২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিশক্তি হারানো প্রবাসী নজরুল অবশেষে দেশে ফিরছেন

তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্মৃতিশক্তি হারানো প্রবাসী নজরুল ইসলাম অবশেষে দেশে ফিরছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 02:31 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

নজরুল ইসলাম (৪৪) সুনামগঞ্জ জেলার ছাতক থানার রাধানগর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত তোফাজ্জল আলীর ছেলে।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় পক্ষাঘাতগ্রস্ত এ প্রবাসীকে ফিরিয়ে আনা হচ্ছে। বুধবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ কর্মকর্তা মোল্লা ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নজরুলের শারীরিক অবস্থা বিবেচনা করে বিশেষ স্ট্রেচারে করে একজন ফিলিপিনো নার্সের পরিচর্যায় দেশে পাঠানো হচ্ছে। এতে খরচ হচ্ছে ৭-৮ লাখ টাকা। পুরো খরচ সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে।”

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় মাফরাক হাসপাতালে গত তিন বছর ধরে স্মৃতিভ্রষ্ট ও পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন নজরুল।

Image
নজরুলের পারিবারিক ছবি

নজরুলের পারিবারিক ছবি

আরেক প্রবাসী মোহাম্মদ মোবিন তার খোঁজ জানার পর আবুধাবি প্রবাসী সমাজকর্মী নুরুল আবছারকে জানান।

এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘স্মৃতিশক্তি হারানো এক আবুধাবি প্রবাসী পড়ে আছেন হাসপাতালে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম বিভাগ অসুস্থ নজরুলকে দেশে ফেরত পাঠাতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে।

এর আড়াই মাস পর আইনি প্রক্রিয়া ও অন্যান্য সব প্রস্তুতি শেষ করে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা নেয় বাংলাদেশ দূতাবাস।

দশ বছর আগে আবুধাবিতে এসে শহরের উপকণ্ঠে স্থানীয় এক আরবের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন নজরুল।

বাংলাদেশে তার মা, স্ত্রী, দুই মেয়ে সোমা বেগম (১৬) ও সামি আকতার (১৩), দুই ছেলে নুরুল আহমদ (৭) ও আবদুল্লাহ (৪) রয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!