যুক্তরাষ্ট্রে পুলিশ পাহারায় আ. লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর সাজার রায়ে যুক্তরাষ্ট্রে পুলিশ পাহারায় পরস্পরবিরোধী কর্মসূচি করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট অফিসের সামনে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিএনপির বিক্ষোভ থেকে কন্স্যুলেট ভবনে হামলার আশংকায় একই সময়ে আওয়ামী লীগও মানববন্ধনের পাল্টা কর্মসূচি পালন করলে ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয়।
কন্স্যুলেট অফিসের সামনে রাস্তার দুই পারে উভয় দলের নেতা-কর্মীদের পরস্পরবিরোধী স্লোগান ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ঘটনা ঘটলেও বেশ কয়েক ডজন পুলিশের উপস্থিতিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৩ ঘণ্টা স্থায়ী এ কর্মসূচি শেষ হয়।
আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচি
এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “আদালতের রায় যারা মানতে চায় না তারা গণতন্ত্রের শত্রু। এদেরকে চিহ্নিত করতে হবে। যারা হাই কমিশনে হামলা করে তারা বাংলাদেশের শত্রু। ওরা জামায়াত-শিবিরের অ্যাজেন্ট।”
সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, “স্বল্প সময়ের নোটিশে আজকের এ কর্মসূচিতে নেতা-কর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে দলীয় নেতা-কর্মীরা আবারো প্রমাণ দিলেন যে বাংলাদেশের বিরুদ্ধে যে কোন অপতৎপরতা প্রতিহত করতে মুজিবসৈনিকরা বদ্ধ পরিকর।”
অন্যদিকে বিএনপির কর্মসূচি থেকে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, “বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার মতলবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলায় ফরমায়েসি রায় দেওয়া হয়েছে, যা প্রবাসীরা কখনোই মেনে নেয়নি।”
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সহ সভাপতি গিয়াস আহমেদ বলেন, “বাংলাদেশকে হায়েনামুক্ত করতে দেশ ও প্রবাসে একযোগে আন্দোলনের বিকল্প নেই।”
বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “ব্যাংক থেকে হাজার কোটি টাকা যারা চুরি করছে তাদের বিরুদ্ধে মামলা দূরের কথা, নামটি পর্যন্ত উচ্চারিত হচ্ছে না। এমন সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।”
সংগঠনটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান ভূইয়া বলেন, “তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া পর্যন্ত প্রবাসে আন্দোলন চলবে।”
যুবদল নেতা এম এ বাতিন বলেন, “শহিদ রাষ্ট্রপতি জিয়ার পরিবার কখনো অন্যায় করেনি। তবু বেগম জিয়াকে কারাগারে ঢুকিয়ে মূলত গোটা বাংলাদেশের মানুষকেই ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জিল্লুর রহমান, জসীম ভূইয়া, জসীমউদ্দিন, জাকির এইচ চৌধুরী, মিল্টন ভূইয়া, গোলাম ফারুক শাহীন, পারভেজ সাজ্জাদ, রফিকুল ইসলাম ডালিম, ফারুক হোসেন মজুমদার, কাজী আজম, রাফেল তালুকদার, এম এ সবুর, আবু সাঈদ আহমেদ, মাজহারুল ইসলাম জনি ও জাহাঙ্গির সোহরাওয়ার্দি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
