২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার বসন্তের ফুল চেরি

বরফের চাদরের আবরণ আর দীর্ঘ কনকনে শীতের পরেই হাজারও চেরি ফুলের কুঁড়ি ফুটিয়ে দক্ষিণ কোরিয়ায় আগমন ঘটে বসন্তের। এখানে বসন্তের প্রধান আকর্ষণ চেরি ফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.হাসানুল বান্না, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 12:19 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

জাপানি ভাষায় ‘সাকুরা’ নামে পরিচিত এই ফুল। কোরিয়ান ভাষায় একে বলা হয় ‘ফৎ কোছ্’। ‘ফৎ নামু’ মানে হল চেরি গাছ, আর ‘কোছ্’ শব্দের অর্থ হল ‘ফুল’। মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিলের মাঝ পর্যন্ত পুরো দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহর জুড়ে চলতে থাকে এই চেরি উৎসব। সেখানে লাখো মানুষের সমাগম ঘটে।

কোরিয়ান মানুষের কাছে এটি সবচেয়ে পছন্দের সময় ভ্রমণের জন্য। এই ফুলের বৈশিষ্ট্য হলো- এটা বেশিদিন স্থায়ী (৭-১০ দিন) থাকে না। তাই সবাই এই উৎসব মিস করতে চায় না।

গিউংসান প্রদেশের জিনহে শহরে হয়ে থাকে সবচেয়ে বড় চেরি উৎসব, যা এপ্রিলের ১ তারিখে শুরু হয়ে ১০ তারিখ পর্যন্ত চলে। বিশ্বব্যাপী এই উৎসব ‘জিনহে নেভাল পোর্ট ফেস্টিভ্যাল’ নামে পরিচিত। এই শহরে এসে কাউকে চেরি ফুল খুঁজতে যেতে হয় না। কারণ, পুরো শহর জুড়ে ফুটে থাকে অসংখ্য চেরি ফুল।

১৯৫২ সালের ১৩ এপ্রিল, কোরিয়ার ‘জাতীয় নায়ক’ অ্যাডমিরাল ইছান-শিনের স্মরণে সর্বপ্রথম খুব ছোট পরিসরে এই উৎসব শুরু হয়। সময়ের সাথে সাথে এই উৎসব এখন বিশ্বব্যাপী বিখ্যাত উৎসব, যেখানে প্রতি বছর ২০ লক্ষ পর্যটক ভ্রমণ করে থাকে।

উৎসব উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং শহরের সব অলিগলিতে নানারকম কোরিয়ান খাবার ও পণ্য সামগ্রী পাওয়া যায়। এই সময়টাতে সাধারণ মানুষ কোরিয়ার নেভাল একাডেমি এবং নেভাল বেস ঘুরে দেখার সুযোগ পায়, যা অন্য সময় সাধারণের জন্য দেখা সম্ভব না।

এই শহরে চেরি উৎসবের দুটি সুবিখ্যাত জায়গা হলো ইয়েওজাছওন স্ট্রিম ও গেওংহাওয়া রেল স্টেশন।  ইয়েওজাছওন স্ট্রিম হলো চেরি উৎসবের জন্য সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় জায়গা। এখানে একটি সেতু আছে, যেখানে কোরিয়ান বিখ্যাত টিভি সিরিজ ‘রোমান্স’-এর শুটিং হয়েছিল।

এই টিভি সিরিজের দু’জন প্রধান চরিত্র ক্বানউ ও ছাওয়ন পর্যটক হিসেবে প্রথম এই সেতুতে মিলিত হয়। টিভি সিরিজটি প্রচারিত হবার সাথে সাথেই এই সেতুটি জনপ্রিয়তা লাভ করে এবং বিশ্বব্যাপী ‘রোমান্স ব্রিজ’ নামে পরিচিতি পায়।

আরেকটি বিখ্যাত জায়গা হলো গেওংহাওয়া রেল স্টেশন। এখানে ২০০৬ সালের পর থেকে ট্রেন চলাচল অনিয়মিত হয়ে গেছে। এখন এই পথ দিয়ে ট্রেন গেলেও পর্যটকদের ভিড়ের কারণে খুবই ধীর গতিতে যায়। আটশ’ মিটার রেলপথ জুড়ে প্রচুর পরিমাণ চেরি ফুল ফুটে থাকে, যা পর্যটকদের জন্য ছবি তোলার খুব সুন্দর জায়গা।

সত্যি আপনি পরম বিস্ময়ভরে তাকিয়ে থাকবেন যখন দেখবেন, চেরি ফুলের পাপড়িগুলো বরফের মত পড়ছে, আর তার নিচ দিয়ে হর্ন বাজিয়ে ট্রেন ধীরে ধীরে রেল লাইন অতিক্রম করছে। আপনি যদি এখানে ছবি তুলতে চান, তবে অবশ্যই আপনাকে সকালে যেতে হবে। নাহলে একটু বেলা গড়াতেই দেখবেন সেখানে এতো মানুষ যে আপনি ছবি তোলার জায়গা খুঁজে পাবেন না।

যদি আপনি কোরিয়ায় সম্পূর্ণ ভিন্ন উপায়ে চেরি উৎসব দেখতে চান, তবে আপনাকে যেতে হবে ‘গিয়ংজু চেরি ম্যারাথন’ উৎসবে, যা কিনা এপ্রিলের ১ থেকে ১০ তারিখের মধ্যে হয়ে থাকে। ম্যারাথন শুনে ভয় পাবেন না, এখানে তিন ক্যাটাগরিতে এই ম্যারাথন হয়।

রাস্তার দুই ধারে আপনাকে স্বাগত জানাবে হাজারও চেরি ফুল এবং এর মাঝ দিয়ে আপনি অংশ নিতে পারেন হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার ম্যারাথন অথবা পাঁচ কিলোমিটার ম্যারাথনে। বসন্তের বাতাস, সাথে হাজারও চেরি ফুল ও বেলুন, সেইসাথে হরেক পদের মিষ্টান্ন, আর আতশবাজিও- আপনাকে বাধ্য করতে পারে এই মারাথনে অংশ নিতে।

নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য যদি আপনাকে টানে, তবে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলো এবং বসন্তকাল হতে পারে ভ্রমণের জন্য উপযুক্ত সময়।

লেখক: প্রবাসী বাংলাদেশি, পিএইচ.ডি গবেষক, ফটোনিক ন্যানো ম্যাটেরিয়ালস ল্যাবরেটরি, দক্ষিণ কোরিয়া।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!