২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বৈশাখী মেলা

পহেলা বৈশাখকে সামনে রেখে বৈশাখী মেলার আয়োজন করেছে অস্ট্রেলিয়ার সিডনি বঙ্গবন্ধু পরিষদ শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 08:07 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

স্থানীয় সময় শনিবার বিকেলে সিডনি ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে  ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানে এ মেলা শুরু হয়।

শিশু রুহির নাচের পর সুমিত্রা দে’র পরিচালনায় শিশুরা অন্যান্য পরিবেশনায় অংশ নেয়।

কাইয়ুম পারভেজের পরিচালনায় প্রবাসীরা কবিতা আবৃত্তিতে অংশ নেন। নাবিলা স্রোতস্বিনী ও নিলুফার ইয়াসমিন গান পরিবেশন করেন। কবিতা পাঠ করেন নুসরাত জাহান স্মৃতি।

ফারিয়া আহমেদের পরিচালনায় ভবের হাট সঙ্গীত পরিবেশনের পর ‘লাল সবুজ ব্যান্ড দল’ গান গেয়ে মেলার দর্শকদের মাতিয়ে রাখে।

সন্ধ্যায় মেলা কমিটির অন্যতম সদস্য সিরাজুল হকের পরিচালনায় অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিবিদ, সংসদ সদস্য ও কাউন্সিলররা উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।

মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহাজাদা সবাইকে ধন্যবাদ জানান।

মিশা ও স্মিথা বড়ুয়া নৃত্য ও আমিনা মতিন গান পরিবেশন করেন। কৃষ্টি ব্যান্ডের গান পরিবেশনের পর সালমিন তানহার পরিচালনায় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

দুপুর থেকেই বৈশাখী সাজে প্রবাসীরা মেলা প্রাঙ্গনে আসতে থাকেন। মাঠে গোল করে বসানো সারি সারি স্টল, ঝালমুড়ি, চানাচুর, ফুচকা-চটপটি ও বিরিয়ানিসহ স্টলগুলোতে নানা বাঙালি খাবারের পসরা সাজিয়ে বসেছেন সিডনির প্রবাসীরা।

মেলায় অস্ট্রেলিয়ার বাংলা পত্রিকা ‘স্বদেশ বার্তার’ পক্ষ থেকে ফ্রি র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। এতে লটারির মাধ্যমে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীদের পুরস্কার দেন পত্রিকাটির প্রধান সম্পাদক ফয়সাল আজাদ ও ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক।

সবশেষে আতশবাজির মধ্য দিয়ে বৈশাখী মেলা শেষ হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!