ফিনল্যান্ডের ডায়েরি: পথের ধারে সুরের মূর্ছনা
নাতিদীর্ঘ রাত, আর অতিদীর্ঘ বরফময় জীবন নিয়ে চার ঋতুর দেশ ফিনল্যান্ডে এসে যে কেউ শুরুতে বিষাদগ্রস্ত হবে এটাই স্বাভাবিক।
তবে হলপ করে বলতে পারি গ্রীষ্মে সেই হতাশা অনেকটাই কেটে যায়। বিষাদের ঠোঁটে স্বল্পমেয়াদে হলেও উঁকি দেবে মিষ্টি হাসি। এখানে গ্রীষ্ম মানে প্রাণচাঞ্চল্য, প্রাণের সঞ্চার। আয়-রোজগারহীন অনেকের উপার্জনের পথ উন্মুক্ত হয় এই সময়টিতে।
আমার কাছে মনে হয়েছে, বছরের প্রায় ছ’মাস যে মানুষগুলো অনেকটা বাধ্য হয়ে, বন্দি হয়ে উপার্জনের বৃত্তে ঘোরপাক খায়, এই গ্রীষ্ম যেন তাদের ব্যয়ের মোক্ষম উপলক্ষ। তারা মুখিয়ে থাকেন এই সময়টির জন্য।
কিছুদিন আগের কথা। নিঃশব্দের বিকেলে সূর্য তখনো হেলে পড়েনি। পথের ধারে ফুটপাতে গিটারে সুর তুলে একমনে গান গেয়ে চলেছেন একজন ফিনিশ নাগরিক। পথচারীদের কেউ কেউ থমকে দাঁড়াচ্ছেন, আবার কেউ ছুটে চলেছেন নিজের পথে। আবার কেউবা পরের গানের জন্য অপেক্ষায়। আমি অপেক্ষায় থাকা মানুষগুলোরই একজন। বলা চলে কোনো গন্তব্য নেই।
রোদ চশমা চোখে আনমনে গেয়ে চলেছেন ইস্টার নামের ওই পথশিল্পী। কেমন যেন করুণ একটা সুর। কেমন যেন একটা আকুতি সেই সুরের মূর্ছনায়। অর্থ না বুঝলেও ঠিকই বুঝতে পারছিলাম এটি কোনো আবেগ উছলেপড়া গান হবে। সুর থামতেই সামনে রাখা গিটারের খোলে ঝরছিল কয়েন ও নোট। মানুষজনও বিদায় নিচ্ছেন খুশিমনে। কারো মাঝে বিন্দুমাত্র বিরক্তি নেই।
হেলসিংকির আলেকসানতেরিনকাতুতে তিন পথশিল্পী
হেলসিংকিতে এই স্ট্রিট মিউজিক নিয়ে একবার মজার কাণ্ড ঘটিয়েছিলেন মার্কিন মুলুকের অ্যারোস্মিথ ব্যান্ডের রকস্টার স্টেভেন টেইলর। রাস্তার ধারে কাঁচের বোতল দিয়ে তৈরি বাদ্যযন্ত্রের সঙ্গে গান গেয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন ষাটোর্ধ্ব এই শিল্পী। মুহূর্তের মধ্যে প্রায় নয় হাজার দর্শক তার সুরের মূর্ছনায় কান পেতেছিলেন সেদিন। তিন বছর আগের এই ঘটনা বলার কারণ হলো এখানে স্ট্রিট মিউজিক সত্যিই বেশ জনপ্রিয়।
হেলসিংকির আলেকসানতেরিনকাতুতে তিন স্ট্রিট মিউজিশিয়ান
বলে রাখি, ফিনল্যান্ডে রাস্তায় গান পরিবেশনে কোনো আইনগত বাধা নেই। নিচু শব্দে যে কেউ বাদ্যযন্ত্র বাজাতে পারবেন। তবে পরিবেশ সংরক্ষণ অধ্যাদেশে বেধে দেওয়া মাত্রার বেশি শব্দ করা যাবে না; বিরক্ত করা যাবে না আশপাশের অধিবাসীদেরও।
বেশ ভালো ইংরেজি জানেন ইস্টার। জানালেন একাধারে হিব্রু, ফিনিশ, সুইডিশ ও ইংরেজি ভাষায় তিনি গান গাইতে পারেন। হিব্রু ভাষার সেই আবেগঝরানো গানটিতে গ্রীষ্মকে অভিবাধন জানানো হয়েছে বলে জানান চল্লিশোর্ধ্ব ইস্টার।
হেলসিংকির প্রাণকেন্দ্র আলেকসানতেরিনকাতুতে পথশিল্পীদের গান পরিবেশনের দৃশ্য চোখে পড়ে অহরহ। কেউ বেহালা হাতে, কেউবা গিটার। কখনো কখনো চোখে পড়ে ড্রাম, গিটার ও আল্টোর যুগল সুরের মূর্ছনার দৃশ্য। ঘুরতে আসা পর্যটকদের দৃষ্টি কাড়ছেন তারা।
ওদেরকে আমি যেভাবে পথশিল্পী হিসেবে লিখছি, আদতে কিন্তু তারা পথশিল্পী নন। এটা তাদের শখ বলা চলে। উপার্জনের পথও বলা যায়। এদের অনেকেই আছেন স্থানীয়ভাবে বেশ সুনাম কুড়িয়েছেন। আমি যতবার এ ধরনের দৃশ্য দেখে থমকে গেছি, ততবারই মনে পড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ছবির হাঁট আর সোহরাওয়ার্দি উদ্যানে সন্ধ্যার পর ভেসে বেড়ানো কোরাস। ভিনদেশে এসে অপার মুগ্ধতায় তাদের মাঝেই খুঁজে বেড়াই এতটুকু বাংলাদেশ।
পথশিল্পী ফিনিশ নাগরিক ইস্টার
লেখক: সাংবাদিক
ই-মেইল: khairu.ahasan@bdnews24.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
