২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউনিখের মাটিতে বর্ষবরণ

গ্রামীণ জীবনে বৈশাখের দ্যোতনা তুলনাহীন। শহরের মেকি বৈশাখ উদযাপনের সাথে গ্রাম্য বৈশাখের মিল সামান্যই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসাইন মোহাম্মদ তালিবুল ইসলাম, জার্মানির মিউনিখ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2018, 11:00 AM

Updated : 11 Oct 2022, 12:17 PM

জীবনে কখনও ঢাকায় থাকিনি বৈশাখে। ঢাকায় থাকাকালীন বৈশাখে একটি পাঞ্জাবি কেনা ছিল বাধ্যতামূলক। কিনেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতাম।

আমাদের বারো মাসে তেরো পার্বণ। উৎসবের যেন শেষ নেই। যেকোনো ছুঁতোয় আমরা আনন্দ করতে পছন্দ করি। বিদগ্ধজনেরা বলেন, বাঙালির প্রায় সব উৎসব সব পার্বণ কোনো না কোনো ধর্মকেন্দ্রিক। গোত্রভুক্ত এসব পালা-পার্বণে ভিন্ন গোত্রের, ভিন্ন ধর্মের মানুষ কদাচিৎ একত্রে অংশ নিলেও মূল উৎসবটি সার্বজনীন নয়। এদিক থেকে বাঙালির একমাত্র সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ।

এদিন বিভিন্ন ধর্ম-গোত্র-বর্ণের মানুষ মিলেমিশে একত্রে পালন করে। ধর্মের সংকীর্ণ আবেশ এতে নেই। এ কারণে বাংলা মাসের প্রথম দিনের এ উৎসব এতোটা ব্যাপক।

শিশুকালে দেখতাম বাড়ির সাথেই বাজারে বিরাট আকারে মেলা বসত। সেই সাথে ঘোড়দৌড়, ষাঁড়ের লড়াই, দড়ি টানাটানি, মোরগ লড়াইসহ প্রাচীন বাংলার নানা খেলা। একবার হলো কি, আমাদের কাকার এক অস্ট্রেলীয় জাতের ষাঁড় নিয়ে আমরা গেলাম প্রতিযোগিতায় অংশ নিতে। অমন সুস্বাস্থ্যবান উঁচা-লম্বা-তাগড়া ষাঁড় অত্র অঞ্চলে দ্বিতীয়টি ছিলো না। আমাদের ষাঁড় দেখেই অন্য প্রতিযোগিরা ভড়কে গেল। তারা লড়াইয়ে অংশ নিতে অপারগতা জানালো। পরিশেষে যুদ্ধ না করেই আমরা প্রথম পুরস্কার হাতে নাচতে নাচতে বাড়ি ফিরলাম।

সেই আমি ছয়-ছয়টা বৈশাখ পার করে দিলাম বিদেশে বসে। গ্রাম তো নয়ই, ঢাকাতেও না, প্রায় আট হাজার মাইল দূরে জার্মানিতে। তবে আমরা যেহেতু বাঙালি, তাই কোনো উৎসব সামনে আসলে তা উপেক্ষা করতে পারি না।

হাজারও ব্যস্ততার মাঝে ঈদ-পূজা-পার্বণ-বৈশাখ সবই বিদেশের জীবনেও অল্প পরিসরে হলেও সব দেশেই বাঙালিরা পালন করে থাকে। তবে বাংলাদেশে যেভাবে বৈশাখের আনন্দ বন্ধুদের সাথে উপভোগ্য হয়ে উঠতো, এখানে তার মাত্রাগত ভিন্নতা রয়েছে। বিদেশে বৈশাখ মানেই খুব খাওয়া-দাওয়া, এরপর সামর্থ অনুযায়ী গান-বাজনা।

সেই দিক বিবেচনায় এবারে আমাদের মিউনিখ শহরে বৈশাখী অনুষ্ঠান একই সাথে আনন্দ-ফূর্তি, গান, নাচ, কবিতা আবৃত্তি, রম্য খবর, খেলা, কুইজ ইত্যাদি মিলিয়ে এক অন্যরকম মিলনমেলা ছিল যেন।

এই মিউনিখ শহরে আমরা কর্মজীবী ও শিক্ষার্থীরা পারিবারিক যে সেতুবন্ধনে আবদ্ধ, তার নাম আড্ডা মিউনিখ। সব সময় সচেষ্ট থাকে সকলকে বিশেষ দিনগুলোতে একত্রিত করতে। সামনে থেকে এই কাজে নেতৃত্ব দিয়ে যাচ্ছে আনা-সুমন দম্পতি আর সংস্কৃতিমনা তুষার ভাই।

গত ১৫ এপ্রিল রোববার বৈশাখের অনুষ্ঠানের আগে ভাড়া করা মিউনিখের এক কমিউনিটি সেন্টার যেন হয়ে উঠে এক টুকরো বাংলাদেশে। নাচ-গান, কবিতা সাথে আছে ঘরোয়া খেলা ও কৌতুক। এসবের অনুশীলন চলছিল প্রায় প্রতিদিন। ব্যাপক খানাদানা তো আছেই।

আমাদের অনুষ্ঠানে বৈশাখী মঞ্চে সকলের সম্মিলিত ছবি তোলা দিয়ে যাত্রা শুরু হয়, তারপর তুষার ভাইয়ের নেতৃত্বে চলতে থাকে নাচ, গান ও ছোটদের কবিতার আসর।। আরও ছিলো মোরগ লড়াই, বাচ্চাদের বিস্কুট দৌড়, ভাবীদের বালিশ চেয়ারসহ কিছু লোকজ খেলা।

প্রায় দুই সপ্তাহ আগে থেকে এই অনুষ্ঠানের সম্পূর্ণ আয়োজন নিয়ে সুমন ভাই, জিয়া ভাই, ফাহিম ভাই, সাকিফ ভাই, তুষার ভাই, রাজিব ভাই, ​​​জেসমিন ভাবী, ​স্বপ্না ভাবী, বেলি ভাবী, আনা আপু, ​তানজিনা সবার আন্তরিক প্রচেষ্টায় বেশ বড় আকারে এই অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়েছে।

সবাই পড়ালেখা, চাকরি ইত্যাদি নানাপ্রকার ব্যস্ততার ফাঁকেও সপ্তাহান্তে মিটিং করে সকল প্রস্তুতি আমরা নিয়েছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে নান্দনিক একটি অনুষ্ঠান সবাই উপভোগ করতে পেরেছে, এটাই আমাদের আনন্দ। অতোটা নান্দনিক নাহয় নাই হলো, বিদেশে বৈশাখ করতে পারছি- এই বা কম কি!

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!