ফিনল্যান্ডের ডায়েরি: দুই বাঙালির শহর ঊসিকাওপুঙ্কিতে একদিন
ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের ছোট্ট শহর ঊসিকাওপুঙ্কি। ফিনিশ শব্দ ‘ঊসি’ অর্থ নতুন, আর ‘কাওপুঙ্কি’ মানে হচ্ছে শহর।
মোদ্দা কথা, চারশ’ বছরের পুরনো এই শহরের নাম কিন্তু ‘নতুন শহর’। মাত্র ১৫ হাজার অধিবাসীর শহরটির আয়তনও খুব বেশি নয়, ৫৫ বর্গ কিলোমিটার।
অবাক হওয়ার মতো বিষয় হলো, এই শহরেও বাঙালি রয়েছেন। অবশ্য সেই সংখ্যাটা আঙ্গুলের দুই কড়া গুণতেই শেষ হয়ে যায়, মানে দুই জন। আমাদের অভিযানটা ছিল এই দুইজনকে ঘিরে।
হেলসিংকি থেকে প্রায় আড়াইশ’ কিলোমিটার দূরত্বে ঊসিকাওপুঙ্কির উদ্দেশ্যে আমাদের গতিময় যাত্রায় সঙ্গী ছিলেন মোট আটজন।
রওনা দিই ভোর ৬টার দিকে। সূর্য উঠে গেছে সেই মধ্য রাতে। অবশ্য হালকা বাতাসের ঝাঁজ তখনও গায়ে লাগছে।
আমার মতো যারা একটু বেলা করে ঘুমায়, তাদের কাছে এরকম আবহাওয়ার সান্নিধ্য পাওয়া বেশ উপভোগ্যই। এখন আর এখানে হাড় কাঁপানো শীত নেই। বলে রাখি, গ্রীষ্ম মানেই গোটা ইউরোপ জুড়ে সবুজের উত্তেজনা। পথের ধারে দিগন্তে ছাড়িয়ে-ছিটিয়ে থাকা রঙ-বেরঙের ফুলের বিছানা চোখ জুড়িয়ে দেয়!
ফিনল্যান্ডের বাজারে যে ব্ল্যাকবেরি মেলে, তার একটি বড় অংশ তাদের নিজেদেরই উৎপাদন করা। আপনি বাগানে যাবেন, যা খুশি যত খুশি খাবেন- টাকা দিতে হবে না এখানে। তবে নিয়ে আসতে চাইলে দিতে হবে বাজারমূল্যের অর্ধেক দাম। গ্রীষ্মে এই ব্ল্যাকবেরি সংগ্রহও একটা পেশা।
যাই হোক, বলছিলাম আমাদের সফরের কথা। পথ চিনি না। নেভিগেটরই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল আমাদের। তুর্কু শহরের পাশ ঘেঁষে ঢুকতেই ছন্দপতন। হারিয়ে ফেলেছি পথ। ‘রাইসিও’ নামে এক শহরে এসে ঢুকে পড়লাম ভুল রাস্তায়।
গাড়ি যাচ্ছে, পথ শেষ হয় না। ফিনল্যান্ডে এই এক উপদ্রুপ, ভুল পথে ঢুকে পড়লে বের হওয়ার কোনো উপায় নেই। কপাল খারাপ থাকলে আপনাকে মাইলের পর মাইল পেরিয়ে বের হওয়ার রাস্তা খুঁজে নিতে হবে। আমাদের কপাল অবশ্য সেরকম খারাপ ছিল না। ‘রাইসিও’তে কিছুদূর এগোতেই পেয়ে গেলাম একটা ঘোড়ার খামার।
হলুদ সর্ষের বিস্তীর্ণ ক্ষেত
ঘোড়ার খামার
তখনও অনেক পথ বাকি। গাড়ি ছুটছে। সিগারেটের তৃষ্ণা আর কতক্ষণ ধরে রাখা যায়। একটা ম্যাকডোনাল্ডসের খোঁজ পেতে অন্তর্জালে বিশ্বাস না রেখে প্রার্থনা করেছি মনে মনে। তাও দেখা দেয়নি ম্যাকডোনাল্ডস। পেটে প্রচণ্ড ক্ষুধা। এক গাড়িতে ভুনা খিচুরি থাকলেও আমাদের গাড়িতে ছিল মুরগির রোস্ট। সুতরাং খাওয়ার উপায় নেই কারোরই। পথে পথে যেতে মনে হয়েছে, এ দেশে জনসংখ্যা ৫৫ লাখ হতে পারে, তবে কেউ ঘুরতে এলে তা বুঝতেই পারবে না।
