২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবির ‘রামাদান ফেস্টিভ্যালে’ বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘রামাদান ফেস্টিভ্যালে’ অংশ নিয়েছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 06:21 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

আবুধাবির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মলের আর্ট হাব গ্যালারিতে রমজান উপলক্ষে সারামাস জুড়ে চলছে এ ‘হলি মান্থ এক্সিবিশান’।

বহুজাতিক শিল্পীদের অংশগ্রহণে ইসলামি আচার, ঐতিহ্য ও সংস্কৃতির এ প্রদর্শনীকে ঘিরে এখানে লেগে আছে দেশি-বিদেশি দর্শনার্থী ও শিল্পানুরাগীদের ভিড়।

২০১২ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত ‘আবুধাবি আর্ট হাব’ সৃজনশীল মানুষদের মিলনতীর্থ হয়ে উঠেছে। একই ছাদের নিচে আর্ট ওয়ার্কশপ, এক্সিবিশান ও আঁকাআঁকির আয়োজন রাখা হয়েছে এখানে।

আমিরাতি নাগরিক ও শিল্পানুরাগী আহমাদ আল ইয়াফি এ প্রতিষ্ঠানটি করেছেন শিল্পকর্মের মাধ্যমে ভালবাসা ও সম্প্রীতির গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ব্রত নিয়ে। একে তিনি তার সামাজিক দায়বদ্ধতার একটি অংশ বলে মনে করেন। বছরের আট মাস জুড়ে এখানে বসে বিভিন্ন দেশের আর্ট মান্থ, জানালেন এরই মধ্যে তার প্রতিষ্ঠানে হয়ে গেছে ৭২টি দেশের আর্ট মান্থ।

যদিও এদেশের তৃতীয় বৃহত্তম কমিউনিটি হলেও বাংলাদেশি চারুশিল্পীদের অংশগ্রহণে একটি   ‘বাংলাদেশ মান্থ’ করা সম্ভব হয়ে ওঠেনি, যা করতে খুবই আগ্রহী আহমাদ আল ইয়াফি। একই আগ্রহ প্রকাশ করেছেন এ বৈশ্বিক ইভেন্ট ‘হলি মান্থ এক্সিবিশান’ এ অংশগ্রহণ করা একমাত্র প্রবাসী বাংলাদেশি চারুশিল্পী আবদুল্লাহ রাহমান।

‘হলি মান্থ এক্সিবিশান’ উপলক্ষে ‘আবুধাবি আর্ট হাব’ প্রতি শনি, সোম ও বুধবার আয়োজন করে শিল্পকর্মভিত্তিক টক শো ‘আর্ট টকস’। এ প্রদর্শনী আঁকিয়ে ও ফটোশিল্পীদেরকে তাদের শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে রমজানকে তুলে ধরার সুযোগ করে দেয়।

প্রবাসী বাংলাদেশি শিল্পী আবদুল্লাহ রাহমান এতে অ্যারাবিক ক্যালিগ্রাফি আর খোদাইকর্মে ইরাকের ফাতেমা মসজিদের কাজ উপস্থাপন করেন যা দেশি-বিদেশি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

আবদুল্লাহর কাঠখোদাই, ম্যুরাল, অয়েল পেইন্টিং, ক্যালিগ্রাফি এসব মাধ্যমের কাজে আরব্য সংস্কৃতি, ঐতিহ্য, বাংলাদেশ ও আরব্য জীবনাচার স্থান পেয়েছে। অবসরে ইসলামিক বিশ্বের শিল্পকর্ম নিয়ে অনুশীলন করেন তিনি।

শিল্পী আবদুল্লাহ দীর্ঘ সময় ধরে আবুধাবি আর্ট হাবের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনিও চান আর্ট হাবের মাধ্যমে আবুধাবিতে ‘বাংলাদেশ আর্ট মান্থ’ করতে যা লাল সবুজের বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করবে বলে মত দেন তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!