শান্তিরক্ষীদের নিরাপত্তায় জাতিসংঘে রেজ্যুলেশনের আহ্বান
যুক্তরাষ্ট্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উন্নয়নে সম্মিলিত পদক্ষেপ’ শীর্ষক এক মুক্ত আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ।
বুধবার নিরাপত্তা পরিষদের এ সভায় সভাপতিত্ব করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুথ।
সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সাম্প্রতিক সময়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত শান্তিরক্ষীদের ব্যাপক হতাহতের প্রেক্ষাপটে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সাধারণ পরিষদে রেজ্যুলেশন আনার আহ্বান জানান।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয়ো গুতেরেজ বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষীরা দাঙ্গা-কবলিত এলাকায় যাচ্ছেন প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র ছাড়াই। এমনকি অধিকাংশ সময়ই কমান্ডিং অফিসারের সাথেও তাদের সমন্বয় থাকে না। ভাষা এবং সংস্কৃতিগত ব্যবধান, ট্রেনিংয়ে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনার অভাবও রয়েছে বিভিন্ন মিশনে দায়িত্ব পালনরতদের মধ্যে।”
সভায় শান্তিরক্ষীদের উচ্চতর প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জাতিসংঘ মহাসচিব। সংশ্লিষ্ট অঞ্চলগুলোর রাজনৈতিক-সামাজিক মতদ্বৈততার অবসান ঘটাতে বাস্তবতার আলোকে সংশ্লিষ্টদের মধ্যে আলাপ-আলোচনার করে স্থায়ী শান্তির লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মহাসচিব।
শান্তিরক্ষায় রাজনৈতিক প্রক্রিয়ার উপর জোর দিয়ে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “শান্তিরক্ষার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়া একটি অপরিহার্য বিষয়। যখন রাজনৈতিক প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়ে, তখন বেসামরিক জনগণের নিরাপত্তা অরক্ষিত হয়ে যায় এবং শান্তিরক্ষীরাও অসম ঝুঁকির মধ্যে পড়েন।”
গত বছর ৫৯ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আগের বছর এ সংখ্যা ছিল ৩৪, অর্থাৎ দায়িত্ব পালনকালে নিহত হবার ঘটনা বেড়েছে।
১৯৪৮ সাল থেকে ২৮ মার্চ পর্যন্ত মোট ৩ হাজার ৭০৯ জন শান্তিরক্ষী মারা গেছেন। এর মধ্যে ১৩০ জন বাংলাদেশিও রয়েছেন। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে ও সর্বাধিক সংখ্যক সেনা সরবরাহ করছে বিভিন্ন মিশনে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
