সিঙ্গাপুরে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ২৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর ঘটনার প্রেক্ষিতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশের হাই কমিশনার।
শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে এক আলোচনায় বসেন হাই কমিশনার মাহবুব উজ জামান। সম্প্রতি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ বাংলাদেশিকে গ্রেফতারের ঘটনার পর সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জনশক্তিমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এই সভায় হাই কমিশনার জানান, সিঙ্গাপুর সরকার এখনো বাংলাদেশি শ্রমিকদের কাজে সন্তুষ্ট।
মাহবুব উজ জামান বলেন, “তিনটি মন্ত্রণালয়ের পক্ষ থেকেই জানানো হয়েছে যারা কোন অপরাধের সঙ্গে জড়িত নয় তাদের কোন ধরনের সমস্যা হবে না এবং বাংলাদেশ থেকে শ্রমিক আসবার ক্ষেত্রেও কোন বাধা নেই। তবে এখন থেকে যারা সিঙ্গাপুরে কাজের জন্য আসবেন তাদের জন্য বাংলাদেশে ১৪ প্রেরক রিক্রুটিং এজেন্সি ও সিঙ্গাপুরে সমসংখ্যক প্রাপক রিক্রুটিং এজেন্সি নির্ধারণ করা হয়েছে।” কোন এজেন্সিগুলোকে এই দ্বায়িত্ব দেওয়া হতে পারে সে বিষয়ে অবশ্য বিস্তারিত জানাননি তিনি।
তিনি আরও বলেন, “মন্ত্রণালয়গুলো বাংলাদেশিদের কাজে অথবা ধর্ম পালনের ক্ষেত্রে কোন বাধা নিষেধ আরোপ করেনি।তবে সিঙ্গাপুরে প্রবাসীদের রাজনীতি বা চাঁদা তোলা নিষিদ্ধ ছিল এবং আছে।”
আলোচনা সভায় অংশ নেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি(এস বি এস), সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বার (বিডিচ্যাম), বাংলা ইউনিভার্সাল সোসাইটিসহ ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোর এবং হাই কমিশনের কমর্কতারা।
এসবিএসের সভাপতি মো. সাহিদুজ্জামান বলেন, ‘সিঙ্গাপুরে কোন কিছু করতে হলে সরকারের অনুমতি নিয়ে করতে হয়। এখানে অন্য দেশের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ।’
এছাড়া বুধবার সন্ধ্যায় সুনলের অঞ্চলের ‘স্কেল ডরমেটরিতে’ প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন হাই কমিশনের শ্রম ও কল্যাণ বিভাগের কাউন্সিলর আয়শা সিদ্দিক শেলী এবং সাব্বির আহমেদ। এসময় তাদের সঙ্গে ছিলেন এসবিএসের সমাজ কল্যাণ সম্পাদক তাজুল ইসলাস ও ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন।
আয়শা সিদ্দিক শেলী বলেন, ‘আমরা চাই না সিঙ্গাপুরে কোন খারাপ কাজের জন্য পত্রিকার হেডলাইন হতে। কোন সভা সমিতি কিংবা প্রতিষ্ঠানের নামে এই দেশে তহবিল গঠন করা যায় না, এটা বেআইনি।’
এসময় ডরমেটরিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা জানান, তারা কোন ধরনের জঙ্গিবাদ সমর্থন করেন না।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
