ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে গণ-আদালতে প্রবাসীরা
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসন-বিরোধী অভিযানের বিরুদ্ধে নিউ ইয়র্কের চার্চ-ম্যাকডোনাল্ড সড়কদ্বীপের প্রতিকী গণ-আদালতে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেশিজ রাইজিং আপ অ্যান্ড মুভিং (ড্রাম)’ ও ‘জুইশ ফর রেসিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস (জেএফআরইজে)’-সহ বেশ কয়েকটি স্থানীয় সামাজিক সংগঠন এ গণ-আদালত বসায়।
আইস অন ট্রায়াল ক্যাম্পেইন’ শীর্ষক এ কর্মসূচির আওতায় ভার্জিনিয়া, হিউস্টন, ডালাস, শিকাগো, লস এঞ্জেলেস, ফিলাডেলফিয়া, বস্টন, সানফ্রান্সিসকো, সিয়াটল, মায়ামি, আটলান্টাসহ নানা স্থানে গণ-আদালত বসেছে। এসব আদালতে আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা হচ্ছে।
নোয়াখালীর সন্তান মোহাম্মদ ইসলাম বলেন, “দালালকে ৩০ হাজার ডলার দিয়ে ঢাকা থেকে দুবাই-ব্রাজিল-পেরু হয়ে বলিভিয়ায় পৌঁছানোর পর বিভিন্ন দেশের আরও ২০ জনের সাথে মিলিত হই। বলিভিয়া থেকে দুর্গম পথে কলম্বিয়ায়, তারপর নৌকায় ইকুয়েডরে এসে গভীর জঙ্গল পথে পায়ে হেঁটে পানামা সীমান্ত অতিক্রম মেক্সিকো অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়েছিলাম। কিন্তু সীমান্ত রক্ষীরা গ্রেপ্তার করে ফেলে। আমি অ্যাসাইলাম প্রার্থনা করি। এরপর রাখা হয় ডিটেনশন সেন্টারে। টানা তিন মাস অতিবাহিত হলো ডিটেনশন সেন্টারে। জানি না কবে মুক্তি পাব।”
ব্রুকলিনের এই আদালতে প্রতিকী বিচারক ছিলেন নাঈম। দীর্ঘ শুনানী শেষে নাঈম তার মন্তব্যে বলেন, “আইসের অমানবিক আচরণ নতুন কিছু নয়। এর সমর্থনে যথেষ্ট তথ্য-উপাত্তও পাওয়া গেছে। আজ আমরা এই গণ-আদালত থেকেও সত্যিকারের মতামত জানতে সক্ষম হলাম। জনতার আদালতই হচ্ছে গণতান্ত্রিক একটি সমাজের সর্বোচ্চ ফোরাম।”
তিনি অসহায় অভিবাসীদের ধরার পর ডিটেনশন সেন্টারে রাখা ও সরকারি অর্থে নিজ নিজ দেশে পাঠিয়ে দিতে বার্ষিক তিন বিলিয়ন ডলার সাশ্রয় করে সেই অর্থ স্বল্প আয়ের লোকজনের কল্যাণে ব্যয় করার পদক্ষেপ নিতে আহ্বান জানান যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি।
ড্রামের নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তার বক্তব্যে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
