২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বছর পর বাংলাদেশ-আমিরাতের যৌথ কমিশনের বৈঠক

৮ বছর পর সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশের যৌথ কমিশনের বৈঠক হতে যাচ্ছে যাতে দেশটিতে বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত পাঁচ বছরের নিষেধাজ্ঞা জটিলতা অবসানের আশা করছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহামম্দ ইমরান।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবির বাপপি, আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 09:56 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় আবুধাবির আমিরাত ফেডারেল সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস প্রধান ইমরান।

দুই দেশের যৌথ কমিশনের চতুর্থ সেশনের এ বৈঠকে বাংলাদেশের হয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান এবং আমিরাতের পক্ষে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার বিন মোহাম্মদ গারগাশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়ার কথা রয়েছে।

রাষ্ট্রদূত ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমদিন দ্বিপক্ষীয় বৈঠকের পর দ্বিতীয় দিন বৈঠকের কার্যবিবরণী সই হবে। তার ভিত্তিতেই ভবিষ্যত কর্মপন্থা নির্ধারিত হবে।”

এতে দীর্ঘ সাড়ে পাঁচ বছর ধরে আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকার বিষয়টি আলোচনা হবে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, “অবশ্যই হবে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সবগুলো দিক নিয়েই আলোচনা হবে এবং বৈঠকের ফলাফল ইতিবাচক হবে বলে আমরা আশাবাদী।”

বৈঠকের জন্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এর মধ্যে আবুধাবি এসে পৌঁছেছেন।

তিনি ছাড়াও বৈঠকে বাংলাদেশের একজন সচিব সহ অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র, বেসামরিক বিমান চলাচল, প্রবাসী কল্যাণ, জ্বালানীসহ বিভিন্ন আন্ত: মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ১৭ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ থেকে আমিরাতে এসেছেন।

এর বাইরে বৈঠকে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, দুবাইয়ের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, আবুধাবি দূতাবাসের মিনিস্টার ইকবাল আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আমিরাতের পক্ষ থেকে বৈঠকে দেশটির পররাষ্ট্র, স্বরাষ্ট্র, মানব সম্পদ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, দুবাই পোর্ট ওয়ার্ল্ড, আবুধাবি ফান্ড ফোর ডেভেলপমেন্ট সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ২০ সদস্য অংশ নেবেন। 

রাষ্ট্রদূত ইমরান জানান, বৈঠকে দুই দেশের মধ্যে ভিসা ইস্যু ছাড়াও নিরাপত্তা, জঙ্গিবাদ মোকাবেলা, শিক্ষা, বিনিয়োগ এবং বিভিন্ন ধরনের  বাণিজ্য নিয়ে আলাপ হওয়ার কথা রয়েছে। 

এর আগে ১৯৮১, ১৯৯১ ও ২০০৯ সালে দুই দেশের যৌথ কমিশনের অন্য তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। প্রতি ৩ থেকে ৪ বছর পরপর এ যৌথ কমিশনের বৈঠক হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা অনিয়মিত হয়ে পড়েছিল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!