২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশংসায় ভাসলেন বাংলাদেশি শান্তিরক্ষীরা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের ৩০ বছর পূর্তির উপলক্ষে প্রশংসায় ভাসলেন বাংলাদেশি শান্তিরক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 04:20 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

বুধবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বসংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেজ ছাড়াও অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

অনুষ্ঠানে জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনের সভাপতি মিরোস্লাভ লাইচ্যাক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনও বক্তব্য দেন।

Image
অনুষ্ঠানে বক্তব্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ।

অনুষ্ঠানে বক্তব্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব গুতেরেজ বলেন, “মানবাধিকার সুরক্ষার পাশাপাশি গোলযোগপূর্ণ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনাদের ভূমিকা আমাকে মুগ্ধ করেছে। আমি যখনই কোনো মিশনে যাচ্ছি, তখনই উদাহরণ হিসেবে বাংলাদেশের সেনাদের কথা বলি।

“বাংলাদেশের মহিলা পুলিশের দল সোচ্চার রয়েছেন সামাজিক-সম্প্রীতি সুসংহত করতে। আমি সকলকে অভিবাদন জানাচ্ছি।”

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনের সভাপতি মিরোস্লাভ লাইচ্যাক বলেন, “শান্তি বিনির্মাণে দাঙ্গাপূর্ণ অঞ্চলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশি সেনারা উদাহরণ সৃষ্টি করেছেন। গত ৩০ বছরে ১৪২ জন প্রাণ দিয়েছেন শান্তি প্রতিষ্ঠায়। আহত হয়েছেন ২২৩ জন। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেসব প্রাণ উৎসর্গকারী বাংলাদেশিকে।”

শুভেচ্ছা বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “আমি এসেছিলাম বিশ্ব ব্যাংকের অর্থনৈতিক উন্নয়ন সম্মেলনে। ফেরার পথে জাতিসংঘের টেকসই শান্তি প্রতিষ্ঠার উচ্চ পর্যায়ের সম্মেলনেও যোগদানের সুযোগ পেলাম। এরই মধ্যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৩০ বছরের ভ’মিকার প্রশংসা বাক্য শুনে অভিভ’ত হলাম।’

Image
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত কর্মকর্তাদের কয়েকজন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত কর্মকর্তাদের কয়েকজন।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, “বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি আর সমৃদ্ধি ক্ষেত্রে অঙ্গিকারাবদ্ধ ছিলেন। সে দীক্ষায় দিক্ষিত হয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সকলেই বিশ্ব শান্তি বিনির্মাণে বদ্ধ পরিকর। সে আলোকেই বাংলাদেশের শান্তিরক্ষীরা নিরলসভাবে কাজ করছেন।”

স্বাগত বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন শান্তিরক্ষা মিশনের বাংলাদেশি কর্মকর্তাদের অভিনন্দন জানান।

১৯৮৮ সালে ইরাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম অংশ নেয় বাংলাদেশ। এর পর থেকে বিশ্বের ২৭টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সেনারা। বর্তমানে ১১টি দেশে শান্তিরক্ষা মিশনে ৭০৮০ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ৫৪৫৬ জন, নৌবাহিনীর ৩৪০ জন, বিমান বাহিনীর ৫০১ জন এবং পুলিশ বাহিনীর ৭৮৩ জন রয়েছেন। এদর মধ্যে নারী রয়েছেন ১৫৭ জন।

জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, শান্তিরক্ষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এ কে এ মোমেন, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়াও ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!