দুর্বৃত্তের গুলিতে নিউ ইয়র্কে বাংলাদেশির মৃত্যু
দুর্বৃত্তের গুলিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহত আরিফুল ইয়াকুব রনির (২৪) বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়। তিনি পরিবারের সাথে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করছিলেন।
বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ফ্লাটবুশ এলাকায় এ হতাহতের ঘটনায় আরও এক বাংলাদেশি ছুরিকাঘাতে আহত হয়েছেন।
নিউ ইয়র্কের পুলিশ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানায়, ৫৫০ ওসেন এভিনিউতে অবস্থিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে অন্তত চার যুবক ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে রনিকে গুলি করা হয়। একই সময়ে রনির সাথে থাকা আরেক বাংলাদেশি যুবককেও ছুরিকাঘাত করা হয়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নিউ ইয়র্ক পুলিশ আরও জানায়, সংবাদ পেয়ে অ্যাম্বুলেন্স এসে রনিকে কিংস কাউন্টি হাসপাতালের জরুরী বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত আরেক বাংলাদেশিকে নেওয়া হয়েছে মায়মনিডেস হাসপাতালে। তার নাম এখন পর্যন্ত জানা যায়নি।
নিহত রনির খালু ফরহাদ হোসেন জানান, রনি ট্যাক্সি চালিয়ে লেখাপড়ার খরচ নির্বাহ করতেন। কী কারণে ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে গিয়েছিল এবং তার সাথে থাকা যুবকটিই বা কে, তা এখন পর্যন্ত তারা জানতে পারেননি।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করার সাথে সাথে গ্রেপ্তারের প্রক্রিয়াও চলছে। সর্বসাধারণের সহায়তা চেয়ে পুলিশ একটি হটলাইন নম্বর চালু করেছে :১-৮০০-৫৭৭-৮৪৭৭।
রনির নামাজে জানাজা হবে স্থানীয় সময় শনিবার ৯ জুন স্থানীয় যোহর নামাযের পর চাচ-ম্যাকডোনাল্ডে দারুল জান্নাহ মসজিদে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
