজেকে মানিয়ে নিলাম।
এইভাবে পরের বছর যখন আবারও ঈদ এলো, এইবার আর কোনোকিছুই অনুভূত হলো না। ভুলে গেলাম দেশে কাটানো সেই আনন্দময় মুহূর্তগুলো। আর কতো! আড়াই বছর পরেও কি আর এতকিছু অনুভব হয়। কিন্তু আমি ভুলে গেলেও বাড়ির অনেকেই ভুলতে পারেনি সেই আনন্দের দিনগুলো। এমনকি আমার অনুভূতিটা কেমন, সেটাও তারা বুঝতে পারেনি।
ঈদের আগে যখনই বাড়িতে কথা বলি, মা জিজ্ঞেস করে ঈদের জন্য কী কিনলাম? বড় বোন জিজ্ঞেস করে, ঈদের জামাকাপড় কিনলাম কিনা। বুঝতে পারি, আসলে তারা আমাদের অনুভূতিটা মোটেও বুঝতে পারেনি। তাদেরকেও নিরাশ করি না, কিছু একটা কিনেছি বাকিনব বলি। না কেনার কথা বললে হয়তো তারা কষ্ট পাবে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, আজ পর্যন্ত কোনো ঈদে একটা টি-শার্ট পর্যন্ত কিনলাম না।
এইভাবে আজ প্রবাস জীবনের সাড়ে তিন বছরপেরিয়ে আবারও ঈদ চলে আসল। প্রতিবারের মতো এইবারও তাদের একই প্রশ্ন, কী কিনলাম ঈদের জন্য? তাদেরকে কী উত্তর দেওয়া যায়! ‘ঈদ’ নামক শব্দটিই এখন কোনো এক ভিনগ্রহের শব্দ মনে হয়। শুনলে হাসি পায়। কিন্তু হাসির ভেতর লুকিয়ে থাকে একরাশ দুঃখ।
এবারও ঈদের দিন কোনো বন্ধ নাই। কারণ রোববার ছাড়া বন্ধ পাওয়ার সুযোগ নেই। কোনোমতে এবারও নামাজটা শেষ করে সেই আগের নিয়মে কাজে যোগ দিতে হবে। এটাই আমার প্রবাস জীবনে ঈদের অনুভূতি।
লেখক: প্রবাসী বাংলাদেশি
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
