প্রবাসের চিঠি: বরফ পাহাড়ের দেশে
সিডনিতে শীতকালে তুষারপাত না হলেও এর আশপাশের কিছু জায়গায় হয়। স্নোয়ি মাউন্টেইন হচ্ছে তেমনি একটা জায়গা।
সিডনি শহর থেকে প্রায় পাঁচশ’ কিলোমিটার দূরে এই স্নোয়ি মাউন্টেইন। এখানে গরমের সময় ছাড়া প্রায় সারাবছর পাহাড়ের চূড়ায় বরফ দেখা যায়। তবে এপ্রিল-জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের ভিড় হয় খুব। কারণ এই সময়টা পর্যটন মৌসুম।
হোটেল, মোটেল ও রেস্টুরেন্টে সবকিছুর দামও বেড়ে যায়। সিডনি আসার পর থেকেই আমার ইচ্ছা সেখানে যাওয়ার। বিভিন্ন কারনে শীতের সময় আর যাওয়া হয়ে উঠেনা।
এই বছর জুলাইতে আমরা চার বন্ধু মিলে ঠিক করলাম এবার আর মিস করা যাবে না, যেতেই হবে। যথারীতি আমরা আমাদের স্বামীদের জানালাম, দেখলাম ওরাও রাজি। চিন্তা হলো কীভাবে যাওয়া? আমরা কি ওইখানে রাতে থাকবো? এক্ষেত্রে কেউ রাজি কেউ রাজি নয়।
২৪ জুলাই শুক্রবার রাতে আমরা ‘অজিয়া ট্যুর’ নামে ট্যুর বাসে যাত্রা করলাম। বাচ্চাকাচ্চাসহ সব মিলে এগারো জন। বাস ঠিক রাত এগারোটা পঞ্চাশ মিনিটে ছাড়ল। বাস গাইড নেক পিলো দিলো, ব্ল্যাঙ্কেটও নিলো কেউ কেউ। কিন্তু বাসে হিটার চলছিল, তাই এতো শীত বোঝা যায়নি। আমি নিজেও মেয়ের জন্য ব্ল্যাঙ্কেট, পিলো নিয়ে গিয়েছি।
বাচ্চারা বাসে উঠেই ঘুমিয়ে পড়লো। বাসের সিট মোটামুটি আরামদায়ক। ভোর চারটার দিকে জিন্দাবাইন বলে এক জায়গায় বাস যাত্রাবিরতি করলো মর্নিং রিফ্রেসমেন্ট এর জন্য। এর আগে বিশ মিনিটের যাত্রাবিরতি ছিলো শুধু বাথরুম করার জন্য, যদিও বাসে ছোট্ট একটা টয়লেট আছে। জিন্দাবাইন থেকে পেরিশার এক ঘণ্টার রাস্তা। আমাদের দেখার মূল স্পট হচ্ছে পেরিশার ও স্মিগিন। আর পেরিশার ও থ্রেডবু থেকেই কস্কি উসজকো পাহাড়ের চূড়ায় উঠা যায়। আমি যার নাম দিয়েছি ‘বরফ পাহাড়’।
এই নাম দেওয়ার একটা কাহিনী আছে। সেটা হলো আমি প্রথম যখন স্নোয়ি মাউন্টেইনের কথা শুনি, আমাকে একজন বোঝালো যে এটা পুরোটাই বরফের পাহাড়, মানে এটা মাটি বা পাথরের নয়, নিচ থেকে উপর সবই বরফ। আমি তো তখন রীতিমত বিস্মিত। যাই হোক, আসলে তা নয়। এটা পুরোটাই পাথরের উপর বরফের আস্তরণ। তবে এতটাই পুরো যে ‘বরফ পাহাড়’ বললে ভুল হবে না।
