যুক্তরাজ্য বিএনপির সাম্প্রদায়িক স্লোগানের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে
যুক্তরাজ্য বিএনপির ধর্মীয় বিদ্বেষপূর্ণ সাম্প্রদায়িক স্লোগানের প্রতিবাদ ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নিউ ইয়র্কে ‘সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট-ইউএসএ চ্যাপ্টার’ এ সংবাদ স্মমেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ এপ্রিল লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে বাইরে বিক্ষোভ করে যুক্তরাজ্য বিএনপি। সেই বিক্ষোভে এমন সব স্লোগান দেওয়া হয় যার মধ্য দিয়ে শুশু হিন্দু ধর্মাবলম্বীরাই নন, সকল ধর্মে বিশ্বাসীরাই কষ্ট পেয়েছেন।
বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুল মালেকের বিদ্বেষপূর্ণ সাম্প্রদায়িক স্লোগান সবার জন্যই ‘অশনি সংকেত’ বলে মন্তব্য করেন সংগঠনের মুখপাত্র শুভ রায়।
ইতোমধ্যে এ সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি পুষ্পিতা গুপ্তার নেতৃত্বে লন্ডনেও বিক্ষোভ হয়েছে বলে জানান আয়োজকরা। সেই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শুভ রায় বলেন, “বিএনপির সভাপতি মালেকের ঘৃণ্য সাম্প্রদায়িক তুচ্ছ-তাচ্ছিল্যময় স্লোগান দেশ ও প্রবাসে বাঙালির মাঝে সাম্প্রদায়িক বিদ্বেষ ও ঘৃণা বিস্তারে ভূমিকা রাখবে।”
সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরল আমিন বাবু বলেন, “রাজনৈতিক পরিচয় নয়, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো বর্তমান বিশ্বে এক মহামারী। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ জানানো আমার নৈতিক দায়িত্ব।”
সংগঠক ফাহাদ সোলায়মান বলেন, “হিন্দু দেব-দবী নিয়ে সাম্প্রদায়িক উস্কানীমূলক বক্তব্য ও স্লোগান হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। তার প্রতিবাদ জানাতেই আমরা সেক্যুলার মুভমেন্টের পাশে দাঁড়িয়েছি। আমরা তীব্র নিন্দা ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোর দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মলনে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের বর্তমান পরিচালক ও সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, ব্যবসায়ী বিপ্লব সাহা, সংগঠক বাংলাদেশ ক্লাব ইউএসএ’র সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার, সাংগঠনিক সম্পাদক সুমন, কামাল হোসেন, কুইন্স যুবলীগের সভাপতি নান্টু মিয়া, অ্যাক্টিভিষ্ট দীনেশ মজুমদার, ব্যবসায়ী দেবাশীষ দাস বাবলু, দীনেশ কীতর্নীয়া, আরবার সিমন ও নাজিম উদ্দীন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
