স্বপ্নের দেশ জাপানে যাত্রা
পরিবার, বন্ধু-বান্ধব, প্রিয় মাতৃভূমি ছেড়ে অনেক স্বপ্ন নিয়ে সূর্যোদয়ের দেশ জাপানের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম গত বছর।
সাথে আরও ছিলো বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া জরুরী একগুচ্ছ কাগজ আর সর্বসাকুল্যে ৪০ কেজির তিনটি ব্যাগ। ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর রওনা দিয়েছিলাম জাপানে।
সেদিন কিছু মিশ্র অনুভূতির প্রতিক্রিয়ায় ওয়েটিং রুমে বসে নিজেকে কেমন যেন একেবারেই অনুভূতি শূন্য মনে হচ্ছিলো। অনেক দিনের লালন করা স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ যেমন ছিল, আবার বাড়ি আর মাতৃভূমি ছাড়ার কষ্টও আমাকে বিষণ্ণ করে তুলেছিল।
দুর্গা পূজার ঠিক দুইদিন আগে যাত্রার তারিখ হওয়াতে এই বিষণ্ণ মনের কষ্ট যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। অন্যদিকে প্রথমবারের মতো বিমান ভ্রমণের জন্য আমার কৌতূহলী মন আর নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর চিন্তা তো নিত্যসঙ্গী।
আগেই বলেছি, বিশ্ববিদ্যালয় থেকে আমাকে একগুচ্ছ কাগজ দেওয়া হয়েছিল। তার মধ্যে দুটি ম্যাপ আর এয়ারপোর্ট থেকে আমার গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনের সময়সূচি ছিল। শুধু তাই না, ওরা কিছু প্রয়োজনীয় নিহনগো (জাপানী ভাষা) থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করে পাঠিয়েছিল।
আর মজার ব্যাপার হলো, দুটি ট্রেনের ছবি দিয়েছিল। তার মধ্যে একটি ট্রেন আমার গন্তব্যে থামবে, আর অন্য ট্রেনে বড় লাল ক্রস চিহ্ন দিয়ে বলে দিয়েছিল- এই ট্রেনে যেন আমি না উঠি। কারণ, ওই ট্রেন আমার গন্তব্যে থামবে না।
আমি সেগুলা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিয়েছিলাম। তাদের কাজে মুগ্ধ হয়ে মনে মনে বুঝে নিয়েছিলাম, এই জাতির কাজের ধরন আমাদের থেকে একটু আলাদা। আসলে কারও উপকারের জন্য এতো সুন্দর গুছিয়ে যে কিছু করা যেতে পারে, সে বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না।
ট্রেনের টিকিট করতে হবে, তাই টিকিট কাউন্টারে যেতেই ‘কন্নিচিওয়া’ মানে হ্যালো বলে আমাকে অভিবাদন জানানো হলো। সেখানে ইংরেজি বলে বোঝাতে ব্যর্থ হওয়ায় ওই প্রিন্ট করা কাগজ দেখিয়ে কোনোরকমে নিজ গন্তব্যের টিকিট কেটে ট্রেনে চড়ে বসলাম।
প্রিন্ট করা ম্যাপ থেকে স্টেশনের নাম দেখে দেখে নিজ গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকলাম। কিন্তু আশ্চর্য করার মতো ব্যাপার হলো, এরা ইংরেজি ঠিকঠাক বলতে না পারলে কি হবে, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মনের কথাগুলো বোঝানোর যথাসাধ্য চেষ্টা করে!
