২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ডায়েরি: বান্দে আলীর শেষ কৃষক

জার্মানি থেকে এক প্যাকেট ওয়েফার নিয়ে গিয়েছিলাম সাথে। তাই পরদিন সকালে আমি আর সেই শরণার্থী রুটি দিয়ে নিজের দাঁত ব্যথা করলাম না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুহাম্মদ সাহেদুল আলম, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2018, 12:15 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

দুইটা মাইক্রোবাস আর দুই জন মাস্টার্সের ছাত্র দিয়ে আমাদের শহীদ বেহেস্থি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহর থেকে কিছুটা দূরে জলাধার দেখতে পাঠালো।

 

একটা কৃত্তিম, যার নাম ‘ঘানাবারাবাদ ওয়েটল্যান্ড’। আরেকটা প্রাকৃতিক, ‘ব্যান্দে আলী খান প্রোটেক্টেড এরিয়া’ হিসেবেই পরিচয় করে দেওয়া হল আমাদেরকে।

Image
ঘানাবারাবাদ ওয়েটল্যান্ড

ঘানাবারাবাদ ওয়েটল্যান্ড

 

ভেবেছিলাম শহরের বাইরে গেলে কিছু সবুজ চোখে পড়বে আমার। কিন্তু যারপরনাই হতাশ হলাম। মাইলের পর মাইল ছুটে চললাম, কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়লো ময়লা ও শুষ্ক পরিবেশ আর পাথুরে পাহাড়।

পথের মাঝখানে একটা বিরতি পড়ল আমাদের। জরুরি কাজ সারবার জন্য। আমি ভেবেছিলাম টাকা লাগবে, কিন্তু লাগেনি। তবে, আমাদের দেশের চাইতে বেশ পরিষ্কার তাদের ওসব জায়গা।

বিশাল পার্কের মতো জায়গাটা, একটু ভেতরে গিয়ে দেখলাম একটা ‘শ্রিন’, মানে ইরানী কোন পূণ্যবানের মাজার। এক ভদ্র মহিলার কবরকে তারা সাজিয়ে রেখেছে এবং সেখানে তারা তাদের ইবাদত - প্রার্থনা করে।

এরপর আমরা আবার ছুটে চললাম আমাদের প্রথম গন্তব্যে। এক সময় আমরা ঘানাবারাবাদ ওয়েটল্যান্ড পৌঁছালাম। এটা মানুষের তৈরি কৃত্তিম জলাধার। পাশাপাশি একটা নতুন ইকোসিস্টেম করার প্রচেষ্টা। পানি পেয়ে অবশ্য পাখিরাও এসে এখানে বাসা বেঁধেছে। আমাদের সাথে গাইড হিসেবে আসা এহসান এই পাখির উপরই মাস্টার্স করছে। পানি দেখে সত্যি খারাপ লাগল। এত নোংরা, কিন্তু এই তাদের সম্বল।

আমাদের সাথে আসা চালক দু’জন একটু বিরক্তই হলেন বলা চলে। তাদের কথা হলো, এই বিদেশি মেহমানদের কেন এই ময়লা দেখাতে আনা হল। অনেকটা তাদের কারণেই বেশিক্ষণ আর ওইখানে থাকা হলো না আমাদের।

Image
ঘানাবারাবাদ ওয়েটল্যান্ড, দূরে পাখির দল

ঘানাবারাবাদ ওয়েটল্যান্ড, দূরে পাখির দল

 

পথে একটা আনার বাগানের পাশে গাড়ি থামিয়ে দুপুরের খাবার খেলাম আমরা। আনার বাগানটাও শীতের কারণে মৃতপ্রায়। সময়মতো ফের জেগে উঠবে এই বাগান। ইরানের রান্নায় এই আনারের ব্যবহার খুব বেশি!

Image
আনার বাগান

আনার বাগান

Image
আনার বাগান

আনার বাগান

 

খাওয়া শেষে আমরা গেলাম বান্দে আলী খান প্রোটেক্টেড এরিয়াতে। গাড়ি থেকে নেমেই আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠল! জমির লবণ আর ময়লা পানি দেখে মনে হচ্ছিল, মানুষ আর প্রাণীরা বেঁচে আছে কেমন করে!

Image
লবণের ক্ষেত বললেই বেশি মানাবে হয়তো!

লবণের ক্ষেত বললেই বেশি মানাবে হয়তো!

