মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের অয়োজনে পালন করা হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ।
শুক্রবার সকালে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন।
প্রধান অতিথি রাষ্ট্রদূত বলেন, “বর্তমানে পৃথিবীর ১৬০টি দেশে আমাদের প্রায় এক কোটি মানুষ কাজ করছে, যাদের মাধ্যমে ২৭ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স আসছে বাংলাদেশে। এতে করে দেশের বেকার সমস্যা দূর করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন প্রবাসীরা।”
অভিবাসনকে একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, “আমাদের দেশের লোকজন প্রধানত কর্মসংস্থানের জন্য বিদেশে যান। দেশের সীমানা এক ইঞ্চি বাড়ানো সম্ভব না হলেও কাজের মাধ্যমে আমরা সারাবিশ্বে স্থান করে নিতে পারি। এজন্য প্রয়োজন যোগ্যতা অর্জন ও কারিগরী কাজে পারদর্শী হওয়া।”
অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব ( শ্রম) টি কে এম মোশফেকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রোজেক্ট ম্যানেজার সাহরিন তুলাধর। আরও উপস্থিত ছিলেন মালদ্বীপের অভিবাসী ও বহিরাগমন বিভাগের আহমেদ ওয়াহিদ, আওয়ামী লীগ মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ডা: মো.মোমতাজুল হক এবং প্রবাসী বাংলাদেশিরা।
সবশেষে বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশীদের সাফ্যলের উপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
