২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

আনন্দ উৎসব আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও কোরবানির ঈদ উদযাপন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাহাদুল সুহেদ, স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 10:25 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

স্থানীয় সময় শুক্রবার স্পেনে বসবাসরত মুসলমান প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নেন।

রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনাসহ স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায়, একে অপরের বাসায় গিয়ে ঈদের কুশলাদি বিনিময় করে ঈদের দিনটি আনন্দময় করার চেষ্টা করেন।

তবে স্পেনে ঈদের দিন সরকারী ছুটি না থাকায় নামাজ আদায় করেই অনেককেই কাজে ছুটতে দেখা গেছে।

মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত  লাভাপিয়েসের  বায়তুল  মুকাররম বাংলাদেশি  মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে পার্কে কাসিনোর খোলা ময়দানে  সকাল সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায় দুইটি জামাতে বাংলাদেশ, পাকিস্থান, মরক্কো, সেনেগালসহ বেশকিছু দেশের কয়েক হাজার মুসুল্লী অংশ নেন। 

স্পেনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এম হারুন আল রাশিদসহ স্থানীয় কমিউনিটির নেতারা ঈদের নামাজ আদায় করেন ও সকলের সাথে কুশল বিনিময় করেন। নামাজ  শেষে খুতবায় বিশ্ব মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

পর্যটন নগরী বার্সেলোনায় শাহ জালাল জামে  মসজিদে অনুষ্ঠিত ঈদের  ৩টি জামাতেই ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। ঈদের নামাজের দু‘টি জামাত মসজিদে ও একটি জামাত মসজিদ সংলগ্ন খালি ময়দানে আয়োজন করে মসজিদ পরিচালনা কমিটি।

সকাল পৌনে ৮টা, সোয়া ৮টা এবং  সোয়া ৯টায় অনুষ্ঠিত হয় ঈদের নামাজের জামাতগুলো। এছাড়া লতিফিয়া ফুলতলী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সোয়া ৮টায় ও ৯টায় ঈদের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। 

ঈদের নামাজ আদায় করতে আসা বাঙালিদের মিলনমেলায় পরিণত হয় মসজিদের আশপাশ। নামাজের পর বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহ এর কল্যাণ কামনা করা হয়।  

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!