২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ার চিঠি: সাগর কন্যা বুসান

শীতের শেষ দিকে শিক্ষা সফর ছিলো কোরিয়ার দ্বিতীয় প্রধান নগরী বুসানে। বুসান তাদের বন্দর নগরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইবিন লিমা, দক্ষিণ কোরিয়ার সিউল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 10:54 AM

Updated : 11 Oct 2022, 12:19 PM

বুসানে গিয়েই আমার মনে হয়েছে, বুসান আর চট্টগ্রাম প্রায় একই রকম। পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন। শুধু পার্থক্য হলো, আমরা ধীরে ধীরে নষ্ট করছি আর বুসান ছবির মতো সুন্দর হয়ে পর্যটক নগরী হিসেবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে।

সিউল থেকে বুসান যেতে বাসে সময় লাগে সাড়ে চার ঘণ্টার মতো। দূরত্ব ৩২৫ কিলোমিটার। কেটিএক্স ট্রেনে গেলে সময় লাগবে আড়াই ঘণ্টা, ঘড়ি ধরা এই সময়ের  হেরফের হয় না খুব একটা। কি অদ্ভুত সময় মাপা তাদের সবকিছু!

কোরিয়ানরা এতই কাজপাগল যে সউল মেয়র অফিস নির্দিষ্ট সময়ের পর সব অফিসে কম্পিউটার বন্ধ করে দেওয়ার জন্য রীতিমতো আইন করতে যাচ্ছে। কারণ, পারিবারিক জীবন বিপণ্ন হচ্ছে।

এদের আইন মানে আইন, প্রতিটা মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। এর কারণ, আইনের প্রয়োগ একদম ষোলোআনা। একটু হেরফের তো জরিমানা গুণতে গুণতে জীবন শেষ।

তবে এদের পুলিশরা রীতিমতো প্রেমে পড়ে যাওয়ার মতোই আচরণ করে। ইস্পাত কঠিন ব্যক্তিত্ব আর মুখে স্মিত হাসি, আপনার বিপদে তাদের আচরণ দেখলে মনে হবে তারাও খুব কষ্ট পাচ্ছে। অথচ এর পুরোটাই দায়িত্ববোধ। আপনি আইন ভাঙ্গলে খুব সহজ আচরণে আপনাকে দণ্ডিত করবে, আবার আপনি আক্রান্ত হলে আপনার পাশে ঠিক বন্ধুর মতো দাঁড়াবে । আমি মুগ্ধ হই প্রতিনিয়ত।

বলছিলাম বুসানের কথা। পূর্ব সাগরের তীরে অবস্থিত এই বুসান। কোরিয়ানদের ভাষায় বুসান একটি রঙিন শহর। সিউলের মতো খুবই ব্যস্ত না হলেও সাজানো-গুছানো এক শহর। সাগর, পাহাড় আর ঐতিহ্য- সব মিলেমিশে স্নিগ্ধ পরিবেশ। আমার কাছে বুসানকে বাতাসের শহরও মনে হয়েছে। কন কনে শীতে হিম শীতল বাতাস যদিও খুব একটা উপাদেয় মনে হয় না।

বুসানকে বলা হয় ‘গেট ওয়ে অব প্যাসিফিক ওশান’। আর বুসানের অধিবাসীরা খুব সুন্দর করে বলে। রোজ সাগর পাড়ের গাংচিলগুলো  জাপান আর কোরিয়ায় ওড়াউড়ি করে। জাপানের তুসুসিমা থেকে রোজ সকালে তারা বুসানে উড়ে আসে, বিকালে ফিরে যায়।  পাখিদের পাসপোর্ট-ভিসার ঝামেলা নেই, তারাই সবচেয়ে স্বাধীন প্রাণী এই পৃথিবীর।

জাপানের সেই দ্বীপ শহর আর বুসানের দূরত্ব ৪৯ কিলোমিটার। কেন জানি বার বার এই সীমারেখা ধরনের জায়গাগুলোতে গেলে আমি খুব বিষণ্ণ হয়ে পড়ি। মানুষ কতো নির্মমভাবে নিজেদের ভেতর নিজেরা দেয়াল তুলে দিয়েছে। পৃথিবীর আর কোনো প্রাণী তা করেনি। জাতি, ধর্ম, দেশ, অর্থ, ক্ষমতা- কোনোকিছু নিয়েই তাদের কোনো বিরোধ নেই। তারপরও আমরা নিজেদের সৃষ্টির সেরা জীব দাবি করি।

বুসানে ২০১৭ সালের শেষের দিকে আন্তর্জাতিক চলচিত্র সম্মেলন হয়ে গেছে। বুসান কোরিয়ানদের কাছে অনেকটা হলিউডের মতো। তাদের বিখ্যাত সব ছবিগুলো এখানেই তৈরি হয় মূলত। হাঁটতে হাঁটতে আপনারও হয়তো নিজেকে ট্রেন টু বুসানের একজন মনে হতে পারে। যেকোনো ধরনের আন্তর্জাতিক সম্মেলনের জন্য কোরিয়ানদের পছন্দের শহর বুসান।

বুসান শহরের প্রধান ফুল ক্যামেলিয়া। প্রিয় পাখি সি-গাল। আর ম্যাকারেল নামক এক প্রকার সামুদ্রিক মাছ এদের প্রিয় খাবার। তবে আমার মতো দক্ষিণ এশিয়ার মানুষেরও নিরাশ হওয়ার কারণ নেই। সিউলের মতো বুসানেও ভারতীয় রেস্তোরাঁ আছে। আমাদের ঝাল খাবারের সুতীব্র বাসনা বুসান পূরণে সক্ষম।

তবে হ্যাঁ, যেকোনো শহর ভ্রমণের আগে আপনার সে শহর সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দরকার। আর দরকার, সে শহরের নিয়ম কানুন এবং মানুষগুলোকে সম্মান করা। তথ্য প্রযুক্তিতে জায়ান্ট হিসেবে খ্যাত দক্ষিণ কোরিয়া সম্পর্কে আপনি অনায়াসে ওয়েবসাইটে সব জেনে নিতে পারেন। টিকেট বুকিং ,হোটেল বুকিং- সবকিছুই আগেই করে আসতে পারেন নিজেই।

আমরা হয়তো খুব চেষ্টা করে আমাদের চট্টগ্রামকে বুসানের কাছাকাছি একটা রূপ দিতে পারতাম। রূপ-বৈচিত্র্যের দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই আমাদের শহরটি। আমাদের পথে বাঁধা মূলত ইচ্ছের অভাব, আইন না মানার উদ্ভট আচরণ এবং দেশের প্রতি সত্যিকার ভালোবাসা না থাকা।

বুসানের শেষ বিকালে অস্তমিত সূর্য আমাকে যেমন আবার ফিরে আসার তীব্র বাসনা জাগিয়ে দিয়ে গেছে, তেমনি এক হতাশা দিয়ে গেছে নিজ শহর নিয়ে। নিজদের তীব্র লোভের কারণে প্রকৃতিকে ধ্বংস করার প্রবৃত্তি নিয়ে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না, একেবারে নিঃস্ব করে দিয়ে চলে যায়।

লেখক: সরকারি কর্মকর্তা, বর্তমানে সিউলে প্রবাসী শিক্ষার্থী

এই লেখকের আরও পড়ুন

কোরিয়ার চিঠি: শুভ্রতায় মুগ্ধতা

দুই কোরিয়ার কাহিনী

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!