বরফ পাহাড় ছাড়াও আশপাশে আরও দেখার জায়গা আছে, কস্কি উসজকো ন্যাশনাল পার্ক ও লেইক। কিন্তু প্রচণ্ড ঠাণ্ডা আর বাতাসের কারণে আমরা এই দুই জায়গাতেই যাবো না। বিশেষ করে সবার বাচ্চা সঙ্গে আছে, তাই আর রিস্ক নিলাম না। জিন্দাবাইনে আমাদের জন্য ট্যুর কোম্পানি থেকে ফ্রি কফি, চা আর বিস্কিট দিলো।
আবার যাত্রা শুরু। ট্যুর গাইড আমাদের বলছেন বাইরে তাকাতে। বললেন অনেক ক্যাঙ্গারু, ওয়ালাবাই ও আরও অনেক পশু দেখা যাবে। কিন্তু ভোরের আলো তখন এতো ফুটেনি, অন্ধকারে বাইরে। শুধু সাদা সাদা বরফের সারি দেখা যাচ্ছে। গাছ দেখছি, সেও সাদা। চারদিকে শুধুই সাদার খেলা। বাসের ভেতর আমরা রোমাঞ্চ অনুভব করলাম।
আমাদের পেছনে এক কাপল ছিল, এরা যাই দেখছে সাথে সাথে ওয়াও! ওয়াও!! বলে চিৎকার করছে। ওদের সঙ্গে আমার নিজেরও বলতে ইচ্ছা করলো, ওয়াও! অবশেষে আমার বরফ পাহাড়ে আসা হলো। ভোর পাঁচটায় আমাদের ট্যুরবাস স্মিগিন স্টপে নামিয়ে দিলো আর জানিয়ে দিলো বিকেল তিনটায় ঠিক এই জায়গা থেকে বাস ছাড়বে। সবাই যেন সময়মত চলে আসি।
আমাদের ডিস্কাউন্ট কুপন দেওয়া হলো খাবার দোকানের, ট্যুর গাইড বলেছিলো এখানে দাম বেশি। বিশেষ করে মে থেকে শুরু করে অগাস্ট পর্যন্ত স্নোয়ি মাউন্টেইনের পেরিশার ও স্মিগিন-এ বেশি পর্যটক আসেন। স্পেশালি স্কি করার জন্য পেরিশার দারুণ জায়গা। তাই এটাই এদের ব্যবসা করার মৌসুম।
আমরা স্মিগিনে বাস থেকে নামার সাথে সাথেই প্রচণ্ড ঠাণ্ডা বাতাস এসে স্বাগতম জানালো। আমাদের স্লেজবোর্ড বাতাসের তোড়ে উড়ে গেলো অনেক দূর। তখন মাইনাস পাঁচ ডিগ্রি ছিল। ভোরের সূর্যোদয় দেখছিলাম আমরা একটু উপরে উঠে। সাদা পাহাড়ের চূড়ায় ভোরের রোদের আলোর খেলা দেখতে দেখতে রাত জাগার ক্লান্তি ভুলে গেলাম। মনে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কথা-
‘শীতের হাওয়া হঠাৎ ছুটে এল
গানের বেলা শেষ না হতে হতে?