ট্রানজিট মিলিয়ে প্রায় ১৭ ঘণ্টার ভ্রমণ করে তিনটা লাগেজ টেনে যখন আমার গন্তব্য স্টেশন এসে দাঁড়ালাম, তখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৯টা। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়াতে মানুষের বেশ সমাগম ছিল সেখানে।
দেশে থাকতে বেশ কয়েকবার গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের সাহায্যে স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হাউজে হেঁটে যাওয়ার রাস্তা দেখেছি। সেই সুবাদে পথঘাট মোটামুটি আমার চেনা ছিল বলা যায়। হেঁটে গেলে মিনিট দশেকের বেশি লাগবে না। কিন্তু বাধ সাধল বিষণ্ণ মন আর জেটল্যাগ। সাথে ছিল ক্ষুধা। তাই ট্যাক্সি ছাড়া আর কোনো কিছু ভাবতে পারছিলাম না।
কাঁধে থাকা ব্যাগে জাপানি ভাষায় অনুদিত ডর্মিটরির ঠিকানা খুঁজছিলাম। ঠিক তখনই মধ্যবয়সী এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে স্বেচ্ছায় জানতে চাইলেন- কোনো সমস্যা কিনা।
তার হাতে ঠিকানা দিয়ে ট্যাক্সি দেখাতেই সে ট্যাক্সির কাছে গিয়ে চালককে ঠিকানা দেখিয়ে নিহনগোতে কীসব বলল। সত্যি বলতে আমি কিছুই বুঝি নাই। এরপর তিনি এসে অনেক কষ্টে দশ ভাগ ইংরেজি আর সিংহভাগ নিহনগোতে আমাকে বোঝালেন – ‘চালক বলেছে, এই ঠিকানা তো খুবই কাছে। ট্যাক্সি কেনো লাগবে?’
আমিও তাকে অনেক কষ্টে বোঝালাম যে আমি খুব ক্লান্ত। তাই আমার ট্যাক্সি করে যাওয়া প্রয়োজন। এবার ভদ্রলোক আমাকে অবাক করে দিয়ে আমার সামনে নব্বই ডিগ্রি ঝুঁকে বেশ কয়েকবার ‘গোমেননাসাই’ (দুঃখিত) বলল। কারণ ইংরেজি ভাষায় তার দক্ষতা নেই। আমি তার আচরণে বেশ লজ্জিত বোধ করলাম, আর অবাক হয়ে ভাবলাম- মানুষ এত ভালো কীভাবে হতে পারে!
আড্ডাপ্রিয় মানুষ হওয়ায় আড্ডা দিতে আম্বরখানা পয়েন্ট থেকে আমাকে দরগাহ গেট যেতে বলা হয়েছিল। আমি এটুকু জানতাম, হেঁটে গেলে দুই-তিন মিনিটের বেশি লাগবে না। কিন্তু আম্বরখানা পয়েন্ট চার রাস্তার মোড় হওয়াতে ঠিক বুঝতে পারছিলাম না, কোন রাস্তায় গেলে দরগাহ গেট পাব।
চট করে একটা রিকশা ঠিক করে ফেললাম। আমি না বুঝলেও মামা ওইদিন ঠিকই বুঝেছিল আজ মস্ত একটা গাধা পেয়েছি। এই গাধাকে অনেক পথ ঘুরিয়ে ১৫ টাকা ভাড়া আদায় করেছিল সেদিন।
তাই ভাবছিলাম, এই ট্যাক্সি চালকও যদি এমন কিছু করে বসে, তখন এই পরদেশে আমি কোথায় যাব, কার কাছে বিচার দেব? অন্যদিকে তার সাথে যে ঝগড়া করব, সে উপায়ও নেই। কারণ একটাই- আমি নিহনগো পারি না।
এইসব ভাবতে ভাবতে তিন-চার মিনিটের মাথায় ট্যাক্সি চালক আমাকে ডর্মিটরিতে নামিয়ে দিল। ভাড়া মিটিয়ে দিতেই তিনি ‘আরিগাতো গোজাইমাস’ (ধন্যবাদ) বলল। আমি ভাবলাম, এ কোথায় আসলাম রে বাবা? সে আমাকে ঠিকঠাক গন্তব্যে পৌঁছে দিয়েছে, কোথায় আমি তাকে ‘ধন্যবাদ’ জানাব, উল্টো সে আমাকে ধন্যবাদ জানালো। আমি আবার মুগ্ধ হলাম!
দেশ ছেড়ে জাপানে আসার সাত মাস পার হয়ে গেছে, কিন্তু জাপানিদের ‘কন্নিচিওয়া’, ‘গোমেননাসাই’ আর ‘আরিগাতো গোজাইমাস’ বলার অভ্যাস দেখে আজও অভিভূত হই। সূর্যোদয়ের দেশ জাপান ওই প্রথমদিন থেকেই আমাকে তার প্রেমে বিভোর করে ফেলেছিল। হয়তো এ প্রেম অনন্তকালের।
লেখক: প্রবাসী শিক্ষার্থী, পিএইচডি গবেষণারত, চীবা বিশ্ববিদ্যালয়, জাপান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