রাইসিও থেকে ভেহমা শহরের পথে কিছুক্ষণ পর পরই দ্বীপের মতো নিঃস্বঙ্গ বাংলোগুলো জানান দিচ্ছিল, এখানে মানুষের বসত রয়েছে। সত্যি বলছি, ছবির মতো গোছানো বসতি তাদের। প্রত্যন্ত গ্রামে একটি পরিবারের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে, রাজধানীতে এর বেশি কিছু নেই কারো জন্য। মোট কথা, চোখের দেখায় এখানে নাগরিকদের মাঝে কোনো বৈষম্য নেই।
বলছিলাম ঊসিকাওপুঙ্কির কথা। একটা সময় এই শহরকে মানুষ চিনতো মাছের জন্য। কালাইনেন নামে একটি গ্রাম থেকে এই শহরের গোড়াপত্তন। ভাক্কা-সুয়োমি অধিবাসীদের গ্রাম কালাইনেন ছিল বৈচিত্রময় মাছের জন্য পরিচিত। ঊনবিংশ থেকে বিংশ শতাব্দির মাঝামাঝি পর্যন্ত এই নগরীর বন্দর বাণিজ্য ও মাছের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। তবে বর্তমানে জাহাজ নির্মাণ ও মার্সিডিজ বেঞ্জের কারখানার জন্য বেশ জমজমাট।
বিখ্যাত ভালমেত অটোমোটিভ নামে গাড়ির কারখানার বাড়ি বলা হয় এই ঊসিকাওপুঙ্কিকে। এ বছর থেকেই মার্সিডিজ বেঞ্জের ‘এ ক্লাস’ ও ‘জিএলসি ক্লাসের’ কার প্রস্তুত শুরু হয়েছে এখানে। তাই হঠাৎ করে কর্মজীবীর সংখ্যা বেড়েছে, বেড়েছে এখানকার মানুষের মাথাপিছু আয়। প্রায় তিন হাজার কর্মী এই একটি কারখানায় যুক্ত।
লেখক ও তার ভ্রমণ সঙ্গীরা
মার্সিডিজ বেঞ্জের চাকরিজীবী রকিবুল ইসলাম পাপ্পুর সুন্দর পরিপাটি বাসাটিতে আমাদের হৈচৈ যেন গোটা শহরকে বাঙালি পাড়ায় পরিণত করেছিল কিছুক্ষণের জন্য। পাপ্পু আর মাসুদের আয়োজন দেখে লোভ সামলাতে পারছিলাম না। গরুর মাংস ভুনা, আভান মাছের ফ্রাই, ঝরঝরে খিচুরির সুবাস আর স্বাদ ভোলার মতো নয়!
কথায় কথায় জানা হলো, অসংখ্য দ্বীপ জোড়া দিয়ে তৈরি করা শহরের বিশেষ বিশেষ ঘুরে বেড়ানোর স্থানগুলোর কথা। অটোমোবাইল মিউজিয়াম, ঊসিকাওপুঙ্কি ওল্ড চার্চ, বঙ্ক মিউজিয়াম, ইসোকারি লাইটহাউজ পর্যটকদের আকৃষ্ট করে।
ঘোরা হলো। দেখা হলো সাগর কিনারের এই ছোট্ট শহর। মনে দাগ কেটে থাকবে সাগরের মাঝে ছোট ছোট দ্বীপে মানুষের আধুনিক জীবন যাপনের এই স্মৃতি।
সেই সঙ্গে বিষাদে নীল হয়েছি, যখন ভেবেছি- আমার দেশটা এর চেয়েও সুন্দর। অনাদরে অবহেলায়ও সুন্দর। শুধু একটু পরিচর্যার অভাব।
লেখক: সাংবাদিক
ই-মেইল: khairul.ahasan@bdnews24.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
