২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস

কানাডায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সদেরা সুজন, কানাডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 10:33 AM

Updated : 11 Oct 2022, 02:51 PM

স্থানীয় সময় শনিবার সকালে অটোয়ায় বাংলাদেশ হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের সূচনা করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান।

এরপর বায়ান্ন ভাষা আন্দোলন থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

বিজয় দিবসের কর্মসূচীর দ্বিতীয় ভাগে রোববার অটোয়ার ব্রন্সন সেন্টারের ম্যাক হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ। সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান আলাউদ্দিন ভুঁইয়া।

অনুষ্ঠানের শুরুতেই ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতির বাণী পাঠ করেন হাই কমিশনের মিনিস্টার নাইম উদ্দিন আহমেদ। প্রধামন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মো.সাখাওয়াত হোসেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (রাজনৈতিক) আলাউদ্দিন ভুঁইয়া ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (কনস্যুলার) অপর্ণা রাণী পাল।

রাষ্ট্রদূত মিজানুর রহমান বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ছিল বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অধ্যায়। আর সেই দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৬ ডিসেম্বর, যে কারণে এ দিবসের তাৎপর্য এতো ব্যাপক।”

তিনি বলেন, “মিশনের আন্তরিক প্রয়াসের ফলে কানাডায় একটি কনস্যুলেট অনুমোদন করেছেন সরকার এবং আগামী বছরের প্রথম ভাগেই তা চালু হবে। কানাডা প্রবাসী বাংলাদেশিদের সেবায় মিশন সংকল্পবন্ধ। তাদের কল্যাণে বাংলাদেশ দূতাবাস অব্যাহতভাবে কাজ করে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যে ব্যাপক কর্মযজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রহণ করেছেন, তাকে সফল করার জন্য সকলকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।”

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক ও জাগরণের গান, নাচ ও কবিতা পরিবেশন করেন অটোয়া, টরন্টো ও দূতাবাসের শিল্পীরা। গান পরিবেশন করেন শিল্পী ডালিয়া, অজন্তা, শামা, সাখাওয়াত, আফিয়া, মাহমুদ, সোহেল, সাদী, আরেফিন, সাখাওয়াত হোসেন, শারমিন সিদ্দীক শামা, ফারজানা মাওলা অজন্তা, শিশির শাহনেওয়াজ, ডালিয়া ইয়াসমীন ও আরেফিন কবীর। কবিতা আবৃত্তি করেন আফিয়া বেগম, গিয়াস ইকবাল সোহেল, দেওয়ান মাহমুদ ও শিশু আবৃত্তিকার ফাতিমা সাইয়িদা সহীহ।

শিশু শিল্পীদের মধ্যে গান পরিবেশন করে অ্যালিসিয়া, আলিনা, ইষতি ও ওয়াজিদ। তবলায় ছিলেন সাদী রোজারিও এবং কি-বোর্ড ও গিটারে ছিলেন আরেফিন কবীর। অনুষ্ঠানে নাচ পরিবেশন করে শিশুশিল্পী অঙ্কিত পল ও রিয়া পল। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!