২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে ৫৩ শিক্ষার্থী দিচ্ছে এসএসসি পরীক্ষা

সারাদেশের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও ৫৩ প্রবাসী শিক্ষার্থী দুইটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 07:05 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১০ টা) বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় এসব পরীক্ষার্থীরা।

আরব আমিরাতে যে দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে সেগুলো হলো- রাজধানী আবুধাবির ‘শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’ এবং উত্তর আমিরাতের রাস-আল খাইমাহ এর ‘বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’।

শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারের এসএসসি পরীক্ষায় ৩৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ২৫ জন ছাত্রী রয়েছে। এরা সবাই ইংরেজি মাধ্যমে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।”

দূতালয়ের কাউন্সিলর (রাজনৈতিক) শহীদুজ্জামান ফারুকী আবুধাবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে রাস-আল খাইমাহ এর বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যে ১৮ জন পরীক্ষা দিয়েছে তারাও সবাই ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী বলে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি জানান, পরীক্ষার্থীদের মধ্যে ৭জন বিজ্ঞান বিভাগের এবং ১১ জন বাণিজ্য বিভাগের।

দুবাই কনস্যুলেটের তদারকিতে অনুষ্ঠিত প্রথমদিনের পরীক্ষায় কনস্যুলেটের প্রথম সচিব ও এইচ ও সি প্রভাস লামা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্রগুলোতে কোনও ধরনের ঝামেলা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের বাইরে উৎকণ্ঠিত অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

গত বছর আমিরাতের এ দুইটি প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শতভাগ শিক্ষার্থী পাস করেন। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!