২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিশক্তি হারানো এক আবুধাবি প্রবাসী পড়ে আছেন হাসপাতালে

আবুধাবি প্রবাসী সুনামগঞ্জের রেমিটেন্স কর্মী নজরুলের কাচের ফ্রেইমে বাঁধানো একটি ছবি আছে। এ ধরনের ছবি বাংলাদেশের বহু জনপদ গ্রাম-মহকুমায় প্রবাসীদের ঘরে ঘরে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 05:58 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

শখ করে তোলা নিজের ছবির সঙ্গে ‘আরবাব’ বা স্পন্সরের ছবিও জুড়ে দেওয়া। কারণ প্রবাসীদের কাছে স্পন্সর যেন খোদার নিজ হাতে পাঠানো তার রিজিকের উছিলা।

এ প্রবাসী নজরুল ইসলাম (৪৪) সুনামগঞ্জ জেলার ছাতক থানার রাধানগর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত তোফাজ্জল আলীর ছেলে। পেট্রো প্রাচুর্যে ভরপুর সংযুক্ত আরব আমিরাতে এসেও যিনি পারলেন না ভাগ্যকে বদলাতে। দু:খে যার জীবন গড়া, তার জন্য এ আর নতুন কি!

ছকে বাঁধা নজরুলের জীবন চলছিলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। কিন্তু ভাগ্য যে এ দীনহীন পরবাসীর আরো খেলবে কে জানতো তা!

Image
নজরুলের পারিবারিক ছবি

নজরুলের পারিবারিক ছবি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিন বছর ধরে আবুধাবির বিশেষায়িত মাফরাক হাসপাতালে স্মৃতিভ্রষ্টতা নিয়ে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

টানাটানির ৩ বছরে একবারও পাষাণ হৃদয় গলেনি স্পন্সরের। দেশে একটি ইন্সুরেন্স কোম্পানির ব্রোকার নজরুলের ছোট ভাই মোহাম্মদ বাবুল বলেন, “আরবাবর সাথঅ যোগাযোগ খরছি ফাত্তা দেয় নাই, হোয়াটস আফঅ আররি তর্জমা খরি মেসেজ দিলাইন, উত্তর নাই। বাই কি হালত আছে জাইনবার গতি নাই, আমার ৮ হাজার বেতনে ৯ জন মাইনসের খানি যোগান দিতাম ফারি না, আর্থিক অবস্থা বড় খারাফ, বড় সংখটত আছি।”

বহু আশা করে দুটো বাড়তি আয় করে পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য আমিরাত পাড়ি জমিয়েছিলেন নজরুল। প্রথম কয়েক বছর অবৈধ থাকার পর ১০ বছর ধরে আবুধাবির উপকণ্ঠে স্থানীয় এক আরবের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন।

তিন বছর আগে বাজারে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে চলন্তি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এতে দীর্ঘদিন হাসপাতালে সংজ্ঞাহীন থাকার পর জ্ঞান ফিরে এলেও তিনি স্মৃতিভ্রষ্ট ও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। আরব স্পন্সরও বন্ধ করে দেন যোগাযোগ।

Image
মালিকের ছবিসহ প্রবাসী নজরুল

মালিকের ছবিসহ প্রবাসী নজরুল

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যটির দুর্ঘটনায় পড়ে যাবার পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় উৎকণ্ঠায় পড়েন তার স্ত্রী, দুই মেয়ে সোমা বেগম (১৬) ও সামি আকতার (১৩) , দুই পুত্র নুরুল আহমদ (৭) ও আবদুল্লাহ (৪), বৃদ্ধা মা ও পরিবারের অন্য সদস্যরা।

সম্প্রতি আরেক প্রবাসী মোহাম্মদ সুমনের কাছ থেকে নজরুলের খোঁজ-খবর ও ঠিকানা পান আবুধাবি প্রবাসী সমাজকর্মী নুরুল আবছার। তিনি দূতাবাসের মাধ্যমে নজরুলকে দেশে আত্মীয়-পরিজনদের কাছে পাঠানোর উদ্যোগ নেন।

নুরুল আবছারের মাধ্যমে পরিবার-পরিজনদের সঙ্গে আলাপচারিতা হলে নজরুল তার স্মৃতিভ্রষ্টতার সমস্যা বর্তমানে কিছুটা কাটিয়ে উঠছেন। চিকিৎসকরা জানান, দেশে স্বজনদের কাছে সে ফিরে গেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

নজরুলের স্বদেশে ফেরা নিয়ে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের আইনি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলম জানান, তারা বিষয়টি অবগত আছেন ও নজরুলকে দেশে পাঠানোর ব্যয় অনুমোদনের জন্য সরকারি নির্দেশনার অপেক্ষায় আছেন।

প্রবাসে দীর্ঘ পরিত্যক্ত এ প্রান্তিক রেমিটেন্স সৈনিককে দ্রুত দেশে তার পরিবার পরিজনদের কাছে পাঠানো ও তার পুনর্বাসনে সরকারি সহযোগিতা প্রয়োজন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!