২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর জন্য নৌকায় মঞ্চ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫৫ ফুট দীর্ঘ নৌকার ওপর তৈরি মঞ্চে সংবর্ধনা দেবে ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 12:08 PM

Updated : 11 Oct 2022, 02:32 PM

স্থানীয় সময় শনিবার জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা।

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ‘ম্যারিয়ট মারকুইজ’ হোটেলের বলরুমে নৌকার ওপর নির্মিত ওই মঞ্চে এ সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অবিস্মরণীয় গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। গান পরিবেশন করবেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর ও শহীদ হাসান। মঞ্চের পেছনের স্ক্রিনে ৬ দফার প্রতীকও রাখা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

‘নাগরিক সংবর্ধনা’ সমাবেশে প্রধানমন্ত্রীর ছেলে ও আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও বক্তব্য দেবেন বলে সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান বলেন, “শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিশ্ব শান্তি মডেলের প্রণেতা এবং সর্বশেষ রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের মধ্য দিয়ে ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাবপ্রাপ্ত রাষ্ট্রনায়ক। তাই তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের নামে যদি কেউ অশালীন আচরণ করতে চায়, তাহলে প্রচলিত রীতি অনুযায়ী এসব অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।”

জাতিসংঘের ৭২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে নিউ ইয়র্কে আসছেন শেখ হাসিনা। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন প্রকাশনা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান আরও জানান, “২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ায় থাকবেন। সে সময় আমরা চেষ্টা করবো সাংগঠনিক ও সামনের বছরের জাতীয় নির্বাচনে প্রবাস থেকে কীভাবে সহায়তা দিতে পারি, তা নিয়ে খোলামেলা আলোচনার।”

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সেক্রেটারি ইমদাদ চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকারসহ আরও অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!