সুইজারল্যান্ডে গণহত্যা দিবসের আলোচনা সভা
গণহত্যা দিবস উপলক্ষে সুইজারল্যান্ড আওয়ামী লীগ এক আলোচনা সভা করেছে।
রোববার আয়োজিত এ আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমনি এমপি।
এ সময় দীপুমনি বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ বিশ্ব ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। বাঙালি জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী সেদিন যে পৈশাচিক নির্যাতন চালিয়েছিলো, তা বাংলার মুক্তিকামী মানুষকে দমিয়ে রাখতে পারে নাই।”
বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ আ.স.এম ফিরোজ এমপি তার বক্তব্যে বলেন, “বীর বাঙালি ৩০ লাখ মানুষের জীবন বিসর্জন ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে। আর তাই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।”
বিশেষ অতিথি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, “গণহত্যা দিবস পালনের অন্যতম উদ্দেশ্য হলো ইতিহাসের জঘণ্যতম এই হত্যাযজ্ঞের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা। আর এজন্য সরকার এবং বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসসমূহ কাজ করে যাচ্ছে। আর এই স্বীকৃতি অর্জনের মাধ্যমেই শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পরিপূর্ণতা পাবে।”
সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শ্যামল খানের উপস্থাপনায় বক্তব্য দেন অধ্যাপক হাবিবে মিল্লাত, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া, সাবেক সভাপতি হারুনুর রশিদ ব্যাপারী ও অনলাইন অ্যাক্টিভিস্ট অমি রহমান পিয়াল।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
