জাপানের পথে, ঝরাপাতার বনে
জাপানে এখন শরৎকাল চলছে। বাংলাদেশে শরৎকে বলা হয় 'ঋতুরানী', জাপানিরা শরৎকালে 'মমিজি মাতসুরি' বা রঙিন পাতার উৎসবে মাতেন।
বাংলাদেশে নীল আকাশে সাদা মেঘগুলোকে যাযাবর পথিকের মতো ঘুরে বেড়াতে দেখে কিংবা নদীর পাড়ে স্নিগ্ধ বাতাসে দুলতে থাকা কাশবন আর শিশির ভেজা সকালে ঝরে পড়া শিউলি ফুল দেখে বোঝা যায় শরৎ এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন- ‘এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে’।
জাপান প্রধানত চার ঋতুর দেশ— গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। ইংরেজিতে 'অটাম' বলা হলেও উত্তর আমেরিকায় একে 'ফল' নামে ডাকে। জাপানে শরৎকালকে 'অটাম' বলা হয়।
এখানে প্রত্যেক ঋতুর পরিবর্তন খুব করে চোখে পড়ে। বর্ষাকাল নামে আলাদা কোন ঋতু না থাকলেও সারা বছর প্রায়ই বৃষ্টি হয়। জাপানের শরৎকাল একটু অন্যরকম। শরৎ আগমনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে এবং গাছের পাতার রঙ বদলে গাঢ় লাল বা হলুদ হয়ে যায়। যেন রঙের স্বর্গ।
রাস্তার দু'পাশে, দূর পাহাড়ে যেখানে যেদিকে চোখ যায় সেখানেই এই রঙিন পাতার বাহার দেখে মন জুড়িয়ে যায়। তবে ম্যাপল গাছের রঙিন পাতার সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে সুন্দর কিছু জায়গা আছে।
শরৎকাল জাপানিদের অনেক প্রিয়। আমারও। চারদিক এত বর্ণিল হয়ে যায় যে খালি উদাস উদাস লাগে। ২৩ নভেম্বর আমি আর আসাদ রহমান (সহকারি অধ্যাপক, ইইই, চুয়েট) দু'জন বের হলাম এই রঙিন পাতার সৌন্দর্য দেখতে, গন্তব্য কাঞ্জাকি শহরের কিঊনেন পার্ক।
এখানে প্রায় ২০০ ধরনের গাছসহ ফুলের বাগান, বাংলো রয়েছে। এর মধ্য অন্যতম হল ম্যাপেল গাছ। প্রতি বছর নভেম্বর মাসে মাত্র ৯ দিনের জন্য জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই পার্ক। জাপানে 'কিঊ' মানে ৯। এই পার্কের অনেক কিছুর সাথে ৯ সংখ্যাটি জড়িত। তাই এর নামকরণ করা হয়েছে 'কিঊনেন পার্ক'।
পার্কের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। গাছগুলোতে যেন লাল হলুদের আগুন ধরে গেছে। এর পাশেই রয়েছে পাহাড়ি ঝরণা, তা থেকে উৎপত্তি হওয়া নদীর পানির কলকল ধ্বনির সঙ্গে রঙিন পাতার সৌন্দর্য, সব মিলিয়ে অন্য রকম এক অনুভূতি।
বেলাশেষে যখন ফিরে এলাম, তখন খুব করে মনে পড়ছিলো কবি সৈয়দ শামসুল হক এর কবিতা- ‘সে কী বিস্ময়! কী যে বিস্ময়! কী করে ভুলি! / আকাশের নীল ঘন শাদা মেঘ, কবেকার গ্রামপথে ডুলি!’
লেখক: শিক্ষার্থী, সাগা বিশ্ববিদ্যালয়, জাপান
ছবি কৃতজ্ঞতা: খায়রুল বাশার
