প্রসবোত্তর মায়ের যত্নে ডাচদের থেকে যা শিখতে পারি
একজন আমেরিকান মা হিসেবে নেদারল্যান্ডসে বসবাস করে যখন আমি আমার দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষায় ছিলাম তখন দুটো দেশের প্রসবোত্তর মায়ের যত্নের তুলনা না করে পারছিলাম না।
দুটো দেশের পার্থক্য এতো বেশি যে তুলনা না করে থাকা যায় না। হল্যান্ডে একজন মা’কে প্রসবের পর সুস্থ সবল করে তোলাটা জাতীয় দায়িত্বের মধ্যে পড়ে। সন্তান হওয়ার পর আট থেকে দশদিন একজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী সেবিকা এসে মায়ের প্রসবোত্তর সেবা করেন।
ডাচ রাষ্ট্রের নিয়মনুযায়ী, একজন নতুন প্রসূতি মায়ের শরীর সুস্থ হতে প্রচুর শুশ্রূষা আর আরামের প্রয়োজন। কারণ তাকে চব্বিশ ঘণ্টা একটা নবজাতকের দেখাশোনাও করতে হয়।
সেজন্য একজন ধাত্রী সেবিকা আসেন মাকে সাহায্য করতে যাতে মা বিশ্রাম পান, তার নিজস্ব শক্তি ফিরে আসে, আর নিজের বাড়ি বসে শিশুর সঙ্গে তিনি যেন নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারেন। ধাত্রী সেবিকাকে শিশুর ভাল-মন্দ দেখাশোনার পাশাপাশি খুব নিবিড়ভাবে প্রসূতি মায়ের সুস্থতার দিকেও লক্ষ্য রাখতে হয়।
তিনি নতুন মাকে একটা ছোটখাট প্রশিক্ষণ দেন শিশুকে কী করে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, গোসল করাতে হবে, ঘুম পাড়াতে হবে, কাপড় পরিবর্তন করাতে হবে এবং তার জীবনযাত্রায়ও কীভাবে সময় ও নিয়ম মানতে হবে এরকম নানা বিষয়।
যদি প্রসূতির কোন ধরনের সম্ভাব্য সমস্যা দেখা দেয় তো সেটা মোকাবিলা করার জন্য এ ধাত্রী সেবিকা তখন ধাত্রীর সঙ্গে খুব নিবিড়ভাবে কাজ করেন। এ সেবার একটা বাড়তি পাওনা হলো, ধাত্রী সেবিকা সংসারের যাবতীয় টুকিটাকি কাজের দিকেও খেয়াল রাখেন। রান্না করা, লন্ড্রি করা, ঘর ঝাড়া-মোছা করা এবং প্রসূতি মায়ের যদি আরও শিশু থাকে তাদের দেখাশোনা করাও তার দায়িত্বের মধ্যে পড়ে।
ধাত্রী সেবিকা মধ্যবিত্ত ডাচ পরিবারগুলোর জন্য আবশ্যিক। এটা আসলে শখের বিষয় নয়। আমাদের পরিবারে শুধু একজন আয় করেন। তো ধাত্রী সেবিকার খরচ মেটানো কি সমস্যা হবে? না, এটা সাধারণ স্বাস্থ্যবীমার মধ্যেই পড়ে।
এ খাতে খরচের হিসাব সরাসরি স্বাস্থ্যবীমা অধিদপ্তরকে পাঠিয়ে দিতে হয়। এক্ষেত্রে স্বাস্থ্যবীমার প্যাকেজের ওপর নির্ভর করে সেবা গ্রহীতাকে আলাদা করে কোন পয়সা পরিশোধ করতে হবে কি না। যদি আলাদা পয়সা পরিশোধ করতে হয়ও, সেটার পরিমা ন খুব সামান্য এবং সেটা ফেরত পাওয়া যেতে পারে।
প্রথমে এ ডাচ নিয়মটি আমার কাছে খুবই অদ্ভূত, ছেলেমানুষি ও কিছুটা ব্যক্তি অধিকারে হস্তক্ষেপের মত মনে হয়েছিল। আমি প্রথম দিকে সেসব মায়েদের দলে ছিলাম যারা ভাবতেন তাদের প্রসবোত্তর ব্যাপারগুলো তারা নিজেরাই সামলে নিতে পারবেন। আমার এরকম ভাবানার পেছনে অনেক কারণও ছিলো। যেমন- আমি ভাবতাম অন্তঃসত্ত্বা মায়েদের করণীয় সম্পর্কে তো বাইবেলে লেখা আছে, গুগল আছে এবং আরো আছে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন মায়েদের দল।
আমার নিজের মায়ের কাছ থেকেও জেনেছি তাকে দ্বিতীয়বারের মত সি-সেকশান প্রসব করানো হলেও তিনি আগের দুটো বড় শিশু সামলে পুরো সংসারের রান্না, খাওয়া, কাপড় কাচাসহ সবকিছু করে নবজাতককে এক হাতেই সামলেছেন। তাই আমিও ভাবতাম, আমি কেন পারবো না! ভাবতাম, আমি একজন দক্ষ মা হতে চাই। একজন অপরিচিত লোক আমার বাড়ি এসে আমাকে সাহায্য করবে, শিশুর দেখাশোনা করবে- এসবের কোন প্রয়োজন নেই। আমার গর্জন শুনুন!
