২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অপরাধীর মধ্যে এক বাংলাদেশি

ইন্টারপোলের নোটিস পেয়ে গত এক বছরে ৪০০ অপরাধীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে ফের পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; এর মধ্যে এক বাংলাদেশি রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 11:36 AM

Updated : 19 Aug 2022, 05:14 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)’ বহিষ্কৃতদের মধ্যে এক বাংলাদেশি থাকার বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে গত জুলাই পর্যন্ত মোট ৪০০ অপরাধীকে গ্রেপ্তারের পর ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

আইস আরও জানিয়েছে, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১২৮ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কার করা হয়। তার মধ্যে ইমিগ্রেশনের আইন লঙ্ঘনকারীর সংখ্যাই বেশি।

অর্থাৎ তারা দালালের মাধ্যমে বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো সীমান্তের দুর্গম পথে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় গ্রেপ্তার হয়েছিলেন।

আইসের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল অর্থাৎ প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব গ্রহণের সময় থেকে এ পর্যন্ত গুরুতর অপরাধী বহিষ্কারের সংখ্যা ১৭০০।

এদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে হত্যা, ৩৫ জনের বিরুদ্ধে ধর্ষণ, ১৮ জনের বিরুদ্ধে গুরুতরভাবে আহত, ১৩ জনের বিরুদ্ধে অপহরণ এবং ৩৯ জনের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এবং এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্স (ইআরও) এর নির্বাহী সহযোগী পরিচালক ম্যাথিউ আলবেন্স বলেছেন, “ভয়ঙ্কর অপরাধীদের ধরে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার এ অভিযান কখনোই থামবে না। আমেরিকানদের নিরাপত্তার স্বার্থেই আমরা তা চালিয়ে যেতে বদ্ধপরিকর।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!