নিউ ইয়র্কে প্রবাসীদের জন্য কবরের জায়গা ক্রয়
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দাফনের জন্যে কবরের জায়গা কিনেছে ‘ইয়েলো সোসাইটি’।
মঙ্গলবার নিউ ইয়র্কে কর্মরত ট্যাক্সি চালকদের সংগঠন ‘ইয়েলো সোসাইটি, নিউ ইয়র্ক ইনক’ আয়োজিত ইফতার মাহফিলে এ সিদ্ধান্ত জানানো হয়।
নিজেদের লাশ দাফনের জন্যে একশ’টি কবরের জায়গা কিনেছে এই সংগঠনটি। একইসাথে সোসাইটির সদস্যরা প্রতিটি কবরের জন্যে ১ হাজার ৪০০ ডলার করে দেওয়ারও অঙ্গীকার করেছে।
নিউ ইয়র্ক শহরের উপকণ্ঠে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়্যাল গোরস্তানে ‘গার্ডেন অব নূর’ ব্লক-এইচে এসব কবর রয়েছে। প্রয়োজনে কবরের জন্যে আরও জায়গা কেনার সুযোগ রয়েছে সংলগ্ন এলাকায় বলেও উল্লেখ করা হয় অনুষ্ঠানে।
ইয়েলো সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুবুল বারি ফেরদৌসের সার্বিক সমন্বয়ে সোসাইটির সদস্যদের কল্যাণে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
কবর ক্রয়কারীদের অন্যতম সাখাওয়াত বিশ্বাস বলেন, “আমাদের এই সমিতি হচ্ছে জীবন বীমার মতো। সদস্যদের বিপদে-আপদে সমিতি পাশে দাঁড়ায়।”
ইফতার মাহফিলে কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নয়ন ও মোহাম্মদ আলী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
