জার্মানিতে বড়দিন উৎসব
খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন আসন্ন৷ খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট এই দিনটিতেই জন্মগ্রহণ করেছিলেন৷
এই উপলক্ষ্যে প্রতিবারের মত এবারও সাজ সাজ পড়ে গিয়েছে জার্মানিতে৷ চারদিকে চলছে উৎসবের প্রস্তুতি৷ শীতের চাদর ভেদ করে ঝকঝকে আলোর মালা উজ্জ্বল করে তুলেছে রাস্তাঘাট, দোকান-পাট এবং অফিস-আদালত৷
এই উৎসবকে ঘিরে ছোট বড় সব শহরেই গড়ে উঠেছে বড়দিনের বাজার৷ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা ৷ বর্ণাঢ্য উপহার সামগ্রী ও লোভনীয় খাবার লেব কুখেন বা জিনজার ব্রেড, চকলেট, কেক, ভাজা বাদামের সুবাসে মেতে উঠেছে সারা এলাকা৷ আরও পাওয়া যায় জনপ্রিয় পানীয় গ্লুওয়াইন (মশলা মিশ্রিত গরম ওয়াইন)।
অনেক বাড়িতে কাচের জানলায় শোভা পাচ্ছে বর্ণিল আলোক সজ্জা, কাগজের তৈরি নানা রকম ছবি৷ জানালার বাইরে দেখা যায় লাল পোশাক পরা স্যান্টা ক্লজকে৷ তার থলিতে হয়তো রয়েছে বাচ্চাদের জন্য নানারকম লোভনীয় উপহার সামগ্রী৷ রান্নাঘর থেকে ভেসে আসছে লোভনীয় সুগন্ধ৷ বড়দিনের বিস্কুট আর কেকও বানানো শুরু হয়েছে৷
বড়দিনের আগের চার সপ্তাহে প্রতি রোববার একটি করে মোমবাতি জ্বালানো হয়৷ চারটা মোমবাতি জ্বালানো হয়ে গেলে বুঝতে হবে বড়দিন আসন্ন৷ এই সময় এক ধরনের আডভেন্ট ক্যালেন্ডার কিনতে পাওয়া যায় দোকানে কিংবা পরিবারের বড়রা নিজেরাই আডভেন্ট ক্যালেন্ডার তৈরি করে তার খোপে খোপে ছোটদের জন্য রেখে দেন বাদাম, ফল, চকলেট বা খেলনা৷ এক এক দিন এক একটা জিনিস পেয়ে বাচ্চাদের আনন্দ আর ধরে না!
এই সময় অনেকে ক্রিসমাস ট্রি কিনে আনেন, সাজিয়ে রাখেন নানা রঙের কাচের বল, ফুল, মোমবাতি, তারা এবং আরও অনেক কিছু দিয়ে৷ উপহার সামগ্রী ছড়িয়ে রাখেন গাছের নিচে৷ ছোটরা মনে করে স্যান্টা ক্লজ বুঝি রেখে গেছে এই সব উপহার৷
২৪ ডিসেম্বর রাতে পরিবারের সবাই মিলে পালন করেন ‘হাইলিগার আবেন্ড’ বা পবিত্র রাত৷ অনেকে এই দিনটিতে গির্জার প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন৷ এরপর বাড়িতে এসে উপহারের মোড়ক খোলা হয় ৷ বিশেষ
পরের দিন ২৫ শে ডিসেম্বর পর্যন্ত চলে এই আনন্দ উৎসব৷ সেদিনও থাকে আনন্দ উচ্ছ্বাস ও খাবার দাবারের সমারোহ ৷ নানা জায়গা থেকে আত্মীয় স্বজন আসেন বেড়াতে৷ বিশেষ করে প্রবীণরা ছেলেমেয়ে ও নাতি নাতনিকে কাছে পাওয়ার আশায় উন্মুখ হয়ে থাকেন৷ বড়দিন আসলে একটি পারিবারিক উৎসব জার্মানিতে৷