 

অনেক দূরে আমরা একটা বাড়ির মতো দেখতে পেলাম। সেখান থেকে দুইটা কুকুর আমাদের উদ্দেশ্য করে ঘেউ ঘেউ করতে লাগল। অচেনা মানুষ তাদের মনে হয় পছন্দ হয়নি।

Image
বান্দে আলীতে ভাগনার, লিয়নী, টলুলোপ ও আম্বিকা

বান্দে আলীতে ভাগনার, লিয়নী, টলুলোপ ও আম্বিকা

 

বাড়িতে পৌঁছানোর আগেই আমরা এক বৃদ্ধের দেখা পেলাম। একটা বাইনোকুলার হাতে নিয়ে তিনি আমাদের সামনে পথ রুখে দাঁড়ালেন। পরিচয় পর্ব সারার পর তিনি খুবই খুশি হলেন এবং বান্দে আলী খান নিয়ে তার জানা অনেক তথ্য দিলেন আমাদের।

Image
বান্দে আলীর শেষ কৃষক

বান্দে আলীর শেষ কৃষক

 

ইরানি তথাকথিত বিপ্লবের আগে এখানে মানুষ শিকারে আসতো, অনেকটা কাউবয় স্টাইলে। বিপ্লবের পর সব নিষিদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড লবণ আর ক্ষরার কারণে এখানে মানুষের বসতিও নেই।

Image
রাজত্ব আর রাজপ্রাসাদ

রাজত্ব আর রাজপ্রাসাদ

 

তার ছেলেমেয়েরাও চলে গেছে তাকে ছেড়ে, ভালো জীবনের আশায় শহরে। সে আর কয়জন রাখাল থাকে এই বিরানভূমিতে। আছে কিছু ছাগল, ভেড়া, গরু আর কয়টা উট। সাথে পাহারাদার কুকুর।

Image
এক রঙা মাতৃত্ব

এক রঙা মাতৃত্ব

 

এখনও মাঝে মাঝে ডাকাত আসে। তখন বন্দুকের সাহায্য নেন বৃদ্ধ। সে একা মোট ৪০ বর্গ কিলোমিটার জায়গার মালিক, যদিও বেশিরভাগই বিরানভূমি এখন। তবে তার সবকিছু বীমার আওতায়। ফসল - প্রাণী সব। যার জন্য কষ্ট করে ফসল না পেলেও আফসোস নেই। বীমার টাকা পান তিনি।

Image
ছাগল আর ভেড়ার পাল

ছাগল আর ভেড়ার পাল

 

জমি চাষের সময় লবণাক্ততার জন্য মাটির উপরের অনেক অংশ তুলে ফেলতে হয়। একটা ময়লা পানির উৎস থেকেই সেচের প্রাথমিক কাজ সারেন। আর খাবার পানির জন্য যেতে হয় অনেক দূরে। সেই পানি পাত্রে ধরে রেখে, রেশনিং করে দেন পশুদের।

Image
পানি, রেশনিং

পানি, রেশনিং

 

সবাই কেন যেন জায়গাটার মায়ায় পড়ে গেল। আমার মনে হচ্ছিলো, আমারই কোন আত্মার আত্মীয় এতটা কষ্ট করে বেঁচে আছে।

গল্প করতে করতে দিনের আলোটা প্রায় ফুরিয়ে এল। বিদায় নেবার সময়, আমরা অনেকগুলো চকলেট দিলাম সেই কৃষককে। উনি সেগুলো পেয়ে যেন কেঁদে ফেলেন। আমাদের গাড়ির কাছে পৌঁছে দিয়ে দাঁড়িয়ে রইলেন কেমন যেন ফ্যাল ফ্যাল দৃষ্টিতে।

গাড়িতে উঠে আমি কেন যেন আরেকবার নামলাম, গিয়ে তাকে জড়িয়ে ধললাম। কেমন একটা চেনা গন্ধ। আমার দেশের কৃষকদের মতোই কিছুটা আপন গন্ধ।

ইরানি কিছু বলতে পারি না, শুধু বলেছি ‘তাশাক্কুর’। বাকিটা উনি আমার বুকে বুক মিলিয়েই হয়তো বুঝে নিয়েছেন। আমার চোখের ভাষাটা হয়তো উনি পড়তে পেরেছেন। কী যেন বলছিলেন পার্সিয়ান ভাষায়, আমি জানি না!

গাড়িতে উঠে খুব মনে পড়ছিল বরগুনার নলবুনিয়ার সেই ইদ্রিস ভাইয়ের কথা। লবণেও যিনি ধান ফলান। হার্টে অসুখ হবার পর যিনি আর ট্রাক্টর চালাতে পারেন না।

Image
রাখাল যুবরাজ

রাখাল যুবরাজ

 

মনে পড়ছিল পটুয়াখালীর দারোগা তবকের শ্যামল’দার কথা। যার ছেলেটা কৃষি কাজ করবে না বলে বাড়ি ছেড়েছিল, আর তিনি ফিরিয়ে এনে ফের ছেলেকে নামিয়েছেন জমিতে - “কৃষি কাজ না করলে মানুষ খাবে কী!”

চলবে…

লেখক: প্রবাসী শিক্ষার্থী, বন বিশ্ববিদ্যালয়, জার্মানি

ই-মেইল: agt.shahed@gmail.com

লেখকের আরও লেখা

ইরানের ডায়েরি: মিলিয়নিয়ার হওয়ার স্বপ্নপূরণ

ইরানের ডায়েরি: অলক্ষ্মী যাত্রা

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!