ইরানের ডায়েরি: ইমাম খোমেনির শ্রাইন
ইরানের দু’জন ব্যক্তি নিয়ে আমার আগ্রহ ছিল বেশি- সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ আর বিপ্লবী ইমাম খোমেনি।
ফেইসবুকের কল্যাণে প্রেসিডেন্ট আহমেদিনেজাদের সরল জীবন সম্পর্কে আমরা কমবেশি জানি। আমি আমার সাথের এহসানকে জিজ্ঞেস করেছিলাম সাবেক এই প্রেসিডেন্টকে নিয়ে। যদিও সে বিপ্লবের ধারক নয় এবং এই তথাকথিত ইসলামী শাসন থেকে মুক্তি চায়, তার উত্তরটা আমার খুব একটা অপছন্দ হয়নি।
শ্রাইনের ভেতর
কথা বলতে বলতেই আমরা ফের এসে সেই নারী পূণ্যবতীর শ্রাইনে এসে পৌঁছালাম। ফ্রেশ হয়ে সবাই দিনের দেখা-অদেখা নিয়ে আলোচনা করলাম। শেষে একটা ভোট হলো, কয়জন ইমাম খোমেনির শ্রাইন মানে মাজারে যেতে চায়?
অবাক হয়ে ভোটটা দেখলাম। অধিকাংশই যাবে। তারপরও যে পাঁচজন যাবে না, তারা ঠিকই তাদের মতামত প্রকাশ করল। যেহেতু অধিকাংশই যাবে, তারাও কথা না বাড়িয়ে সবার সাথে যাবার জন্য রাজি হলো।
শ্রাইনের মূল কক্ষে লেখক
একটা মেয়ের দিকে আমি অনেকটা মুগ্ধ হয়েই তাকিয়ে ছিলাম। সাজবিহীন, কালো চাদরে আবৃত অবাক করা সুন্দর মেয়েটা। আর তার তাকানোটা, কেমন করে চোখ নীচে রেখে তাকায়! ভাষায় বর্ণনা করবার মতো না তার সেই দৃষ্টি। এখনও আমার চোখে ভাসছে সেই অবনত দুই নয়ন!
আমরা যখন ফিরে যাব, তখন এক মধ্যবয়সী নারী হাতে এক বিশাল ট্রে নিয়ে আমাদের দিকে এগিয়ে এলো। অনেকগুলো কেক সেখানে। আমরা সবাই কেক খেলাম। সাথে থাকা মাহ’সা আর সুদে ব্যাখ্যা করল এই কেক বিতরণের কারণ।
নামাজ পড়বার সময় ইরানিরা এই সব কপালের আর নাকের নীচে দেয়
ইউক্রেনের সুন্দরী আনা তো কেক খেতে গিয়ে আবেগেই কেঁদে দিল। তার ধারণাই ছিল না, মৃত মানুষের জন্য আপনজনদের এত দরদ থাকে।
অনেকটা নীরব অনুভূতিতে আমরা চললাম ইমাম খোমেনির শ্রাইনে। তখন তেহরান সন্ধ্যার আলোতে অন্যরকম সুন্দর হয়ে উঠেছে। ইমাম খোমেনির শ্রাইনের এলাকা দেখে আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম কতক্ষণ। রাজপ্রাসাদও এত সুন্দর আর এত বড় হয় কিনা, আমার ধারণা নেই!
গেইট থেকে শ্রাইনে যেতেও ১৫ মিনিটের বেশি লাগে। নিরাপত্তা বেস্টনী পার হয়ে, ক্যামেরা ব্যাগ জমা দিয়ে ভেতরে ঢুকলাম আমরা। দেয়ালের মার্বেল পাথর আর লাইটিং দেখে মুখ হা হয়ে ঝুলে পড়ার দশা আমার। সাথের মেয়েরা আলাদা গেইট দিয়ে ঢুকলো। আর সবাই তখন এক ধরনের চাদর দিয়ে শরীর জড়িয়ে রেখেছে, নিয়ম এটা মেয়েদের জন্য।
শ্রাইনের ভেতর চোখ ধাঁধানো সিলিং
আমাদের ডিরেক্টর সুজানা আমাকে প্রশ্ন করে বসল, “ইরানে বিপ্লবের মূল ছিল বিলাসী শাহের পতন। কিন্তু এই কবর দেখে তো মনে হচ্ছে, শাহের রাজপ্রাসাদ এর কাছে কিছুই না। তাহলে এ কোন বিপ্লব ছিল!”
কমপ্লেক্সের ভেতরে অন্য ভবন
আমি তখন ভাবছিলাম, আসলে বঙ্গদেশে ইসলাম তবে একটা ককটেইল। আরব আর ইরানি মিক্স।
ইরানি বিপ্লব নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ছোট মানুষ, বেশি বুঝিও না, বলে কী হবে! তবে পৃথিবীতে সব কিছুর মূলে ওই আমেরিকা, ইসরাইল, রাশিয়া, সৌদি আরব আর ব্রিটেন। দুনিয়ার যত অশান্তি, তার কারিগর এরা। আর ইরানের শত্রু ইরানের তেল। এই তেলের জন্যই এত অবরোধ আর ঝামেলা ইরানে। পারমাণবিক চুল্লী কেবলই একটা নাটকের আড়ালে আটক।
মুগ্ধ করা ভবন আর আলো
একসময় মনে হতো, পৃথিবীর ইসলামী রাষ্ট্র একটা- ইরান। আশা ভেঙে গেল। যারা কবরকে রাজপ্রাসাদ বানায়, কবরকে সেজদা করে, কবরে টাকা দেয়, তারা অন্য কিছু হতে পারে, ইসলামী রাষ্ট্র না।
শ্রাইনের প্রধান ভবনে ঢোকার পথে ইমাম, তার মৃত ছেলে ও বর্তমান ইমামের ছবি।
(এই লেখার সবকিছুই লেখকের ব্যক্তিগত মতামত)
চলবে…
ছবি কৃতজ্ঞতা: মুহাম্মদ সাহেদুল আলম, সুজানা হারমেস (জার্মানি), আনা কালাশনিক (ইউক্রেন)
লেখক: প্রবাসী শিক্ষার্থী, বন বিশ্ববিদ্যালয়, জার্মানি
ই-মেইল: agt.shahed@gmail.com
লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
