২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিউলিপের দেশে

অটোমান সম্রাটরা টিউলিপের চাষ করতেন, যাকে আজ আমরা তুরস্ক বলে জানি। পুরো বসন্তকাল জুড়ে নেদারল্যান্ডসে টিউলিপ ফুলের উৎসব হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানবীরা তালুকদার, নেদারল্যান্ডস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 01:41 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

১৬০০ শতাব্দীতে নেদারল্যান্ডসে টিউলিপের আগমন। ১৫৯২ খ্রিস্টাব্দে কার্লোস ক্লোসিয়াস যখন প্রথম টিউলিপের ওপর তার অন্যতম বইটি লেখেন, তার বাগানে প্রায়ই হানা পড়তো। টিউলিপের গেঁড় রীতিমতো চুরি হতো!

যখন ওলন্দাজদের স্বর্ণ যুগ চলছিলো, অর্থনীতির সবকিছু সুন্দর আকৃতিতে আসছিলো, তখন ফুলের চাষও ছিলো রীতিমতো তুঙ্গে। চিত্রাঙ্কনে কিংবা উৎসবে টিউলিপের জনপ্রিয়তা ছিলো সীমাহীন।

সতেরশ’ শতাব্দীর মধ্যভাগে টিউলিপ এতো জনপ্রিয়তা পায় যে আর্থিকভাবে এর গেঁড় বিক্রির সাফল্যকে তখন লোকে ‘টিউলিপম্যানিয়া’ বলতো। লোকে এই পরিমাণ গেঁড় কিনতো, তাতে গেঁড়ের দাম বেশ বেড়ে যায়। তখন মুদ্রার বদলে বাজারে গেঁড় বিনিময় হতো যতক্ষণ পর্যন্ত না গেঁড়টা নষ্ট হয়ে যায়।

এখনও নেদারল্যান্ডস টিউলিপ ও অন্যান্য ফুলের জন্যে বিখ্যাত। প্রায়ই লোকে আদর করে ‘ফ্লাওয়ার শপ অব দ্যা ওয়ার্ল্ড’ বলে ডাকে। বড় বড় মাঠে টিউলিপের চাষ হয়, যেগুলোকে রঙের জন্যে দেখতে অসাধারণ সুন্দর লাগে।

টিউলিপের প্রতি ভালবাসা ওলন্দাজদের অপরিসীম। যখন যেখানে তারা তাদের বসতি গেড়েছে, সাথে নিয়ে গেছে টিউলিপ। তাই আমেরিকার নিউ ইয়র্ক (আদতে যেটা নিউ আমস্টার্ডাম ছিলো), মিশিগান, হল্যান্ড ইত্যাদি শহরে যেখানে যেখানে ডাচ বসতি বেশি, সেখানে আজও টিউলিপ ও টিউলিপ উৎসব দেখতে পাওয়া যায়।

উত্তর হল্যান্ডের মাথায় লক্ষ লক্ষ টিউলিপ, হিয়াসিন্ট ও অন্যান্য ফুল দেখা যাবে, যা পুরো দেশের মানচিত্র বদলে দেবে। তৈরি করবে বিভিন্ন রঙের এক সমুদ্র। প্রতি বছর উত্তর পোল্ডারে ‘টিউলিপ উৎসব’ আয়োজন করা হয়।

টিউলিপ মাঠের ভেতরে এপ্রিল মাসের শেষ দিক থেকে মে মাসের প্রথম দিক পর্যন্ত টিউলিপ উৎসবটি চলে। ফুলের বাগান, বাজার সব উপচে পড়তে থাকে। আমস্টার্ডামের কাছে আলসমেয়ার শহরটিতে দেখা যায় বাড়িতে বাড়িতে ফুলের বেচাকেনা। শহরের বাড়িগুলোও ফুল দিয়ে নানাভাবে সাজানো হয়। সত্যিই দেখার মতো একটা ব্যাপার!

বাগান দেখতে চাইলে কইকেনহোফ যাওয়া আবশ্যিক। পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান এটি। হারলেম শহরের দক্ষিণ দিকে এর অবস্থান, এবং আপনি অবশ্যই এটি চিনবেন। যদি কখনও কোনো সিনেমাতে বিরাট কোনো টিউলিপ ফুলের বাগান দেখে থাকেন, আপনি নিশ্চিত থাকুন এটিই সেটি।

পর্যটকদের ভ্রমণ প্যাকেজে প্রায়ই ফুলের বাগান, উৎসব এগুলো অন্তর্ভুক্ত থাকে। বেশিরভাগ ফুলের বাগানেই গণপরিবহনের সুবিধা থাকে এবং পর্যটকরা যাতে সহজে যাওয়া-আসা করতে পারে তার ব্যবস্থা থাকে।

লেখক: প্রবাসী বাংলাদেশি

এই লেখকের আরও লেখা

প্রসবোত্তর মায়ের যত্নে ডাচদের থেকে যা শিখতে পারি

প্রবাসী চোখ: ডাচ বাচ্চাদের সুখের আটটি অজানা কারণ

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!