বাংলাদেশের জিএসপি পুনর্বহাল হওয়া উচিত: গ্রেস মেং
বাংলাদেশি পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) স্থগিত হওয়ার পেছনে ‘রাজনৈতিক কারণ’ নেই দাবি করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেছেন, অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে এ সুবিধা পুনর্বহাল হওয়া উচিত।
বৃহস্পতিবার নিউইয়র্কের ডেমক্র্যাট দলীয় এই সদস্যের ডিস্ট্রিক্ট কার্যালয়ে তার সঙ্গে দেখা করার পর এ তথ্য জানান বাংলাদেশি-আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার।
গ্রেস মেংকে উদ্ধৃত করে খোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিএসপি স্থগিত হওয়ার পেছনে রাজনৈতিক কারণ নেই। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির স্বার্থেই জিএসপি পুনর্বহাল হওয়া উচিত। আমরা বিষয়টি নিয়ে গত সপ্তাহেও ক্যাপিটল হিলে বৈঠক করেছি।”
ওই বৈঠকে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা কো-চেয়ার নিউইয়র্কের ডেমক্র্যাটদলীয় কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিও ছিলেন বলে বৈঠকে জানান মেং।
২০১৩ সালে কারখানার কর্ম পরিবেশের উন্নতিসহ ১৬টি শর্তে বাংলাদেশের পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র। সব শর্ত পূরণ হলেও দুবছর পরে বাংলাদেশকে বাদ দিয়ে ১২২টি দেশের পণ্যে জিএসপি নবায়ন করে যুক্তরাষ্ট্র।
এর প্রতিক্রিয়ায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ একাধিক মন্ত্রীর ধারণা, সব শর্ত পূরণের পরও ‘রাজনৈতিক কারণে’ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
তবে এ ধারণা নাকচ করে গত বছরের ১২ অগাস্ট বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধার সঙ্গে রাজনৈতিক বিবেচনা নেই।
“বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের জন্য ১৬টি শর্তের মধ্যে কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার ছিল অন্যতম। এসব শর্তের বিভিন্ন দিক দিনে দিনে অগ্রগতি হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।”
খোরশেদ বলেন, স্মারকলিপিতে বাংলাদেশের পোশাক খাতের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ করার জন্যে যুক্তরাষ্ট্র প্রশাসন যে দিক-নির্দেশনা দিয়েছিল তা অনুসরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মেং তাদের জানিয়েছেন, রানা প্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রের পোশাক ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিল। তিনি সব কোম্পানিকে চিঠি দিয়ে সিদ্ধান্ত রদ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির প্রভাবশালী সদস্য ও কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের সদস্য গ্রেস মেংয়ের সাক্ষাতে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি আবুল কাশেম এবং নির্বাহী সদস্য শাহানারা রহমান।
আর গ্রেস মেংয়ের সঙ্গে বৈঠকে ছিলেন তার কম্যুউনিকেশন ডাইরেক্টর গোল্ডেস জর্দান।
বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিনিধিদের বক্তব্য শুনে গ্রেস মেং ‘সাধ্য অনুযায়ী বাংলাদেশের জন্যে কাজ করে যাওয়ার’ আশ্বাস দেন বলে জানান খোরশেদ।
বৈঠক শেষে প্রতিনিধিরা কংগ্রেসওম্যানকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের একটি ইংরেজি সংস্করণ উপহার দেন।
২০১২ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও পরের বছর রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) এর আবেদনে ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করা হয়।
এর আগে পর্যন্ত ‘জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেসের (জিএসপি)’ আওতায় বাংলাদেশ পাঁচ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারত।
