জাতিসংঘ মহাসচিবকে পানি সংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর
যুক্তরাষ্ট্রে জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের ঊর্ধ্বতন প্রতিনিধির কাছে পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।
বুধবার জাতিসংঘ মহাসচিবের অফিস কক্ষে পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেল (এইচএলপিডব্লিউ)-এর সদস্যরা পানি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর তাদের সুপারিশ সম্বলিত চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে।
এ সময় এইচএলপিডব্লিউ-এর সদস্যদের প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্যানেল সদস্য শেখ হাসিনার পক্ষে এইচএলপিডব্লিউ-এর এ চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিবেদন হস্তান্তরের পর রাষ্ট্রদূত মাসুদ বলেন, “আমাদের সর্বোচ্চ নেতাদের পক্ষে আজ আমরা যে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলাম, তা সংশ্লিষ্টদের এসডিজি বাস্তবায়ন এবং সকলের জন্য ‘পানি-নিরাপদ’ পৃথিবী গড়ার ক্ষেত্রে পানিসংক্রান্ত অর্থবহ পদক্ষেপ গ্রহণে পথ দেখাবে।”
রাষ্ট্রদূত মাসুদ বলেন, “বাংলাদেশ সকলের জন্য নিরাপদ খাবার পানি ও নিরাপদ পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে চ্যাম্পিয়ন হিসেবে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। এখন আমাদের লক্ষ্য ২০২০ সালের মধ্যে সকলের জন্য সরাসরি নিরাপদ খাবার পানির সংস্থান নিশ্চিত করা।”
জলবায়ু পরিবর্তন ও অনবরত দুর্যোগের মতো বিষয়গুলো বিশ্বব্যাপী নিরাপদ পানির সংকটকে বহুগুণে বাড়িয়েছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব নিশ্চিয়তা দেন, পানি সংক্রান্ত কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এইচএলপিডব্লিউ নেতাদের প্রণীত এই প্রস্তাবনাগুলো জাতিসংঘ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো জাতীয় পর্যায়ে পানি সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে এই সুপারিশমালা থেকে দিক-নির্দেশনা নেবে বলে জাতিসংঘ মহাসচিব প্রত্যাশা ব্যক্ত করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