মনের কথা ছড়িয়ে এলোমেলো
ভাসিয়ে দিল শুকনো পাতার স্রোতে।’
আমরা সূর্যোদয় দেখা শেষ করে সবাই মিলে বরফের উপর ছবি তোললাম, বাচ্চারা খুব আনন্দ করতে লাগলো। আমার মেয়েতো হাত মোজা ছাড়াই স্নোম্যান বানাতে শুরু করলো। ট্যুর গাইড আবার সবাইকে একটা করে গাজর দিলো স্নোম্যানের নাক বানানোর জন্য। বাকি দু’জনও ওর ফ্রেন্ড। তিনজনের ছুটোছুটি আর আনন্দ দেখে আমার মনে হলো এখানে আসাটা সার্থক হয়েছে।
আমরা রেস্টুরেন্টে গেলাম, প্রচণ্ড ভিড়। খাবার অর্ডার করা হলো। আমি নিজেও অনেক খাবার বানিয়ে নিয়ে গিয়েছি, কিন্তু খাওয়া যাচ্ছিল না ঠাণ্ডার কারণে। ফ্লাস্কের গরম পানিও ঠাণ্ডা হয়ে গিয়েছে। আমার বর আবার পাঁচ ডলার দিয়ে গরম পানি কিনে আনলো। সবাই চা-কফি অর্ডার করে খেলাম।
আবার বাইরে বেরুলাম। এখানে স্কি করছে অনেকে। তাই দেখছি, যদিও আমার সাহস নেই স্কি করার। আমরা ফ্রি শাটলবাস ধরে পেরিসার ভ্যালি গেলাম, বিশ মিনিটের রাস্তা। সেখানে গিয়ে স্লেজ বোর্ড নিয়ে অনেক্ষণ খেলা হলো। ফটোসেশন হলো। বাইরে রোদ থাকলেও প্রচণ্ড বাতাসের বেগ ছিলো। মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে।
সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর জিনিস দেখার সুযোগ করে দেওয়ার জন্য। দুপুর সাড়ে বারোটার দিকে আমরা স্মিগিনে ফিরে এলাম। দুপুরের খাবার খাওয়া হলো রেস্টুরেন্টে, এতো ঠাণ্ডায় শুধু ফ্রাই নাগেটস আর কফি, তাই বারবার খাওয়া হচ্ছিলো। প্রচুর বাতাসের কারণে বাচ্চারা শপিং মলের ভেতরে খেলা করলো কিছুসময়, ওদের বাবাদের সঙ্গে। আমরা মায়েরা বেড়িয়ে পড়লাম ঘুরতে।
বাতাস কমলে আবার ওদের ডাকা হলো। সবাই মিলে আরো কিছুক্ষণ স্লেজে করে স্কি করা হলো, স্নোম্যান বানানোর প্রতিযোগিতা হলো, বরফ ছুঁড়াছুঁড়ি হলো, এসব করতে করতেই দেখা গেলো আড়াইটা বেজে গেছে। সবাই বাসে উঠে যাচ্ছে। আমরাও বাচ্চাদের ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করে হায়ার করা ড্রেস ট্যুর গাইডের কাছে দিলাম।
আমরা বাসে উঠে গেলাম। আমার মন চাইছিলো আরো কিছুক্ষণ থাকি। এতো ঘুরে ক্লান্তি আসছে শরীরে, কিন্তু মনে আসেনি। বাকি বাচ্চারা ঘুমিয়ে পড়লেও আমার মেয়ের ঘুমের কোনো লক্ষণ নেই। সেও সমান তালে আমার সঙ্গে ঘুরেছে, খেলেছে। সে বলেছে যাবে না, স্নোম্যানের কাছে থাকবে। তিনটা দশের দিকে বাস ছেড়ে দিলো। যাওয়ার পথে আবার জিন্দাবাইনে দশ মিনিটের যাত্রাবিরতি।
কিন্তু কেউ নামলো না। ট্যুর গাইড সবার হায়ার করা জিনিসপত্র নামিয়ে দিলো। শুরু হলো আমাদের শহরের উদ্দেশ্যে যাত্রা। যাবার পথের দু’ধারে চোখে পড়লো সাদা জঙ্গল। ক্যাঙ্গারুর দল যাচ্ছে, আমরা ছবি তুললাম। বাসে মুভি ছেড়েছে। কিন্তু আমাকে বাইরের প্রকৃতি টানছে বেশি। এই আমার মেয়ে ঘুমালো, আমি বসে বসে বাইরের সূর্যাস্ত দেখছি আর মনে মনে বলছি সৃষ্টিকর্তার সৃষ্টি এই পৃথিবী এতো সুন্দর কেন!
লেখক: প্রবাসী বাংলাদেশি
ইমেইল: susmitajamy@yahoo.com
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