কিন্তু সন্তান জন্ম দিয়ে নিজে পুরোপুরি সুস্থ কীভাবে হবো আমার সেই পরিকল্পনাটা যখন করছিলাম তখন বিধাতা আমার দিকে চেয়ে মনে মনে হেসেছিলেন। আমার ছেলে নির্দিষ্ট তারিখের ঠিক এক মাস আগে জন্ম নেয়, তাও আবার যে ঝক্কি-ঝামেলা ছাড়া হবে তা হলো না। ভ্যাকুয়াম এসিস্টেড সন্তান প্রসবের সঙ্গে এপিসিওটমিও লাগলো!
এরপর যখন আমি খুঁটিয়ে খুঁটিয়ে শিশুর প্রয়োজনের সব জিনিসের কথা ভাবছিলাম, গর্ভসংক্রান্ত সব সাহিত্য গিলে খাচ্ছিলাম, তখনও একবারের জন্য ধারণা করতে পারিনি যে আমার নিজেকেও যত্ন নেওয়ার হয়ত প্রয়োজন আছে। ছত্রিশ সপ্তাহর একটা শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে অনেক প্রাথমিক সমস্যা ছিলো। একান্তভাবে শিশুটিকে দুধ খাওয়ানোর সমস্যাও ছিলো। আর হরমোন? হ্যাঁ, সেই মনোরম হরমোন! ওটাও কিছু কম সমস্যার বিষয় ছিল না।
আমার ধাত্রী সেবিকা ছিলেন মাতৃসুলভ একজন সুরিনামি ডাচ ভদ্রমহিলা। তার নাম রাধা। তিনি আমার হৃদস্পন্দনের পরিবর্তন লক্ষ্য করার দায়িত্বে ছিলেন। তিনি ছিলেন ম্যারি পপিন্স এর আধুনিক সংস্করন কিংবা এর চেয়েও ভাল কিছু। তিনি আমাকে শেখালেন কী করে নতুন মা হিসেবে নিজেকে ভালবাসতে হবে।
রাধা আমাকে যে রকম যত্ন, ধৈর্য্য, ভালবাসা, প্রতীতি এবং নিরাপত্তাবোধ দিয়েছেন আমার নিজের মাও আমাকে সেটা দিতে পারেননি।
সম্প্রতি আমার এক বন্ধু তার প্রসব পরবর্তী অভিজ্ঞতা আমাকে বলছিলেন। তিনি বললেন, তার ডাচ ধাত্রী তার প্লাসেন্টা তাকে দেখিয়ে বললেন, ‘এই আকৃতির একটা ক্ষত তোমার শরীরের ভেতর রয়ে গেছে!’ আসলে, অনেক দিক থেকেই প্রসবোত্তর যত্নের অনেক পরিপ্রেক্ষিত আছে, তাই নয় কি? সন্তান জন্ম দেওয়ার পর, মাকে সুস্থ হয়ে ওঠার জন্য ধাত্রীর কথাগুলো সত্যিই অনেক গুরুত্বপূর্ণ।
আধুনিক চিন্তা-ধারায় প্রসূতি মায়ের যত্ম নেওয়ার প্রয়োজনীয়তা অনেক, যাতে করে নতুন মা দৃঢ় পদক্ষেপে এবং ইতিবাচক জীবন শুরু করতে পারেন। আর তার পাশাপাশি প্রসবের পর পুরো বছর ধরে তাকে যেন আরোগ্য লাভের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে না হয়। এরকম যত্নে একজন প্রসূতি মাকে অনেক সম্ভাব্য সমস্যা থেকে রক্ষা পেতে সাহায্য করে।
এসব সমস্যার মধ্যে রয়েছে- প্রসবকালীন মানসিক যন্ত্রণা, প্রসবোত্তর বিষন্নতা, শিশুকে মাতৃদুগ্ধ পান করানোজনিত সমস্যা, কষ্টকর প্রসবের সময়ে পাওয়া ভেতরের আঘাতগুলো কাটিয়ে ওঠা ইত্যাদি।
আমি না বলে পারছি না, এ ধাত্রী সেবাও একটা অন্যতম কারণ যার ফলে ডাচ মায়েরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী শিশুদের বড় করে তুলতে সফল হন। সুখী মায়েরাই সাধারণত সুখী শিশু বড় করতে পারেন। এ ব্যক্তিগত ধাত্রী সেবিকা ব্যবস্থাটা যে মায়েদের সুস্থতার জন্যও চমৎকার একটা ভূমিকা রাখে সে ব্যাপারে আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন।
দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়ে এখন আমার অর্ধেকের ওপর কেটে গেছে। আমি এখন সারাক্ষণ ভেবে যাচ্ছি প্রসবের পর প্রথম কয়েকটা দিন আমার কতো আনন্দে কাটবে নবজাতককে আমার কোলে নিয়ে, আর ধাত্রী সেবিকাকে আমার পাশে নিয়ে। আমি উপলব্ধি করছি, ডাচ মায়েদের প্রসবোত্তর যত্ন হলো শিশু বড় করার সবচেয়ে আধুনিক রীতি যার স্বাদ আমেরিকান মায়েরা খুবই উপভোগ করবেন।
রিনা মায় আকোস্টারের লেখা ‘ফাইন্ডিং ডাচ ল্যান্ড’ থেকে প্রবাসী লেখক ও ব্লগার তানবীরা তালুকদারের অনুবাদ।
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
