২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার রায়ে নিউ ইয়র্কে মধ্যরাতে পাল্টাপাল্টি সমাবেশ

বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা টাকা আত্মসাতের দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড রায়ে পাল্টাপাল্টি কর্মসূচি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 03:47 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে মধ্যরাতে প্রায় একশ গজের ব্যবধানে আওয়ামী লীগ আনন্দ-উল্লাস এবং বিক্ষোভ করেছে বিএনপি।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ধ্যা থেকেই পালকি পার্টি সেন্টারসহ আশপাশের এলাকায় অবস্থান নেন। স্যাটেলাইট টিভিতে রায় শোনার পর উল্লাসে করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “আইনের শাসনের ক্ষেত্রে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গিকারের আরেকটি পর্ব অতিবাহিত হলো। এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা স্পষ্ট হলো।”

অন্যদিকে এ আনন্দ কর্মসূচির স্থান থেকে প্রায় একশ গজ দূরে হাটবাজার পার্টি হলে সন্ধ্যা থেকেই বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। রায় শোনার পর তারা ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

Image
রায়ে ক্ষুব্ধ  যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা

রায়ে ক্ষুব্ধ  যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা

এসময় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে দেওয়া এ রায় কখনোই প্রবাসীরা মেনে নেবেন না।”

তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের মুখোশ উন্মোচিত হলো। বাংলাদেশের বিচারবিভাগ যে স্বাধীন নয়, তারও বহিঃপ্রকাশ ঘটলো।”

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, “আমরা জাতিসংঘের সামনে, হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে মানববন্ধনসহ কংগ্রেসের সব সদস্যকে জানাবো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এমন নগ্ন আচরণ সম্পর্কে।”

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন বলেন, “সরকারের স্বৈরাচারী মনোভাবে ধৈর্যের বাধ ভেঙ্গে যাচ্ছে। প্রবাস থেকেই দুর্বার আন্দোলন করতে হবে।”

‘এ রায় পুরোপুরি ফরমায়েসি’ অভিযোগ করে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “এক ব্যক্তিকে খুশি করে পদোন্নতির লোভে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে রায় দেওয়া হলো। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!