নীল জল আর লাল ছাদের ক্রোয়েশিয়ায়
কখনো কখনো অভাবনীয় ব্যাপার-স্যাপার ঘটে যায়। কনফারেন্সে যোগ দেওয়ার ডাক পড়ল ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে।
১৯৯৪ এর ফুটবল বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়ার নামও শুনিনি। পরে অবশ্য জানতে পেরেছি দেশটিকে, যেটি ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে আলাদা হয়েছিল। কিন্তু, সেখানে যাবার কথা স্বপ্নেও কখনো ভাবিনি। যাই হোক, ভিসা-টিকিটের হ্যাপা সামলে মাস খানেকের মধ্যেই জাপানের ইয়োকোহামা শহর থেকে উড়াল দিলাম ক্রোয়েশিয়ায়।
স্প্লিট বিমানবন্দরে রাতের বেলা নেমে একটা বাসে চেপে আমাদের হোটেল ‘পিঙ্ক ইন’এ পৌঁছলাম আর অপেক্ষায় রইলাম পরদিন সকালের।
নিচে নেমে এসে সমুদ্রতটে বেড়ালাম, পা ভেজালাম সাগরের পানিতে আর ছবি তুললাম অনেক। সৈকতের পাশে রয়েছে অমসৃণ লালচে-শাদা পাথরের ছোট ছোট টিলা আর পাইন-জাতীয় গাছের সারি।
কনফারেন্সের ফাঁকে স্প্লিট শহর দেখতে বের হলাম। ডালমেশিয়া প্রদেশের অন্তর্ভুক্ত স্প্লিট ক্রোয়েশিয়ার দ্বিতীয় বড় শহর। বেশ গোছানো, ছিমছাম। বাড়ির ছাদে উজ্জ্বল লাল রঙের ব্যবহার নজর কাড়ে। পরে দেখেছি, স্প্লিটসহ ক্রোয়েশিয়ার কয়েকটি শহরকে অনেক ভ্রমণকারী ‘সিটি অব রেড রুফস’ নাম দিয়েছেন।
ঘুরতে ঘুরতে ওল্ড টাউনে এসে পড়লাম। রোমান সম্রাট ডায়োক্লেশিয়ান চতুর্থ শতাব্দীতে এখানে তার প্রাসাদ বানিয়েছিলেন। ১৯৭৯ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় ঢুকে পড়া এই প্রাসাদ আয়তনে বিশাল, মনোমুগ্ধকর। ২০১৩ সালে টেলিভিশন সিরিজ ‘গেমস অব থ্রন্স’ এর শুটিং হয়েছিল এখানে।
গ্রেগরি অব নিন একজন বিশপ ছিলেন, ওনার ভাস্কর্যের পায়ের বুড়ো আঙ্গুল স্পর্শ করে টুরিস্টদের ছবি তুলতে দেখে জানতে পারলাম, তাতে নাকি সৌভাগ্য আসে। এই কুসংস্কারের কারণে ভাস্কর্যের অন্যান্য অংশের তুলনায় ওই আঙ্গুলটা রীতিমত চকচক করছে!
সবচেয়ে বেশি আনন্দ পেলাম রোমান সৈনিকের সাজে সজ্জিত দুটি তরুণের সাথে ছবি তুলতে পেরে। সে বাবদ কুড়ি কুনা (ক্রোয়েশিয়ার মুদ্রা) পেয়ে ওরা দুজনও মহা খুশি। শুধুই বলে, ‘হভালা’ (ধন্যবাদ)! মানুষজন ইংরেজিতে খুব একটা স্বচ্ছন্দ নন। নেট ঘেঁটে শিখে আসা কয়েকটি বুলি সম্বল করে আন্ডারগ্রাউন্ড মার্কেটে টুকটাক কেনাকাটা সেরে বাসে চেপে ফিরতি পথ ধরলাম।
আরও জানতে পারলাম, ক্রোয়েশিয়ার মূল পর্যটন আকর্ষণ হলো- ওয়াটারফল, ব্লু লেগুন আর বড় বড় লেক। অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাগুলোর ছবি দেখেই এ যাত্রায় ক্ষান্ত হতে বাধ্য হলাম। কারণ পরদিন দুপুরেই আমার জাপান ফেরার ফ্লাইট।
কয়েক দিনে একটিমাত্র শহর দেখে গোটা দেশ সম্পর্কে ধারণা করা অসম্ভব, অনুচিতও। ক্রোয়েশিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বৈচিত্র্যের নাগাল না পেলেও পাহাড়-সমুদ্র-ঝর্ণার স্বর্গীয় সৌন্দর্য আর বলকান সভ্যতার ইতিহাস-ঐতিহ্যের মিশেল মনটা ঠিকই ভরিয়ে দিলো। জাপানের পথে ফিরে চললাম রঙিন স্মৃতিগুলো সাথে নিয়ে।
লেখক: পিএইচডি গবেষক, ইয়োকোহামা সিটি ইউনিভার্সিটি, জাপান
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
