২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমকালো আতশবাজিতে সিডনিতে বর্ষবরণ

ব্যয়বহুল আর জমকালো আতশবাজির প্রদর্শনীতে বর্ষবরণ করেছে অস্ট্রেলিয়ার সিডনিবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 09:31 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

পুরনো খবর:

সিডনিতে বৈশাখি মেলা হবে এএনজেড স্টেডিয়ামে
সিডনিতে হয়েছে ‘বাংলা মেলা’ 
সিডনিতে বিজয় দিবস উদযাপিত
সিডনিতে ‘এসো মেতে উঠি বিজয়ের আনন্দে ’
অস্ট্রেলিয়ার সিনেমা হলে ‘জালালের গল্প’
অস্ট্রেলিয়ার ‘রঙিন’ গোল্ড কোস্ট
ব্রিসবেনের বাঙালিরা 

পৃথিবীর সবচাইতে ‘ব্যয়বহুল’ এবং জমকালো আতশবাজির প্রদর্শনী দিয়ে সিডনিতে বর্ষবরণ হয়েছে। এই জমকালো আতশবাজির খেলা উপভোগ করতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে সিডনির অপেরা হারবারে নেমেছিল হাজারো মানুষের ঢল।

‘সিটি অব কালার’ স্লোগান সম্বলিত ফেস্টুন আর ব্যানার দিয়ে সাজানো হয়েছিল সিডনি শহরের বিভিন্ন এলাকাকে। বাস, ট্রেন এবং ফেরিতে দেওয়া হয় বিনা টিকেটে ভ্রমনের সুযোগ। আতশবাজির দৃশ্য ধারণের জন্য বিভিন্ন টেলিভিশনের ক্যামেরা পারসনরা অবস্থান নেন সুউচ্চ দালানগুলোর ছাদে আর হেলিকপ্টার টহলে ছিল শহরের আকাশে।

অস্ট্রেলিয়ার অনান্য অঞ্চলসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৫ লাখ লোকের জমায়েত এক অভূতপূর্ব আবহ তৈরি করে এই বর্ষবরণ অনুষ্ঠানে।

পনের মিনিট স্থায়ী আতশবাজির জন্য গত কয়েকদিন ধরেই প্রস্তুতি চলছিল। লাখো মানুষের উপস্থিতিতে তিন পর্বের এই আতশবাজি প্রদর্শনীর প্রথম পর্ব শুরু হয় রাত ৯ টায় ডারলিং হারবারে। তারপর ১০ টা ৪০ মিনিট এবং সর্বশেষ নতুন বছরকে স্বাগত জানিয়ে ১২টা ১ সেকেন্ডে। ১২টা বাজার ১০ সেকেন্ড আগে থেকে ‘কাউন্ট ডাউন’ শুরু হয়। ঠিক ১২টা ১ সেকেন্ডে আতশবাজির ঝলকানিতে মুখরিত হয়ে ওঠে সিডনির অপেরা হারবার এলাকা।

সিডনি হারবারে প্রায় তিন হাজার স্পিডবোট থেকেও দর্শকরা বর্ষবরণের আতশবাজি প্রদর্শনী উপভোগ করেন। যেকোন নাশকতা ঠেকাতে সিডনি হারবার ব্রিজ এবং অপেরা হাউজ সংলগ্ন এলাকায় অতিরিক্ত এক হাজার টহল পুলিশ মোতায়েন করা হয়। শহরে ঢোকা বাস ও ট্রেনগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়।

সিডনি শহর থেকে আধা কিলোমিটার দূরে ঘনবসতিপূর্ণ বাংলাদেশি অধ্যুষিত এলাকা ক্যাম্পবেল টাউন শহরে প্রতি বছরের মতো এবারও সিটি কাউন্সিলের উদ্যোগে রাত নয়টায় আতশবাজি ও গণসংগীতের মধ্য দিয়ে বছরকে বিদায় জানানো হয়।

আর মধ্যরাতে জমকালো আতশবাজির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। উভয় পর্বের আয়োজন হাজারো প্রবাসী সপরিবারে উপভোগ করেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com