অ্যাডিলেইডে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট
অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাধীনতা দিবস কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮’।
স্থানীয় সময় মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে অজিত দাসের নেতৃত্বে ‘ট্যারিফিক টাইগার অ্যাডিলেইডকে’ হারিয়ে বিজয়ী হয় মিনহাজ ইসলামের নেতৃত্বে ‘অ্যাডিলেইড ঈগলস’।
মোট চারটি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব ‘স্মার্ট-ও-সসার্স’। বাকি দুটো দল হলো- ‘অ্যাডিলেইড ইয়ং ওয়ারিয়রস’ ও ‘ইনভিন্সিবল ওয়ারিয়রস’।
অ্যাডিলেইড ঈগলসের এলেন আব্রাহাম ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। এছাড়া সর্বোচ্চ গোলদাতা হিসেবে একই দলের স্ট্রাইকার তৌহিদ খান জিতেছেন ‘গোল্ডেন বুট অ্যাওয়ার্ড’।
সেরা গোলকিপারের পুরস্কারটি জিতেছেন ট্যারিফিক টাইগার অ্যাডিলেইডের গোলরক্ষক মাসুম মিঠু। সেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন একই দলের ডিফেন্ডার রফিক করিম।
আয়োজকরা জানান, অ্যাডিলেইডে বসবাসরত প্রবাসী ও তাদের সন্তানদের নিয়মিত ফুটবল খেলার সুযোগ করে দিতে ২০১৪ সালে ‘স্মার্ট-ও-সসার্স’ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে প্রায় ৫০ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি নিয়মিত এ ক্লাবে ফুটবল খেলে থাকেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
