২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কুইন্স লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের বই

যুক্তরাষ্ট্রের কুইন্স পাবলিক লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক বই উপহার দিয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 03:03 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানে লাইব্রেরির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নিক বুরনকে প্রায় একশ বই দেন কনসাল জেনারেল শামীম আহসান।

অনুষ্ঠানে তিনি বলেন, “হাজার বছরের ঐতিহ্যের বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বহুজাতিক সমাজকে জানাতে আমরা বহুমুখী কাজ করছি। তারই অংশ হিসেবে এসব বই দেওয়া হলো এবং এটি হচ্ছে শুরু। সামনের দিনগুলোতে নিউ ইয়র্ক ও অন্য শহরের পাবলিক লাইব্রেরিতেও বই দেওয়া হবে।”

কুইন্স লাইব্রেরির ৬২টি শাখার সমন্বয়কারি বাংলাদেশি-আমেরিকান সেলিনা শারমিনের উদ্যোগে লাইব্রেরিতে তৈরি হওয়া ‘বাংলাদেশ কর্নারে’ বাংলা ও ইংরেজিতে লেখা এ বইগুলো জায়গা পেয়েছে।

এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেলিনা শারমিন বলেন, ‘যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি প্রজন্ম ও বিশ্বের ইতিহাস-ঐতিহ্য নিয়ে গবেষণায় আগ্রহীরা এসব বই পড়ে উপকৃত হবেন। কুইন্সের ৬২টি লাইব্রেরিতেই বিনামূল্যে ঢোকার ও বই বাসায় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।”

তিনি জানান, এ বইগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, সৈয়দ মুজতবা আলী রচনাবলী, শাহরিয়ার কবিরের ‘যুদ্ধাপরাধীদের বিচার- ৪২ বছরের আন্দোলন’ ও শেখ হাসিনার লেখা ‘দ্য কুয়েস্ট ফর ভিশন ২০২১’ ইত্যাদি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ‘নিউ আমেরিকান প্রোগ্রামের’ সহকারী পরিচালক ফ্রেড গিটনার, লাইব্রেরির সহকারী পরিচালক ক্যাথি চেন, ব্যবস্থাপক আব্দুল্লাহ জাহিদ ও সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!