২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি বুলি বাংলাদেশের গালি

বাংলাদেশ থেকে জাপানে আসার আগে জাপানি ভাষা শেখার জন্য নীলক্ষেত থেকে একটি বই কিনেছিলাম। বইয়ের উপরে লেখা- 'মাত্র ৩০ দিনে জাপানি ভাষা শিখুন!'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খাইরুল বাশার, জাপানের সাগা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 02:39 PM

Updated : 12 Apr 2022, 03:23 AM

বই কেনার পর থেকে মহাউৎসবে আমার ভাষা শেখা শুরু হল। একদিন বইটা বাড়িতে নিয়ে গেলাম। আমার মা বইটা দেখে জিজ্ঞাসা করলেন, "জাপানিতে 'মা' কে কীভাবে ডাকে?"

আমি বললাম, "হা হা।"

মা বললেন, "হাসছিস কেন?"

আমি আবার বললাম, "হা হা।"

আমি বললাম, "হা হা মানে আমার মা।"

এটা শুনে আমার মা গেলেন রেগে। বললেন- "তোকে হা হা হি হি শিখতে হবে না।"

আমার সেই মহা মূল্যবান বই জাপানে আসার আগে বাড়িতে ফেলে আসলাম। প্লেনে ৩০ ঘণ্টার ভ্রমণের পর ৩০টা শব্দও মনে করতে পারলাম না। এয়ারপোর্টে দেখলাম এক ভাই 'মাত্র ৭ দিনে জাপানি শিখুন' বই পড়ছেন।

তিনিও তার বইটা হারিয়ে ফেললেন। তার যা শুধু মনে রইল তা 'কন্নিচিহা' (শুভ দুপুর)। সকাল, দুপুর, রাত যখনই কারও সঙ্গে দেখা হবে তিনি সবাইকে বলবেন, 'কন্নিচিহা'। ভাবখানা এমন যে 'কন্নিচিহা' নামক শব্দটির পেটেন্ট তার!

এদিকে আমি যেন 'ওহাইয়ো গোজাইমাসু' (শুভ সকাল) শব্দটির পেটেন্ট নিয়ে নিয়েছি। সকালবেলা যাকেই দেখি তাকেই বলি, 'ওহাইয়ো গোজাইমাসু'।

একদিন ক্লাসে ঢোকার সময় শব্দ গোলমাল পাকিয়ে বললাম, 'আরিগাতো' (ধন্যবাদ)। নাও এবার ঠ্যালা!

অন্য একদিন দোকানে কেনাকাটা শেষে 'আরিগাতো' বলতে গিয়ে বলে বসলাম 'ইকুরা দেসু কা' (তার দাম কত)!

ওই জাপানি মেয়ে শুধু হাসি দিল, যা বোঝার আমি বুঝে নিলাম। বাংলাদেশে কোন মেয়েকে এ কথা বললে নির্ঘাত ...!

এর মাঝে আমার কিছু জাপানি বন্ধু জুটে গেছে। ওরা আমাকে জাপানি শেখায়। আমি ভাঙ্গা ভাঙ্গা করে উচ্চারণ করি। বলা শেষ হলেই হাততালি দিয়ে তারা বলবে 'লাইট' (ঠিক আছে)। আমি যেন নতুন শিশু, কথা বলা শিখছি!

এরা সবাই আমার ভাষা শিক্ষার ব্যাপারে আমার শিক্ষক হয়ে ধন্য হতে চাইছে। এরই মাঝে ওরা আমাকে প্রশ্ন করল বাংলাদেশের মানুষের নাম নিয়ে। বাংলাদেশে বেশির ভাগ মানুষের নামের শেষ শব্দ- রাহমান, আলী, হোসাইন। জাপানিরা আবার শেষ নাম ধরে ডাকে।

আমি তাদের নামগুলোর অর্থ বললাম- 'রাহমান মানে দয়ালু'... ইত্যাদি। এই নামগুলার অর্থ এমনভাবে বললাম যেন, আমাদের সবার নামের এই একই রকম অর্থ আছে। ভাল যে এখানে কারও নাম 'চান্দু' নাই। আপনারা 'চান্দু' নামের অর্থ জানেন!

আমাদের গ্রামে অনেকগুলো 'কালু' নামে মানুষ আছে। তবে সবার বিশেষণ আলাদা। যেমন 'স্টার কালু'- সে শুধু স্টার সিগারেট খায়। 'নেপাল কালু'- বাড়িতে নেপালি গরু পালন করে…।

একজন বললো, তোমার নামের প্রথম অংশের মানে জানো? যা অর্থ তা আর বলতে চাই না, যদি অন্যকে বলে দেন!

সেই জানার পর থেকে আমি আমার শেষ নামে পরিচিত। বাশার হয়ে গেছে বাসারু। তাও আবার কেউ কেউ ডাকে- 'বাশা'!

এবার আমি কিছু জাপানি নামের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। যেমন তানাকা। 'তা' মানে হলো 'ক্ষেত' আর 'নাকা' মানে হল 'মাঝখানে'। 'কোবায়াসি' মানে 'ছোট জঙ্গল'। কারও নাম 'কাওয়া মানে হল 'নদী'।

কয়দিন আগে এক শিশুর নাম কি জানতে চাইলাম। সে বলল, 'কানা'। হাগা, মুতা নামও আছে এখানে। আমাদের ক্লাস একটা মেয়ে আছে তার নাম 'সাকানা'। মানে হল মাছ। তবে সে কোন মাছ তা জিজ্ঞাস করা হয়নি। কথায় আছে না, “এক দেশের বুলি আরেক দেশের গালি” ।

লেখক: শিক্ষার্থী, সাগা বিশ্ববিদ্যালয়, জাপান

পুরনো খবর:

জাপানি মৃৎশিল্পের শহর আরিতায় একদিন