সিডনিতে বিজয় দিবস উদযাপিত
রোববার বিকালে সিডনির ইঙ্গেলবার্ন কমিউনিটি হলে প্রবাসীদের সংগঠন ‘সিডনি-বাঙালি কমিউনিটি’ ‘এসো মেতে উঠি বিজয়ের আনন্দে’ স্লোগানে বিজয় দিবসের উৎসবের আয়োজন করে।
এই বিজয় উৎসব মূলত ছিল শিশু কিশোরদের মনে বাংলাদেশ নিয়ে নানা পরিবেশনায় সাজানো। বিজয় দিবসের এই অনুষ্ঠানসূচিতে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন, শিশু কিশোরদের পরিবেশনা এবং সিডনির প্রবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেনের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এরপর ‘কিশলয় কচিকাঁচা’র সমবেত সঙ্গীত, ছড়া নাচ এবং গানসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’-গানটির সঙ্গে একক নৃত্য পরিবেশন করে নুশাবা রহমান। তারপর কাম্পেলটাউন বাংলা স্কুলের ছোট বন্ধুদের ছড়া, গান ও নাচ উপস্থিতদেরকে মুগ্ধ করে।
তানিয়া ও তাসফিয়া সুরেলা কণ্ঠে একটি করে দেশের গান পরিবেশনায় দর্শকরা বাংলাকে যেন সুদূর পরবাসে খুঁজে পায়।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন নাসরিন আহমেদ, সুরভী ছন্দা এবং সাইফুর রহমান অপু।
গানের পর্বে সিডনির গানের দল ‘লাল-সবুজ’র পরিবেশিত গান ‘সবকটা জানালা খুলে দাও না’ এবং ‘যে মাটির বুকে ঘুমিয়ে’ গানগুলো উপস্থিত দর্শকদের সবার মনে দাগ কাটে। আরফিনা মিতা গেয়ে শোনান ‘এক নদী রক্ত পেরিয়ে’ এবং আতিক হেলাল গান ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ও সিডনিবেঙ্গলিজডটকমের সম্পাদক আবু তারিক জানান,
‘১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে আমাদের আত্মপ্রকাশের দিন। নতুন প্রজন্মের শিশু কিশোরদের মনে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেবার লক্ষ্যে ‘সিডনি-বাঙালি-কমিউনিটি’ অনেকদিন ধরে প্রবাসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নুতন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের বীরগাঁথা, ইতিহাস এবং দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই মূলত আমাদের এই আয়োজন।”
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সেলিমা বেগম।
