২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে এমআরপি ‘সমস্যায়’ বাংলাদেশিরা

মালদ্বীপের প্রবাসীরা মেশিন রিডেবল পাসপোর্ট পাচ্ছেন ধীরগতিতে আর অবৈধভাবে বসবাসরতরা এমআরপির জন্য আবেদনই করতে পারবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 07:55 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

সব প্রবাসীর হাতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তুলে দেবার জন্য আর সাড়ে তিন মাস সময় বাকি থাকলেও মালদ্বীপে বসবাসরত অনেক বাঙালি এখনও পাননি এমআরপি। আর অবৈধভাবে বসবাসকারীরা আবশ্যিক কাগজ না থাকার কারণে এমআরপির জন্য আবেদনই করতে পারবেন না।

চলতি বছরের ২৪ নভেম্বরে পর থেকে আর হাতে লেখা পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা যাবে না।

বাংলাদেশ এবং মালদ্বীপ সরকারের কাছে সঠিক তথ্য না থাকায় ধারণা করা হয় সত্তর থেকে আশি হাজার বাংলাদেশি বসবাস করেন এই দ্বীপরাষ্টে। এদের মধ্যে মনে করা হয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার প্রবাসী অবৈধভাবে বসবাস করছেন। 

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা হেড অব চ্যান্সেরি মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, এখানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদেরকে আবশ্যিক কাগজপত্র না থাকার কারণে এমআরপি দেওয়া সম্ভব হবে না। 

তিনি আরও জানান, এখন পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে আবেদনকারী সাত হাজার প্রবাসীর হাতে এমআরপি তুলে দেওয়া হয়েছে।    

এই কর্মকর্তা জানান, গত বছরের ২৫ মে এমআরপির কার্যক্রম শুরু হবার পর থেকে দিনে গড়ে ত্রিশ থেকে চল্লিশটি পাসপোর্ট আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হত। কিছু সীমাবদ্ধতার কারণে দৈনিক এই সংখ্যা বাড়ানোর চেষ্টা তখন সম্ভব হয়নি।  

তবে, চলতি বছরের মার্চ মাস থেকে নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন এমআরপির জন্য লোকবল ও কারিগরি ব্যবস্থা বাড়িয়ে নেবার উদ্যোগ নেন। আগে কাজ হত একটি কাউন্টারে, আর এখন তিনটি কাউন্টারে কাজ হচ্ছে বলে জানান হেড অব চ্যান্সেরি মোহাম্মদ হারুন-অর-রশীদ।  

তিনি বলেন, “দিনে এখন দুইশ এমআরপির কাজ করা সম্ভব হচ্ছে।”

ছুটির দিনেও বিকাল তিনটা থেকে এমআরপি কার্জকর্ম চলছে বলে জানা গেছে। ইতোমধ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত এই দেশের প্রচার মাধ্যমে বাংলা ভাষায় এখনও যেসব প্রবাসীরা এমআরপির আবেদন করেননি, তাদের ২৪ নভেম্বরের আগেই আবেদন করার আহ্বান জানিয়েছেন।

দূতাবাস কর্মকর্তা হেড অব চ্যান্সেরি মোহাম্মদ হারুন-অর-রশীদ অবশ্য আশাবাদী যে বাকি সময়ের মধ্যে প্রায় সব আবেদনকারীর হাতে এমআরপি তুলে দিতে পারবেন।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com